
টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রক্ষাদেয়াল না থাকায় সরে যাচ্ছে মাটি। কিছু স্থানে মাটি সরে ভেঙে পড়ছে পিচঢালাই। ফলে ৮৯ কিলোমিটারের এই সড়কে এখন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, উখিয়ার কলেজ গেট, টেলিভিশন টাওয়ার এলাকা, রাবেতা হাসপাতাল, পালংখালী, টেকনাফের বরইতলী, জাদীমুরা, লেদা, খারাংখালী, মিনা বাজার, ওয়াব্রাং রাস্তার মাথা, হ্নীলা বাজার, খারাংখালী, নয়াবাজার স্কুল মোড়, ঊনচিপ্রাং রাস্তার মাথা, হোয়াক্যং পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশ ও কাটাখালী এলাকায় সড়কের পাশের মাটি সরে গেছে। এসব স্থানে পাশাপাশি দুটি গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
যানবাহনচালকেরা জানান, সড়কের বেশ কয়েকটি স্থানে রাতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হয়। অন্যথায় গাড়ি খাদে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এর মধ্যে উখিয়ার কলেজ গেট, পালংখালী ও টেকনাফের বরইতলী, হ্নীলা বাজার, নয়াবাজার স্কুল মোড় ও ঊনচিপ্রাং এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। এসব স্থানে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। আবার পাশ কাটাতে গিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষও হয়েছে বেশ কয়েকবার।
টেকনাফের উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, বর্তমানে সড়কটির বেশির ভাগ স্থানে দুই পাশে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা উন্নয়ন সভায় প্রস্তাব করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, পর্যটন মৌসুমে এই সড়কে যানবাহন চলাচল বেড়ে যায়। তখন রাত-দিন সমান ব্যস্ত থাকে সড়ক। রাতে যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া ১৯৯৫ সালে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যচুক্তির পর এ সড়কে পণ্যবাহী গাড়ির চলাচল কয়েক গুণ বেড়েছে। এসব পণ্যবাহী গাড়িও দুর্ঘটনার শিকার হচ্ছে। সত্তরের দশকে নির্মিত এই সড়কটি সর্বশেষ ২০১৩ সালে ২১ কোটি টাকার ব্যয়ে সংস্কার করা হলেও পাশে রক্ষাদেয়াল তৈরির জন্য বরাদ্দ ছিল না।
পুলিশ ও যানবাহন মালিক সমিতির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই সড়কের উখিয়া ও টেকনাফে পাঁচটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এর মধ্যে গত ১১ মে উখিয়ার রাবেতা হাসপাতালের সামনে বর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ২৮ জন আহত হন। ১৫ মার্চ টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর সেতুর কাছাকাছি এলাকায় মাইক্রোবাস-মাহিন্দ্রা মুখোমুখি সংর্ঘষে পাঁচজন নিহত ও আহত হয় ২৩ জন। ১২ ফেব্রুয়ারি উখিয়া কলেজসংলগ্ন এলাকায় জিপ উল্টে দুজন নিহত ও ১৫ জন আহত হয়। ২৬ ফেব্রুয়ারি টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হন। ৫ জানুয়ারি উখিয়ার পালংখালী এলাকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন।
স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলম বলেন, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। সরকার প্রতিবছর এ বন্দর দিয়ে ৭০ থেকে ৮০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে আসছে। সে অনুপাতে এ সড়কের তেমন কোনো উন্নতি হচ্ছে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ছয় মাসে দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে। সড়কটির পাশে ২৫ থেকে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে হেঁটে যাওয়া-আসা করে। অথচ সড়কের দুই পাশে হাঁটার কোনো জায়গা নেই।
সড়ক ও জনপথ বিভাগের উখিয়ার উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে টেকনাফে) পলাশ চাকমা বলেন, সড়কের উভয় পাশে রক্ষাদেয়াল না থাকায় মাটি সরে যাচ্ছে। এ কারণে খাদে পড়ে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে রক্ষাদেয়াল নির্মাণ বরাদ্দ পাওয়া গেলে ঢালাই দেওয়া হবে।