সময়টা ১৯৯৭-৯৮ হবে। ঢাকায় জিগাতলার দিকে বিডিআর গেটের পাশেই ছিল একটা ফ্যাশন হাউস। নাম রঙ। একই সময়ে পত্রপত্রিকায় আরেক রঙের দেখা মিলত। তবে সেটি লেখা হতো এভাবে—‘রঙ (নারায়ণগঞ্জ)’। ওটাও ফ্যাশন হাউস, ঠিকানা: সান্ত্বনা মার্কেট, চাষাঢ়া, নারায়ণগঞ্জ। উজ্জ্বল রঙের সব পোশাকের ছবি ছাপা হতো ঢাকার বাইরের এ ফ্যাশন হাউসের নামে। বছরখানেকের মধ্যেই ব্র্যাকেটটা উঠে যায়। বিডিআর গেটের রঙ তত দিনে বন্ধ হলেও নারায়ণগঞ্জের সেই রঙের বিজয়রথ এগিয়ে চলতে থাকে। নারায়ণগঞ্জ তো বটেই, ঢাকা শহরেও রঙ এখন এক নামে পরিচিত। মোট ১০টা শাখা। রঙ নামের সঙ্গে সঙ্গেই আসে আরেক নাম—বিপ্লব সাহা। ঢাকা শহরে রমরমা ব্যবসা করার পরও থাকেন নারায়ণগঞ্জে। রঙের কারখানা, প্রধান কার্যালয়—সবই একসময়ের প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাত এই বাণিজ্যনগরে।সফল ফ্যাশন ডিজাইনার না সফল ফ্যাশন উদ্যোক্তা—বিপ্লব সাহার ক্ষেত্রে কোন পরিচয়টা বড়? আমাদের এই সময়ের দেশি ফ্যাশনে রঙের যে বিস্তার, তা দেখলে উদ্যোক্তার পরিচয়টাই এগিয়ে থাকে। আবার রঙের কাপড়ের রঙের যে বৈচিত্র্য, যে ঔজ্জ্বল্য; তা দেখে বিপ্লবের নকশাকার পরিচয়টাকেও পিছিয়ে রাখা যায় না।একের মধ্যে বিপ্লবের এই দুই পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে রীতিমতো প্রথম শ্রেণী পাওয়া স্নাতকোত্তর ডিগ্রিধারী। ‘১৯৯৪ সাল। চারুকলায় পড়তাম তখন। আগে থেকেই বিয়ের আলপনা আঁকতাম, হলুদ ও বিয়ের মঞ্চ বানাতাম। এমনকি কনেও সাজাতাম। তখন চিন্তা এল বিয়ের এসব কাজ বাণিজ্যিকভাবেও তো করা যায়!’বিপ্লবের সঙ্গী হলেন বন্ধু মামুন আল কবির। নারায়ণগঞ্জ শহরে তখন দোকান পাওয়া কঠিন। চাষাঢ়া মোড়ে নতুন স্থাপনা সান্ত্বনা মার্কেট। কিন্তু ভাড়া হয় না, খালি। সেটার নিচতলায় ১০০ বর্গফুটের দোকান নিয়ে ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর চালু হলো ‘রঙ—চারুকারু কেন্দ্র’। ভাড়া এক হাজার টাকা। ব্যবসার অংশীদার হিসেবে এলেন আরও দুই বন্ধু জাকিরুল হায়দার আর চারুকলার ছাত্র সৌমিক দাশ। সবাই নারায়ণগঞ্জের। পাটি বিছিয়ে শুরু হলো দোকানের কাজ। সারা দিন জাকিরুল আর মামুন দোকান সামলান, চারুকলার ক্লাস শেষ করে বিকেলে এসে হাল ধরেন বিপ্লব আর সৌমিক। বিপ্লব আঁকাআঁকির কাজ করেন সন্ধ্যার পর, কখনো বা রাত জেগে জেগে। এরই মধ্যে বিপ্লব স্থানীয় চারুকলা শিক্ষাকেন্দ্র চিত্রকলা নিকেতনে ছবি আঁকার শিক্ষক হিসেবে কাজ করা শুরু করেন। সেই স্কুলের শিক্ষার্থীদের জন্য ছবি