রঙিন তোরঙ্গ হাতে কনে যায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনের দরকারি জিনিস দেওয়ার জন্য ট্রাংক বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছবি: নকশা
কনের দরকারি জিনিস দেওয়ার জন্য ট্রাংক বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছবি: নকশা

বিয়েতে বাবার বাড়ি থেকে উপহার পাওয়া বিয়ের ট্রাঙ্কটা শাহনাজের কাছে এখনো প্রিয়৷ ১৯৮৮ সালে বিয়ে হয়েছিল তাঁর৷ এখনো ট্রাঙ্কটা সযত্নে আগলে রেখেছেন তিনি৷ রংতুলি দিয়ে ফুলেল নকশা আঁকা সেই ট্রাঙ্কটার ভেতরে ছিল বিয়ের শাড়ি, চুড়ি, প্রসাধনী, চুলের ফিতা, জুতাসহ আরও কত কী৷
একটা সময় বাঙালি বিয়েতে তোরঙ্গ বা ট্রাঙ্কে করে কনের জন্য উপহার দেওয়াটা ছিল ঐতিহ্য৷ আর এখন ট্রাঙ্কে করে জিনিস পাঠানোর মধ্য দিয়ে কনের পরিবারের শৌখিনতা প্রকাশ পায়৷ ডিজাইনার বিপ্লব সাহা জানালেন, আজকাল কনের প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য স্যুটকেসের পাশাপাশি ট্রাঙ্কটাও বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ এতে ব্যাপারটা যেমন আকর্ষণীয় হয়, তেমনি বজায় থাকে বাঙালিয়ানাও। বিশেষ করে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো যখন এসব দায়িত্ব নেয়, তখন তারাই নকশা করা ট্রাঙ্ক কিংবা সিন্দুক সাজিয়ে দেয়। তবে বাজারে গিয়ে ট্রাঙ্ক কিনতে গেলে খরচটা একটু বেশি পড়ে৷ এ জন্য অর্ডার দিয়ে বানিয়ে নেওয়ার পরামর্শ দিলেন বিপ্লব সাহা।

.
.

লোহার ট্রাঙ্ক কিনে এর মধ্যে হাতে ছবি আঁকিয়ে নিতে পারেন। সেটা অনন্য। নতুনত্ব আনতে চাইলে লেস, পুঁতি কিংবা পাথর দিয়ে ট্রাঙ্কটাকে সাজিয়ে নিতে পারেন। আবার কাঠের তোরঙ্গে কাঠ কেটে নকশা করা যায়। কম দামের মধ্যে কিনতে বা বানাতে গেলে ৭ থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাবে এসব ট্রাঙ্ক৷ কাঠ ও নকশাভেদে ট্রাঙ্কের দাম ৫০ হাজার কিংবা তার চেয়েও বেশি হতে পারে। শুধু নকশাই নয়, ট্রাঙ্কের আকারে পরিবর্তন করেও নতুনত্ব আনা যায়। ছোট, বড়, পাঁচ কোনা, ছয় কোনা অথবা গোল—যেকোনো আকারের ট্রাঙ্ক অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যাবে। এতে করে পছন্দসই জিনিসটা পাবেন। ট্রাঙ্কটাকে দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে তা কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন।
বিপ্লব সাহা জানালেন, এখন শুধু ট্রাঙ্কের নকশাই নয়, পরিবর্তন আসছে ট্রাঙ্কের ভেতরে রাখা জিনিসগুলোয়৷ যেমন শাড়ি, জুতা আর গয়নার পাশাপাশি কনের ট্রাঙ্কে রাখা হয় নিত্যনতুন জিনিস৷ যেমন স্যুটকেসে যেসব প্রয়োজনীয় উপহার দেওয়া হয়, সেগুলোর পাশাপাশি গয়নার বাক্স, কাঠের তৈরি রিকশা পেইন্টের আয়না, ছোট বটুয়া, নান্দনিক চাবির রিং, চিরুনির বাক্স—এগুলো সাজিয়ে দিতে পারেন ট্রাঙ্কে। এদিকে ট্রাঙ্কে রাখা জিনিসগুলো সুরক্ষিত রাখতে একটা তালা তো লাগাতেই হবে৷ সেই তালাটাও পেইন্ট করিয়ে নিতে পারেন৷ এতে উপহারগুলো বিয়েবাড়ির ভিড়ে সুরক্ষিত থাকবে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন আক্তারের বিয়ের কথাবার্তা চলছে। বিয়ের তারিখটা ঠিক হয়ে গেলেই শুরু করবেন কেনাকাটা৷ শ্বশুরবাড়ি থেকে উপহার যেভাবেই দিক না কেন, তাঁর মাথায় পরিকল্পনা আছে বাবার বাড়ি থেকে একটা ট্রাঙ্ক নিয়ে যাওয়ার। ট্রাঙ্কটা আঁকিয়ে নে​েবন তিনি। দাদি-নানিদের বিয়েতে পাওয়া ট্রাঙ্কগুলো দেখে এটি বের করেছেন নাজনীন।