রক্ষা পেল মেছো বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে বাদামি রং, তার ওপর কালো কালো ছোপ। লম্বায় প্রায় দেড় ফুট। লেজের দৈর্ঘ্যও এক ফুটের কাছাকাছি। গৃহস্তবাড়ির পুকুরের ধার ঘেঁষে একটি গাছে উঠেছিল মাছ ধরার আশায়। কিন্তু তার আগেই গ্রামবাসীর হাতে ধরা পড়ে মেছো বাঘটি। সদয় গ্রামবাসী মেছো বাঘটিকে না মেরে তুলে দিয়েছেন বন বিভাগের হাতে। পরে বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ায়। কান্তরপাড়ার জিয়াউল হক চেয়ারম্যানের বাড়ি থেকে গ্রামবাসী এই মেছো বাঘ আটক করেন ১০ ফেব্রুয়ারি। জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় মো. ফারুক, নজরুল কবির, মো. ইসমাইল, মো. জহিরসহ গ্রামের বেশ কয়েকজন তরুণ বাঘটিকে একটি গাছে বসে থাকতে দেখেন। ডানপিটে তরুণের দল বাঘটিকে ধরার জন্য গাছে উঠলে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চারপাশ থেকে লোকজন এসে বাঘটি আটক করেন।গ্রামবাসী বাঘটি ধরার পর বন বিভাগে খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. এনামুল হক। গত রবিবার বাঘটিকে মাদার্শা এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জলাশয় কমে যাওয়ায় এ ধরনের বাঘের আবাসস্থল কমে যাচ্ছে। খাদ্যের সন্ধানে বসতবাড়িতে চলে আসতে বাধ্য হচ্ছে।’