রঙিন ক্যাম্পাসে উৎসবের দিনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটি ছিল ৫ সেপ্টেম্বর। উৎসবমুখর ক্যাম্পাস। চারদিকে রঙিন সাজ। ঢাকঢোল, বাঁশি আর ভুভুজেলার ধ্বনি। এ এক অন্য পরিবেশ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনে। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এরপর বের হয় আনন্দ শোভাযাত্রা। ঢাকঢোলের তালে তালে নেচেগেয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কেন্দ্রীয় মিলনায়তন থেকে শুরু করে সুফিয়া কামাল হল হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশে প্রকৌশল ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে বিশ্বমানের প্রকৌশলী তৈরি এবং মানব কল্যাণে কাজ করাই চুয়েটের লক্ষ্য ও উদ্দেশ্য। নানা প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে দিনটি উদ্যাপনে পিছিয়ে ছিল না চুয়েটের সাংস্কৃতিক সংগঠনগুলোও। পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের আয়োজনে ছিল রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবসে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংগঠনের সভাপতি মো. সাহান শাহ বলেন, ‘১৯৬৮ সালে ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বিআইটির পর ২০০৩ সালের ১ সেপ্টেম্বর আমরা প্রাণপ্রিয় চুয়েটকে পেয়েছি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তাই বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনের আনন্দে ক্যাম্পাস মাতোয়ারা।’সন্ধ্যায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল চুয়েটের ডিবেটিং সোসাইটির আয়োজনে জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের সৃষ্টি ও সত্তা নিয়ে অন্য রকম বিতর্ক। বিতর্কের ফাঁকে হুমায়ূন আহমেদের সৃষ্টি বাকের ভাই, হিমু, রূপা ও শুভ্র চরিত্রকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। এসব চরিত্রে অভিনয় করেন মাহী, স্নিগ্ধ ও প্রতীক আর হুমায়ূন আহমেদের প্রতীকী চরিত্রে ছিলেন পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির কর্মীরা মাতিয়ে রাখেন শিক্ষার্থীদের। তাঁদের পরিবেশনা শুরু হয় প্রথম বর্ষের শুভ্রের গাওয়া ‘ব্যস্ত শহর’ গানে দিয়ে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল তাজমুলের পরিচালনায় মূকাভিনয়—‘বৃক্ষ নেই, জীবন নেই’। এরপর দেখানো হয় চুয়েটের প্রতিষ্ঠাকাল থেকে নীরব সারথি দোকানদার কাশেম, রূপম, চুয়েট বাসের চালক মুজিবের জীবনাচার নিয়ে স্বল্পদৈর্ঘের প্রামাণ্যচিত্র। এ ছাড়া অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বৃষ্টি, নাইমা, আলভিনা, মনি, নিঝুম, পার্থ, মীম, শুভ ও নাহিয়ানরা। অবশেষে টিপুর গাওয়া গানের মাধ্যমে শেষ হয় স্বপ্নময় দিনটি।