রক্ষাদেয়াল না থাকায় সরে যাচ্ছে সড়কের মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে রক্ষাদেয়াল না থাকায় মাটি সরে যাচ্ছে। এর ফলে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মে মাস এই সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের।বিভিন্ন যানবাহনের চালক জানান, পর্যটন মৌসুমে এই রাস্তায় যানবাহন বেড়ে যায়। তখন রাত-দিন সমান ব্যস্ত থাকে এই সড়ক। রাতের বেলায় যাত্রীবাহী বহু গাড়ি এই পথে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া ১৯৯৫ সালে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যচুক্তির পর এ সড়কে পণ্যবাহী গাড়ির চলাচল কয়েক গুণ বেড়েছে। এসব পণ্যবাহী গাড়িও দুর্ঘটনার শিকার হচ্ছে। ঘন ঘন দুর্ঘটনার কারণে অপ্রত্যাশিত যানজটও সৃষ্টি হচ্ছে এই সড়কে। সত্তরের দশকে নির্মিত এই সড়কটি সর্বশেষ দুই বছর আগে সংস্কার করা হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের বেশির ভাগ অংশেই মাটি সরে গেছে। এর ফলে ভেঙে যাচ্ছে রাস্তার কিনারা। রাস্তার পাশে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে মাঝেমধ্যে যানবাহন রাস্তার পাশে খাদে পড়ে যায় বলে জানান সড়কের পাশে বসবাসকারী বাসিন্দারা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৪৩ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ হলেও সড়কের পাশে রক্ষাদেয়াল তৈরির কাজ হয়নি। এর ফলে সড়ক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।গত ৩০ এপ্রিল সোমবার সড়কের উখিয়া অংশে জিপ উল্টে দুজন নিহত এবং ১৫ জন আহত হন। ২৬ মার্চ সোমবার কক্সবাজার-চট্টগ্রাম সড়কের ঈদগাঁও এলাকায় ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা হাইস্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন শিক্ষার্থী আহত হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া পর্যটক জেটিঘাট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন আহত হয়েছে। গত বছর ২৮ ডিসেম্বর বুধবার উপজেলার ফাঁসিয়াখালি এলাকায় একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরও ২০ জন আহত হন।এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সড়কের দুপাশে মাটি না থাকার কারণে একটি গাড়ি অপর গাড়িকে পাশ কাটাতে গিয়ে খাদে পড়ছে। এ ধরনের দুর্ঘটনায় গত ছয় মাসে ১৩ জন মারা গেছেন।’ টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী সাইফুল করিম ও আবুল হাশেম বলেন, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। সরকার প্রতিবছর এ বন্দর দিয়ে ৭০ থেকে ৮০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে আসছে। সে অনুপাতে এ সড়কের তেমন কোনো উন্নতি চোখে পড়ে না। সড়কটি দুই লেনে উন্নীত করা হলে ব্যবসার পাশাপাশি পর্যটন খাতে অগ্রগতি আসবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘গত ছয় মাসে মহাসড়কে ১৩ জন নিহত ও আরও প্রায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সড়কটির পাশে ২৫ থেকে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী হেঁটে যাওয়া-আসা করে। অথচ সড়কের দুই পাশে হাঁটার কোনো জায়গা নেই।সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সড়কের উভয় পাশে রক্ষাদেয়াল না থাকায় মাটি সরে যাচ্ছে। এ কারণে খাদে পড়ে বহু যানবাহন দুর্ঘটনা কবলিত হয়েছে। প্রায় দুই বছর আগে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান সংস্কার করা হয়। তখন ওই প্রকল্পে সড়কের দুই পাশ অন্তর্ভুক্ত ছিল না। জুন মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে রক্ষাদেয়াল নির্মাণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে বিভিন্ন স্থানে ঢালাই দেওয়া হবে।