রঙিন চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চশমার দুই টুকরো লেন্সের মধ্যে দিয়েই যেন আপনার সামনে ঝকঝকে ফকফকে দুনিয়া। তবে এখন কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই এর ব্যবহার, বরং প্রয়োজনের পাশাপাশি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এর প্রচলন বেড়েছে। লাল, নীল, বেগুনি, হলুদসহ বিভিন্ন রঙের বাহারি নকশার চশমাগুলো ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা।ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, বই পড়া, পত্রিকা পড়া, টিভি দেখা, কম্পিউটারে কাজ করা সব কিছুতেই যখন চশমার প্রয়োজন হয়, তখন একে বোঝা মনে না করে নিত্য-উপকারী সঙ্গী হিসেবে ভেবে নেওয়াই ভালো। আর তা ছাড়া একটি সুন্দর ফ্রেমের চশমা আপনাকে আরও বেশি ব্যক্তিত্বপূর্ণ ও আকর্ষণীয়ও করে তুলতে পারে। বাজারে এখন হাল ফ্যাশনের বাহারি সব রঙিন চশমা পাওয়া যাচ্ছে। কেউ বা প্রয়োজনে আবার কেউ বা নিছক ফ্যাশন করতে বেছে নিয়েছেন রঙিন ফ্রেমের চশমা। নিজের চশমাটি বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখুন।  চশমার ফ্রেম বেছে নেওয়ার ক্ষেত্রে সেটি আপনার মুখের সঙ্গে মানানসই হচ্ছে কি না তা পরখ করে নিন। যেহেতু নাকে চেপে বসে এ বস্তুটি, তাই নাকের (আকৃতির) সঙ্গে এর একটি গভীর সম্পর্ক রয়েছে। যাঁদের নাক খাড়া, তাঁরা আয়তাকার চশমার ফ্রেম বেছে নিতে পারেন। লম্বাটে মুখের অধিকারী যাঁরা, তাঁদের প্রায় সব ধরনের ফ্রেমেই বেশ মানিয়ে যায়। যাঁদের নাকটা তেমন খাড়া নয়, তাঁরা হাফ রিম-এর চওড়া ফ্রেমের চশমা নির্বাচন করতে পারেন। যাঁদের মুখের আকৃতি গোলাকার, তাঁরা সামান্য ডিম্বাকৃতির ফ্রেমের চশমা বেছে নিন। তাঁদের ক্ষেত্রে গোলাকার ফ্রেমের চশমাটা পছন্দের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। রঙিন ফ্রেমের চশমা নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখুন সে রংটি আপনার ত্বকের রঙের সঙ্গে যাচ্ছে কি না। ছেলেমেয়ে উভয়েই এ বিষয়টি খেয়াল রাখুন। আপনার চোখে যে রংটি ভালো লাগবে, সেই রঙের চশমাখানি পরে আয়নার সামনে আর একটি বারের জন্য চোখ রাখুন। যদি ভালো লাগে তবে তো হয়েই গেল ঠিকঠাক।  আপনার ব্যক্তিত্বের সঙ্গেও চশমার রং ও ফ্রেমের একটি মানানসই অবস্থান থাকা জরুরি। একেবারে হলুদ রঙের চশমাটিও দেখবেন কখনো আপনার মাঝে বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের ছাপ ফুটিয়ে তুলতে পারে। সুতরাং গুরুত্বপূর্ণ হলো, সব কটি রঙের চশমাই একবার করে পরে দেখার চেষ্টা করুন। বয়স অনুযায়ীও চশমার রং, ফ্রেমের ডিজাইন বদলে যেতে পারে। তরুণ বয়সীদের ক্ষেত্রে কোনো রং পরতেই বাধা নেই। রঙিন চশমার মাঝে থেকে বিভিন্ন কারুকাজের ছাপসহ চশমাও বেছে নিতে পারেন। ছেলেদের চশমার ক্ষেত্রে চোখের নিচের দিকে বাড়ানো চশমার ফ্রেমটা ভালো মানিয়ে যায়। যাঁদের বয়স একটু বেশি, তাঁদের যে সোনালি, রুপালি আর কালোতেই পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। বরং বাদামি, কপার, হালকা কফির সঙ্গে কালো রংঙের মিশেলের চশমা বেছে নিতে পারেন। পোশাকের সঙ্গেও চশমার সামঞ্জস্যতার একটি বিষয় রয়েছে। পাশ্চাত্য ঢঙের পোশাকের সাথে একটু ভারি ফ্রেমের চশমাতে আপনাকে বেশি ভাল লাগবে। সাধারণত যারা সবসময় শাড়ি পড়েন তাদের ক্ষেত্রে রঙিন ফ্রেমের রিমলেস বা হাফ রিমলেস চশমাতে ভাল লাগে। ছেলেদের করপোরেট পোশাকের সঙ্গে করপোরেট লুক জুড়ে দিতে রিমলেস চশমার জুড়ি নেই।বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের চশমা পাওয়া যায়। ঢাকা নিউমার্কেট, পিংক সিটি, বসুন্ধরা শপিং মল, এলিফ্যান্ট রোড, মেট্রো শপিং মলসহ বিভিন্ন স্থানে ঘুরে বেছে নিতে পারেন আপনার পছন্দের ও প্রয়োজনের চশমাখানি।নিউমার্কেটের বিউটি অপটিক্যালের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন আহমেদ বলেন, ‘প্রযুক্তির এ যুগে নতুন ফ্যাশনটা খুব দ্রুতই ছড়িয়ে যায়। তাই আমরাও ক্রেতাদের জন্য হাল ফ্যাশনের রঙিন ফ্রেমের চশমার সংগ্রহ রেখেছি।’একটু ভালো ব্র্যান্ডের চশমা যেমন রেব্যান, পুলিশ, মিলোটি, গুচি, কার্টিয়ার পাবেন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায়। তবে সাধারণত এসব ব্র্যান্ডের আদলে তৈরি চশমাগুলোই চলছে বেশি। এর মধ্যেও আবার রয়েছে মানের ভালো-মন্দ দিক। একটু ভালো মানের ফ্রেমে গেলে আপনার খরচ হবে ১৮০০-৩০০০ টাকা। সাধারণ চশমাগুলো পাবেন ৩০০-১৫০০ টাকায়। বর্তমানে শেল বা প্লাস্টিকের তৈরি ফ্রেম বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনি বেছে নিতে পারেন সেগুলোও। এতে খরচ পড়বে ৩০০-২৫০০ টাকা। চশমার ফ্রেমের সঙ্গে লেন্সের সম্পর্ক রয়েছে। লেন্স ঠিক করে দেবেন চক্ষু চিকিৎসক।চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী লেন্স নিতে হবে।আর চশমা তৈরির পর সঠিক লেন্স নেওয়া হলো কি না তা চিকিৎসককে দেখিয়ে নিতে হবে।লেন্সের দরদামবাজারে প্রগ্রেসিভ লেন্সের দাম পড়বে ১২০০-৩৫০০ টাকা, বাইফোকাল ৬০০ টাকা, ইউনিফোকাল ২০০-৩০০ টাকা, ফটোসান-১০০০ টাকা। এর মধ্য থেকে বেছে নিন আপনারটি।