রঙিন চোখে
কাজল কালো চোখে ভিড় করেছে রঙিন স্বপ্নেরা। রংধনুর বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লালের বর্ণিল আভা এবার আকাশ ছাপিয়ে আপনার চোখে। চোখের সাজের চিরায়ত বাদামি, তামাটে, কালচে রংগুলোর পরিবর্তে নীলাভ, বেগুনি, আসমানি কিংবা সবুজাভ সাজ জনপ্রিয়তা পেয়েছে। নানা রঙের আইপেন, ক্রিম আইশ্যাডো বাজারে সহজলভ্য। এসব দিয়ে করতে পারেন চোখের রঙিন সাজ। কীভাবে তা জানিয়েছেন দুই রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল ও তানজিমা শারমিন।চোখের এই রঙিন সাজটা করা কিন্তু মোটেও কঠিন নয়। আইশ্যাডো বাক্স, আইব্রাশ, হাইলাইটার, আইলাইনার—এত কিছুর একদম দরকার হবে না আপনার। চোখের এই সাজকে সহজ করতে বেছে নিতে পারেন রঙিন আই পেনসিল। বাজারে গোলাপি, বেগুনি, লাল, সবুজ, নীলসহ বিভিন্ন রঙের নানা শেডের আই পেনসিল পাওয়া যাচ্ছে। পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন সেগুলো। এগুলোর মধ্যে কোনো কোনোটিতে গ্লিটার ও শিমার মিশ্রণও রয়েছে। একটু জমকালো সাজের জন্য কিনে নিতে পারেন সেগুলো।যাঁরা আইশ্যাডো দিয়ে সাজতে পছন্দ করেন, তাঁরা কিনে নিতে পারেন আইশ্যাডো স্টিকস। এতে এড়াতে পারেন আইশ্যাডো বাক্স ও আইব্রাশের ঝামেলা। এই উপকরণটি আপনার সাজব্যাগের মধ্যে লুকিয়ে যাবে সহজেই। যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের অনেক সময় চোখের পাপড়ি ও কোলে খুশকি দেখা দেয়, তাই চোখ সাজাতে পারেন না মনমতো। তাঁরা বেছে নিতে পারেন লিকুইড আইশ্যাডো টিউব। এতে যেমন চোখের পাপড়ির খুশকি সমস্যার হাত থেকে পাওয়া যাবে রেহাই, পাশাপাশি সাজটিও হবে পরিপূর্ণ। চোখের রঙিন সাজের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ রইল। আইশ্যাডো স্টিকস, আই পেনসিল চোখে লাইনারের মতো টেনে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে মিশিয়ে নিন। তরুণীরা একটু মোটা করে টেনে নিতে পারেন আই পেনসিল। চোখের সাজটি যখন রঙিন হবে, তখন ঠোঁটের সাজটি হবে একেবারেই ন্যাচারাল। নতুবা সাজের আধিক্য মনে হবে। চোখের ওপরে আপনার ইচ্ছেমতো একই রঙের তুলনামূলক হালকা শেডে হাইলাইটও করতে পারেন। এই সাজের ক্ষেত্রে বেজ মেকআপ হিসেবে লিকুইড ফাউন্ডেশনটি মানিয়ে যায় সহজে। চোখের পুরোটা রঙিন না করে লাইনারের মতো লাগালেই চোখের স্বাভাবিক সৌন্দর্যটা অটুট থাকে। দেখতেও ভালো লাগে। চোখের ওপরে মোটা লাইনার হলে চোখের নিচের পাপড়িতে মাশকারার ঘন প্রলেপ দিতে পারেন। পার্টি মেকআপের ক্ষেত্রে গ্লিটারসহ আই পেনসিল ব্যবহার করতে পারেন। সাজটা জমকালো হবে। সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাশ্চাত্য পোশাকসহ প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই হতে পারে এই সাজ। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে বেছে নিতে পারেন চোখের সাজের রং। অথবা আপনি চাইলে টিপ, কানের দুল, হাতের ব্রেসলেট কিংবা গলার লকেটের পাথরের রঙের থেকে যেকোনো একটি রং বেছে নিয়ে এর সঙ্গে মিলিয়েও করতে পারেন এই সাজ। চোখের রঙিন সাজের সঙ্গে সামনের দিকে ব্যাংগস করা চুলটা দেখতে বেশি ভালো লাগে। চুলটা ছেড়েও রাখতে পারেন। অথবা আলতো খোঁপায় গুঁজে দিতে পারেন ফুল। যেন ফুলের রঙের সঙ্গে মিলিয়েও হতে পারে চোখের সাজ। নগরের যেকোনো শপিং মলে কসমেটিকসের দোকানে পেয়ে যাবেন আপনার পছন্দের চোখসাজের উপাদানগুলো। আইশ্যাডো স্টিকস পাবেন ১৫০-২৫০, আই পেনসিল ৮০-২২০, লিকুইড আইশ্যাডো টিউব ২০০-২৫০ টাকায়।