>

জঙ্গিবাদে জড়িত বিপথগামীরা আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে না। গোটা বাংলাদেশে আমাদের তরুণেরা জড়িয়ে আছেন নানামুখী শুভ উদ্যোগের সঙ্গে। তাঁদের অভিনব ও ইতিবাচক কিছু উদ্যোগ নিয়ে এবারের মূল আয়োজন।
একসময় ওঁরা সবাই রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন। এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও একটা ব্যাপারে তাঁরা ছিলেন একজোট। নিজেরাই টাকা জমিয়ে নেমে পড়লেন একটি মহৎ কাজে। শুরু করলেন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পড়াশোনার ঠিকানা ‘রঙিন পাঠশালা’। সময়টা ২০১৪ সাল।
রংপুর শহরের প্রাণকেন্দ্রে পাবলিক লাইব্রেরির মাঠের পূর্ব দিকে রংপুর উচ্চবিদ্যালয়ের খোলা মাঠে এই পাঠশালার পাঠদান চলে। সপ্তাহে তিন দিন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। এই তিন দিন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে পাঠদান।
রঙিন পাঠশালার তরুণ উদ্যোক্তারা জানালেন নানা কথা। রংপুর শহরের পথে-প্রান্তরে ছন্নছাড়ার মতো ঘুরে বেড়ায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা। তাদের অনেকেরই নেই অক্ষরজ্ঞান। আবার কারও কারও সামান্য পড়াশোনা জানা থাকলেও পড়ালেখা চালাতে নেই সামর্থ্য।
উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন শিশু-কিশোরদের রঙিন পাঠশালায় নিয়ে আসেন। পড়ার সঙ্গে ব্যবস্থা করা হয় খেলাধুলারও। এতে করে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলো তারা জানতে পারে। খেলার ফাঁকে ফাঁকে তাদের পাঠের অভ্যাস গড়ে তোলা হয়।
এই পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব শিশু-কিশোরকে নৈতিক শিক্ষাও দেওয়া হয়। সেই সঙ্গে মাদকাসক্তির খারাপ দিকগুলো তাদের মধ্যে উপস্থাপন করা হয়। এভাবেই খোলা আকাশের নিচে চলে আসছে গত দুই বছর থেকে শিক্ষা কার্যক্রমসহ নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে পাঠদান। বৃষ্টি হলে বিদ্যালয়ের বারান্দায় তাদের ঠাঁই মেলে। তাদের নেই বসার উপযুক্ত জায়গা। সংগ্রহ করা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও চট বিছিয়ে চলে পাঠদান।
শুরুতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর অল্প কয়েকজন হলেও এখন ওরা মোট ১১৬ জন। তবে নিয়মিত থাকছে ৫০-৬০ জন।
এদের মধ্য থেকে গত বছর চারজন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দুজন শিক্ষার্থী ভালো ফলাফলও করেছে।
তরুণ উদ্যোক্তাদের মধ্যে তিনজন পালা করে ক্লাস নেন। এই কাজে রয়েছেন তাঁদেরই বন্ধুরা। এই তিনজন হলেন তাহমিদ হোসেন, মাহবুবুর রহমান ও ইয়াসির আব্দুল্লাহ।
তাঁরা বললেন, ‘সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারাটাই আমাদের আনন্দ। আমরা নিজেরা এবং আমাদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে তাদের পেছনে ব্যয় করছি।’
সঙ্গে জানালেন, নির্দিষ্ট জায়গা কিংবা ঘর না থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আল আমিন বলেন, ‘তরুণেরাই পারে এই দেশটাকে বদলে দিতে। রঙিন পাঠশালা এমনই একটি মহৎ উদ্যোগ।’