রখফারের এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রখফার সুলতানা খানম l ছবি: কবির হোসেন
রখফার সুলতানা খানম l ছবি: কবির হোসেন

পুলিশ হব, এমন স্বপ্ন আমার কখনো ছিল না। কিন্তু এখন আমি পুলিশের চাকরিটাই আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করি। ১৯৯৭ সালে বিসিএস পরীক্ষায় অংশ নিই। প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার। কিন্তু ভাইভা বোর্ডের সদস্যরা কেন জানি আমাকে পুলিশ হওয়ার জন্য উৎসাহিত করলেন। তাঁরাই আমাকে পুলিশ ক্যাডারের জন্য নির্বাচিত করেন। গত মাসে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নিজের কার্যালয়ে বসে কথাগুলো বলেন রখফার সুলতানা খানম। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন)। ১৯৯৯ সালের জানুয়ারিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন রখফার সুলতানা।
২০০০ সালে গাজীপুরে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করার সময় রখফার সুলতানা ন্যাশনাল প্যারেডে মেয়েদের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। ২০০১ সালে পুলিশ সপ্তাহের প্যারেডে প্রথমে তাঁকে মেয়েদের কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব দেওয়া হলেও পরবর্তী সময়ে ফার্স্ট কন্টিনজেন্ট (এপিবিএন) কমান্ডারের দায়িত্ব পালন করেন। পুলিশ সপ্তাহে ১ নম্বর কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা সেটাই ছিল প্রথম।
এরপর রখফার বদলি হয়ে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি)। এখানে দায়িত্ব পালনের সময় তাঁকে বিভিন্ন অভিযানে যেতে হতো। রখফার বললেন, ‘সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাকারবারি, অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের ধরার জন্য আমরা ওত পেতে থাকতাম। একবার ডেমরায় অস্ত্র ধরার অভিযানে গেলাম। সেখানে অস্ত্রসহ একজনকে আটক করলাম। সাধারণত এমন ঘটনায় কয়েকজনকে পাওয়া যায়, যারা প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেয়। কিন্তু সেদিন কেউ সাক্ষ্য দিচ্ছিল না। বুঝলাম, নারী দেখে কেউ সাক্ষ্য দিতে আসছে না। তারা বুঝতে পারেনি যে আমি পুলিশ। অবশ্য বোঝার পর সাক্ষীদের পেয়ে যাই। এ অভিযানে সাফল্যের জন্য কমিশনার আমাকে ১০ হাজার টাকা পুরস্কার দেন। এই পুরস্কার আমাকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।’
আরেকবার রখফার খবর পান, মিরপুরে এক পোশাককর্মীকে ধর্ষণের পর খুন করে তাঁর লাশ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বলতে থাকেন সেই অভিযানের কথা: ‘চলে যাই ওই ধর্ষক ও হত্যাকারীকে ধরার জন্য। সে সময় আমি অন্তঃসত্ত্বা। রাত সাড়ে ১২টার সময় ওই অভিযানে গিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো শরীরের এই অবস্থায় আমার এখানে আসাটা কি ঠিক হয়েছে? পরমুহূর্তেই মনে হলো, না, আমি একজন পুলিশ এবং এটা আমার দায়িত্ব।’
এগিয়ে চলে রখফারের পথচলা। এরপর তিনি ডিএমপির বিভিন্ন ইউনিটে কাজ করেন। তৎকালীন ডিসি (সদর দপ্তর) মৌখিকভাবে প্রথম ডিএমপির সহকারী কমিশনারের দায়িত্ব রখফারকে দিয়েছিলেন। এরপর প্রেষণে গেলেন তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ে, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডের ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বটা ছিল একটি প্রকল্পের আওতায়। প্রকল্প শেষ হওয়ার পর পুলিশ সদর দপ্তরে ফিরে আসেন রখফার। এরপর পদোন্নতি হয় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে। কর্মস্থল ছিল পুলিশ স্টাফ কলেজ। সেখান থেকে বদলি হলেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) ২০০৭ সালে। সেখানে ছিলেন সাড়ে তিন বছর।
২০১০ সাল রখফারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই বছর ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতে পাঠানো হয় তাঁকে। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ পুলিশের নারী দলের কমান্ডার ছিলেন। রখফার বলেন, ‘যখন আমাকে হাইতি পাঠানোর সিদ্ধান্ত হয়, তখন একদিকে দেশের প্রতি দায়িত্ববোধ, অন্যদিকে সংসার-সন্তান প্রতিপালনের দায়িত্ব—মনের মধ্যে এ দুটো নিয়ে খুব দ্বন্দ্ব হচ্ছিল। আবেগ না যুক্তিকে প্রশ্রয় দেব, তা নিয়ে মনে মনে অনেক লড়াই করেছি। যুক্তি ছিল, কমান্ডার হিসেবে এত বড় দায়িত্ব নিয়ে কেউ যেতে চাইছিলেন না। অবস্থাটা এমন যে আমি যদি না যাই, আমার ভয় হচ্ছিল, বাংলাদেশ বোধ হয় জাতিসংঘে নারী পুলিশ পাঠানোর ক্ষেত্রে আরও বহু বছর পিছিয়ে যাবে। স্বামীর কাছে জানতে চাইলাম যাব কি যাব না? স্বামী হ্যাঁ না কিছুই বলেননি। পরে জয় হলো যুক্তির। মন শক্ত করে যাওয়ার জন্য তৈরি হলাম।’
রখফার সুলতানা ২০১০ সালের ১৫ মে ১৬০ জন নারী পুলিশের দল নিয়ে হাইতিতে যান। সেখানে তাঁদের রাত-দিন দায়িত্ব পালন করতে হয়েছে। নারী নয়, শান্তিরক্ষী হিসেবেই সেখানে দায়িত্ব পালন করেছেন। তাঁদের কাজ ছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং ভূমিকম্পের কারণে ঘরহারা মানুষদের, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া দেশটির সাধারণ নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন তাঁরা। বছর খানেক পর ১৬০ জনের ওই দলটি নিয়ে দেশে ফিরে আসেন। এর কিছুদিন পর পদোন্নতি পেয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) হিসেবে পুলিশ সদর দপ্তরে যোগদান করেন। এর মধ্যে হাইতিতে প্রশংসনীয় ভূমিকার জন্য প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান।
পুলিশে চাকরি করার ব্যাপারে পরিবার থেকে বাধা পেয়েছেন কি না! প্রশ্নের উত্তরে রখফার বলেন, ‘না, পরিবার থেকে কখনো কোনো বাধা পাইনি। বিয়ের পর আমার পুলিশে চাকরি হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউই আমার এ চাকরির ব্যাপারে আপত্তি করেননি। বরং সবাই আমাকে উৎসাহিত করেছেন।’
১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন রখফার সুলতানা। পরের বছরই বিয়ে। রখফারের স্বামী এস এম অালমগীর হাসান একজন ব্যাংকার। এই দম্পতির দুই মেয়ে—লামিয়া আলমগীরের বয়স ১৪ আর লাবিবা আলমগীরের বয়স ৯ বছর।
রখফার মনে করেন, পরিবারের সহযোগিতা পেলে নারীরা সব বাধা জয় করতে পারেন।