রক্ষা পেল বাদুড়ছানাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্টু কাকের কবলে পড়ে প্রাণ যাচ্ছিল বাদুড়ছানাটির। কিন্তু একদল শিশুর চোখে পড়ে যায় ঘটনাটি। বাদুড়ছানাটি রক্ষা করে তারা কাকের হাত থেকে। ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারি শুক্রবার সকালে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের উকিলবাড়ি এলাকায়।কনকনে শীতের সকালে সদ্য উড়তে শেখা বাদুড়ছানাটি কোথাও থেকে উড়ে এসে বসে ধানখেতের পাশে। আশপাশ থেকে কাকেরা এসে হঠাৎই আক্রমণ করে এটিকে।বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র মো. একরাম (১২) বলে, ‘তখন খেতের পাশে বসে আমরা রোদ পোহাচ্ছিলাম। দেখলাম, কোত্থেকে উড়ে এসে পড়ল একটা বাদুড়ছানা। একে বাদুড়েরা ঠিকমতো দেখতে পায় না, তার ওপর ছানাটি তখনো ওড়া শেখেনি। কাকের হামলা থেকে নিস্তার পাওয়া কঠিন ছিল এটির পক্ষে। ছানাটিকে বাঁচাতে তাই এগিয়ে যাই আমরা।’ শিশুরা জানায়, বাদুড়ছানাটি মাটিতে এসে পড়ার পর কাকেরা হামলা করলে এটি উড়ে চলে যেতে চেষ্টা করে। কিন্তু কিছু দূর গিয়ে আবার পড়ে যায়। এরপর কাকেরা আবার ঘিরে ধরে ঠোকরাতে থাকে ছানাটিকে। শিশুরা তখন এটিকে উদ্ধার করে একটু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু তাতেও নিস্তার মেলেনি। কাকেরা হামলা চালায় সেখানেও। শিশুদের একজনের সাইকেল ছিল। শেষে সাইকেলে করে বাদুড়টিকে তারা বেশ দূরে একটি শিমখেতের ঝোপের আড়ালে ছেড়ে দিয়ে আসে। তবে এটুকুতেই দায়িত্ব শেষ হয়েছে এমনটা মনে করেনি শিশুরা। রীতিমতো কয়েক ঘণ্টা পালা করে পাহারাও দিয়েছে তারা ছানাটিকে। চতুর্থ শ্রেণীর রকিবুল বলে, ‘বাদুড়কে অনেকেই ভয় পায়, ঘৃণা করে। কিন্তু ছানাটিকে দেখে আমাদের খুব মায়া লেগেছে। তাই আমরা ওটাকে বাঁচিয়েছি।’