রক্ষাদেয়াল নেই, মাটি সরে ধসে যাচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষাদেয়াল না থাকায় মাটি সরে ধসে যাচ্ছে হাফেজ বজলুর রহমান সড়কের বেশির ভাগ অংশ। কিছু স্থানে সড়কের চিহ্নই নেই। কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া পর্যন্ত নেই। রিকশা কিংবা অটোরিকশা চলাচলের সময় ওই সব স্থানে যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়। সড়কের এ দুরবস্থার কারণে চলাচলকারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ছাড়া প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয় লোকজন জানায়, রাউজানের মহামুনি ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচল এ সড়ক দিয়ে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১৯৮৬ সালে সড়কটি পাকা করে। কিন্তু তখন সড়কের দুই পাশে রক্ষাদেয়াল নির্মাণ করা হয়নি। এতে সড়ক থেকে মাটি আলগা হয়ে ভেঙে পড়ছে। এ বর্ষায় সড়ক যানবাহন চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় লোকজনের।সরেজমিনে গিয়ে দেখা যায়, রাউজানের পাহাড়তলী থেকে মধ্যবেতাগী গ্রামের কর্ণফুলী নদীর তীর পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশ ভাঙা। প্রায় ১৭টি স্থানে তলার মাটি সরে গিয়ে সড়ক ভেঙে পড়েছে।সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় গর্তও, যার ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান জানান, সড়কটির বর্তমান অবস্থা খুুবই নাজুক। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে গিয়েও প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।গত এক বছরে সড়কে ১৭০টিরও বেশি দুর্ঘটনায় সাতজন নিহত ও তিন শতাধিক ব্যক্তি পঙ্গু হয়েছে।বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বলেন, সড়ক পাকা হওয়ার পর যাত্রী নিয়ে জিপ, মাইক্রোবাস, টেম্পো চলাচল করত। ট্রাকেও পণ্য পরিবহন করতেন ব্যবসায়ীরা। কিন্তু বর্তমানে সড়কটির বেহালদশার কারণে ইউনিয়নের সর্বত্র ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে।বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী বলেন, ‘সড়কটি পাকা করার পর সড়ক ও জনপথ বিভাগ আর কোনো রক্ষণাবেক্ষণ করেনি। ১০ বছর ধরে সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। সড়কটি সংস্কারের জন্য রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের দপ্তরে একাধিকবার প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে সওজ বিভাগের চট্টগ্রাম জেলার উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ‘সড়কটি মেরামতের জন্য আরও এক বছর আগে ব্যয় নির্ধারণ করে প্রতিবেদন দেওয়া হয়েছে, যা এখন বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই সড়কের মেরামতকাজ দ্রুত করা হবে।’