রঙিন চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত সেজেছে, পা সেজেছে, এবার সাজুক চোখ। এক রঙে নয়, বরং নানা রঙে বাহারি ঢঙে এবার রোদকে জয় করুন রোদচশমায়।অদল-বদলের ফ্যাশনে আপনার চোখ সাজাতে নিজেই রঙিন সাজে সেজেছে এখনকার রোদচশমাগুলো। ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, রোদের তীব্রতা থেকে চোখকে বাঁচানোর পাশাপাশি এখন ফ্যাশনেও বিভিন্ন আকৃতির ও বর্ণিল রোদচশমা বেশ জনপ্রিয়। দেশীয় ও পাশ্চাত্য সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায় এখনকার বড় ফ্রেমের রোদচশমা। ব্যক্তিত্ব, চুলের রং, মুখের আকৃতি, ফ্যাশন বুঝে রোদচশমা পরলে রুচিশীলতা ফুটে ওঠে। বাজারে বিভিন্ন আকৃতি ও রঙের রোদচশমা পাওয়া যাচ্ছে। ডিম্বাকৃতি, গোলাকার, ষড়ভুজ, আয়তাকারসহ প্রায় সব ক্ষেত্রেই আগের চেয়ে বড় ফ্রেমের প্রচলন দেখা যাচ্ছে। এ ছাড়া কালো আর বাদামি বা কফির সঙ্গে যোগ হয়েছে নীল, সবুজ, লাল, গোলাপি, বেগুনি প্রভৃতি রং। বদলে দিন আপনার রোদচশমাটি কোনো সবুজাভ বা নীলাভ রঙে, যেমনটি করেছেন মডেল-অভিনেত্রী সারিকা। বড় ফ্রেমের রোদচশমা খুব প্রিয় তাঁর। মেরুন ও সবুজাভ—এ দুটি রং বেশি পছন্দ। গুচি, সিকে, রেব্যান—এসব ব্র্যান্ডের যেকোনো বড় ফ্রেমের রোদচশমা তিনি ব্যবহার করেন প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই। রোদচশমা নির্বাচনে অবশ্যই গুরুত্ব দিন আপনার নিজের ব্যক্তিত্বের ধরনের দিকে। সব ধরনের পোশাকের সঙ্গেই যদিও মানিয়ে যায় রোদচশমা, তবু তুলনামূলক বড় ফ্রেমের চশমাটি নির্বাচন করুন পাশ্চাত্য পোশাকের সঙ্গেই। আপনার চুলের রঙের সঙ্গেও রাখুন রোদচশমার রঙের সাদৃশ্য। সাধারণত মেহগনি, বারগেন্ডি রঙের চুলের সঙ্গে বাদামি ঘরানার রং এবং কালো চুলের সঙ্গে নীল ও কালো ভালো যায়। যাঁদের বয়স ১৫-২০ বছরের মধ্যে, তাঁরা একটু কম জমকালো রং ও ডিজাইন বেছে নিন। তরুণ বয়সের যাঁরা, তাঁরা যেকোনো রং ও আকৃতি বেছে নিতে পারেন উপলক্ষ অনুযায়ী। একটু বয়স্ক যাঁরা, তাঁরা কালো, বাদামি, কফি রঙের মধ্যেই থাকুন। ছেলেরা সোনালি বা রুপালি রঙের ফ্রেমের জায়গায় সাদা, লাল, হলুদ ফ্রেমও বেছে নিতে পারেন।রোদচশমায় লাল, নীল, হলুদ, সবুজ—এসব রঙের ব্যবহার চোখের ক্ষতির কারণ হতে পারে কি না, তা নিয়ে কথা হলো গ্রিনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আভা হোসেনের সঙ্গে। ‘ধুলোবালি ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ বাঁচাতে রোদচশমা ব্যবহার করি আমরা। যাঁদের চোখে দূরে দেখায় কোনো সমস্যা নেই, তাঁরা রঙিন চশমা সহজেই ব্যবহার করতে পারেন। যাঁদের সমস্যা আছে, তাঁরা এর সঙ্গে পাওয়ার যোগ করে নিতে পারেন।’ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের আই পয়েন্টের কর্ণধার মো. সুমন হোসেন বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের রোদচশমা পাওয়া যাচ্ছে। মেটাল ফ্রেম, শেল ফ্রেমের মধ্যে আকৃতি ও রঙে বৈচিত্র্য এসেছে। সবুজ, লাল, বেগুনি, আকাশি রঙের পাশাপাশি চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন রং অর্ডার দিয়েও করিয়ে নেওয়া যায়। তবে যে রং ও ধরনের রোদচশমাই হোক, তা চোখে দেওয়ার আগে পরিষ্কার করে নিতে হবে। নয়তো চোখে সমস্যা হতে পারে। খুব নরম কাপড় ব্যবহার করতে হবে চশমা পরিষ্কার করার ক্ষেত্রে। ঢাকার বসুন্ধরা সিটি, পিংক সিটি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেটসহ প্রায় সব বিপণিবিতানেই দেখা মিলবে রঙিন রোদচশমা। ব্র্যান্ডের রোদচশমার দাম পড়বে ১০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে। সাধারণ রোদচশমা পাওয়া যাবে ১৫০ থেকে ৮০০ টাকায়।