রঙিন উত্সবে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখগুলো রঙিন, শরীরে লাল, নীল, হলুদ নানা রঙের ছাপ, কাউকে চেনার উপায় নেই। হাতে রংভর্তি পাত্র নিয়ে এদিক-ওদিক ছুটছেন সবাই। উদ্দেশ্য প্রিয় বন্ধুটিকে রঙিন করা। চারদিকে যেন রঙের উত্সব চলছে। সঙ্গে ডিস্ক জকির (ডিজে) গানের চলছে এলোপাতাড়ি নাচ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা ১৪ থেকে ১৬ মে তিন দিনব্যাপী এমন রঙিন উত্সবে মেতে উঠেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে এমন আনন্দযজ্ঞ।
১৪ মে বুধবার সকালে ঢোলের শব্দে ঘুম থেকে উঠে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায়। একে একে হাজির হন ক্যাম্পাসের সব শিক্ষার্থী। বেলা ১১টায় সবার উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. হযরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের প্রধান মো. আব্দুল ওয়াজেদ এবং স্থাপত্য বিভাগের প্রধান মো. মইনুল ইসলাম প্রমুখ। গোলচত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে একই রকম টি-শার্ট পরা একদল শিক্ষার্থী আগে থেকেই প্রস্তুত ছিল। কেক কাটার ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা শুরু করেন ফ্ল্যাশমব নাচ। মাঠের চারপাশে রাখা ছিল ড্রামভর্তি রং। ফ্ল্যাশমব শেষে ডিজে গানের সঙ্গে চলতে থাকে রং খেলা। এদিন অন্যান্য আয়োজনের মধ্যে ছিল রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। পরদিন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরের উদ্দেশে যাত্রা করে শিক্ষার্থীরা। নগরের ওয়াসার মোড় থেকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কার্যালয় পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। পরে আইইবিতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন ও আয়োজক কমিটির আহবায়ক মো. আব্দুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল শেষ দিন শুক্রবার। এদিন আয়োজন করা হয় কনসার্টের। এতে গান পরিবেশন করে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল ওয়ারফেজ, শিরোনামহীন ও অর্থহীন।