আঁকার নানা সরঞ্জামও রাখতে শুরু করলেন রঙে। কিছুদিন পর বন্ধু জাকিরুলের ভাবি, টাইডাই করা শাড়ি দিলেন কয়েকটা। ‘বিক্রি হলে দাম দেব। এমনই ছিল শর্ত। পলিথিনের মোড়কে করে শাড়ি রাখতাম পাটির ওপর। ভালো সাড়া পেলাম। আরও পোশাক আনা শুরু করলাম। চারুকলার অনেক বন্ধু তখন সহায়তা করল। ১৯৯৬ সালে প্রথমবারের মতো ঈদে পাঞ্জাবি নামালাম। সকালে মালিবাগ থেকে পাঞ্জাবি আনতাম। সারা দিন বিক্রি করে পরদিন আবার যেতাম পাঞ্জাবি আনতে। ঈদে ব্যবসাটা বেশ ভালো হলো।’ বললেন বিপ্লব।এরপর বিপ্লব প্রাইডের শাড়ি আর থান কাপড় ঢাকা থেকে আনতে থাকলেন। এভাবেই বিপ্লবদের রঙ এগিয়ে যেতে থাকে। ‘একটা সময় ঢাকা থেকে ক্রেতারা আসতে থাকেন। ২০০১ সালে আমরা ঢাকায় কনকর্ড টুইন টাওয়ারে শাখা চালু করি।’ এরপর আর পেছন ফিরে তাকাতে হয় না বিপ্লব সাহাকে। গত বছর দেশি ফ্যাশনের দারুণ এক উদ্যোগ দেশি দশেরও শরিক হয়েছে রঙ। দেশের বিনোদনজগতের প্রায় সব তারকাই গায়ে চড়িয়েছেন রঙের পোশাক, হয়েছেন মডেল। অংশীদারদের মধ্যে দুজন এখন চলে গেছেন প্রবাসে। বিপ্লবের সঙ্গে আছেন সৌমিক দাশ। রঙের পুরো হিসাব-নিকাশ তাঁর নিয়ন্ত্রণে।পোশাকের ডিজাইন, কাপড়ের উপকরণ, কাপড় তৈরি তাঁতিদের সঙ্গে যোগাযোগ—সব সামলান বিপ্লব সাহা। সান্ত্বনা মার্কেটের সেই ১০০ বর্গফুটের দোকানটা আজ নেই। তবে দোতলা-তেতলা জুড়ে আছে রঙের বিরাট দোকান। কাছাকাছি দুটি দালানে রঙের কারখানা আর কার্যালয়। চারজন কর্মীর রঙে আজ বেতনভুক কর্মীর সংখ্যা ৫০০। তাঁতি ছাড়াই আরও চার হাজার কর্মী জড়িত রঙের সঙ্গে।১৯৭১ সালের ১ ডিসেম্বর সোনাধন চন্দ্র সাহা ও ঊষা রানী সাহার ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট বিপ্লবের জন্ম হয়। নারায়ণগঞ্জেই বেড়ে ওঠা তাঁর। বিয়ে করেছেন ২০০৫ সালে, শম্পা সাহাকে। ছেলে সম্পদ সাহার বয়স ১৮ মাস।‘আমি সবকিছুকেই রঙিন দেখতে পছন্দ করি। জীবনকে রঙিন দেখতে চাই।’ তাই তো রঙের স্লোগান—‘আমরা জীবনকে রাঙিয়ে তুলি’। ‘আমি ছবি আঁকার সময় কখনো ধূসর বা ওপেক রং ব্যবহার করি না। সরাসরি উজ্জ্বল রংই ব্যবহার করি। সেটাই চলে আসে পোশাকে।’ বিপ্লব সাহার রঙিন জগতের এক নমুনা দেখা গেছে গত বছর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত রংধনু প্রদর্শনীতে। রঙের দেড় দশক উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে জীবনের নানা ক্ষেত্রের রংগুলোকে তুলে ধরা হয়েছে।উজ্জ্বল রংগুলোকেই পোশাকে তুলে আনেন বিপ্লব সাহা। রং তাঁর কর্মকে রাঙিয়ে দেয়। আর মর্মে তো বাজেই।