রক্ষা পেল বিরল প্রজাতির ইগলটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারিরা ফাঁদ পেতে ধরেছিল ইগলটিকে  প্রথম আলো
শিকারিরা ফাঁদ পেতে ধরেছিল ইগলটিকে প্রথম আলো

শিকারিরা ফাঁদ পেতে ধরেছিল ইগলটিকে। পাখিটি মেরে রান্না করে খাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু পরিবেশ সচেতন এক যুবকের তৎপরতায় বেঁচে যায় এটি। বিরল প্রজাতির এই ইগলটি সাপমারি ইগল বা শর্ট টোয়েড স্নেক ইগল বলে চিহ্নিত করেছেন প্রাণী বিশেষজ্ঞরা।
বান্দরবানের রাজবিলার জামছড়ি এলাকার বনাঞ্চলে পাখিটি ছেড়ে দেন উদ্ধারকারী যুবক মংখ্যাই মারমা ও তাঁর বন্ধুরা। মংখ্যাই জানান, সম্প্রতি রাজবিলা এলাকার বনাঞ্চলে পাখি শিকারিরা ফাঁদ পেতে ইগলটি ধরেন। পরে শিকারিরা পাখিটিকে মারার আগেই তিনি উদ্ধার করে নিয়ে আসেন। যুবক মংখ্যাই পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড চার্টের সাবেক সভাপতি রোনাল্ড হালদারকে জানালে তিনি এটিকে সাপমারি ইগল বলে শনাক্ত করেন।
রোনাল্ড হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে অনেকে চিল বললেও এটি আসলে ইগল। সাপ শিকারে পটু বলে এ প্রজাতিটিকে সাপমারি ইগল বলা হয়। চোখ অনেকটা হুতুম পেঁচার চোখের সঙ্গে মিল রয়েছে। ডানার শুরুর পালকগুলো হালকা বাদামি ও শেষ অংশেরগুলো কালচে রঙের। সাপ শিকারে দক্ষ হলেও সাপমারি ইগলের খাদ্য তালিকায় রয়েছে কাঠবিড়ালি, ইঁদুর, ছোট পাখি ও গিরগিটিজাতীয় প্রাণী। সাপমারি ইগলের বৈজ্ঞানিক নাম সারকাইটাস গ্যালিকাস (Circaetus gallicus)। পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার বলেন, সাপমারি ইগলরা সাধারণত চীন, নেপাল, ভুটান ও ভারতের হিমালয়ের কাছাকাছি পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। শীতকালে ওইসব স্থানের তাপমাত্রা কমে গেলে এরা বাংলাদেশসহ অপেক্ষাকৃত কম শীতের দেশে পাড়ি জমায়। শীত শেষ হলে আবার সেখানে চলে যায়। তবে এখন বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ায় আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এদের আসা কমে গেছে। সাপমারি ইগল বা শর্ট টোয়েড স্নেক ইগলরা সারা বিশ্বে এখনো বিপন্ন না হলেও প্রায় বিপন্ন হওয়ার কাছাকাছি।
পাখি বিশেষজ্ঞরা জানান, ছোট আঙুলের কারণে এই ইগলের ইংরেজি নামের সঙ্গে শর্ট টো শব্দটি যুক্ত হয়েছে। এই প্রজাতির পূর্ণবয়স্ক ইগল দুই ফুটের মতো লম্বা হয়। দুই ডানার বিস্তার করলে এদের দৈর্ঘ্য দাঁড়ায় পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে ছয় ফুট। ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হয়।
মংখ্যাই মারমাকে পাখিটি উদ্ধারে সহায়তা করেছেন তাঁর বন্ধু চাইন চাইন মারমা ও সিয়ং খুমি। তাঁরা বলেন, প্রাণীবিদ রোনাল্ড হালদারের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা ইগলটি শিকারিদের কাছ থেকে উদ্ধার করেন। বিরল এই পাখিটি উদ্ধার করতে পেরে খুব খুশি তাঁরা।