রঙিন বৈশাখ, বর্ণিল আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁজের মায়ায় সাজছে শহর, নূতন দিনে পুরোনো সেই গান ‘এসো হে বৈশাখ, এসো এসো...।’ ডিসি হিলের বর্ষবিদায় ও বরণের বিপুল আয়োজন শুরু হলো সুরের ভেলায় চড়ে। চৈত্রের শেষ দিনটায় একটা বছরের বিষণ্ন বিদায়ের সানাই বাজছে যেন। চৈত্রের সেই শেষ সন্ধ্যায় শংকরের গানটা যেন পুরোনো বছরটার ব্যথার রাগিণী—‘আমার গায়ে যত দুঃখ সয়/ বন্ধুয়া রে, কর তোমার মনে যাহা লয়...।’ বৈশাখের প্রথম সকাল, নগরের সব পথ মিশে যাচ্ছে ডিসি হিল, সিআরবি, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় (বাওয়া) মাঠে। আবার রঙের আভা ছড়িয়ে তরুণ-তরুণীরা ছুটছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কেউ বা পতেঙ্গার দিকে, সাগর যেন হাতছানি দিয়ে ডাকছে তাঁদের। চলার ছন্দে সবার মনে যেন বাজছে সেই গানটা— ‘বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়/ মেলায় যাইরে, মেলায় যাইরে...।’নবআনন্দে জেগে পয়লা বৈশাখ উদ্যাপন হল নগরে। সবার যোগে জয়যুক্ত হল যেন বাঙালির প্রাণের মেলা। সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে ডিসি হিলে দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান ছিল নগরের সবচেয়ে বড় আয়োজন। নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে সিআরবিতে বৈশাখের আয়োজন ছিল বর্ণাঢ্য, শতবর্ষী শিরীষতলার উন্মুক্ত প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। এ ছাড়াও চারুকলা ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, আউটার স্টেডিয়াম ও পতেঙ্গা নেভাল বিচে পয়লা বৈশাখের বড় আয়োজন হয় এবার। সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্যসচিব, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘ডিসি হলে ৩৩ বছর ধরে এ আয়োজন চলছে, প্রতিবছরই অনুষ্ঠানের জৌলুস বাড়ছে। এবার বড় পাওয়া হল বর্ষবরণের মতো বর্ষবিদায়ের অনুষ্ঠানটাও টেলিভিশন চ্যানেলে প্রচার করতে পেরেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সফল আয়োজনই করতে পেরেছি আমরা।’ সিআরবির শতবর্ষী শিরিষ গাছের পাতা জড়িয়ে অদ্ভুত মায়া ছড়াচ্ছে চাঁদের আলো। শিরীষতলায় বসেছে সুরের মেলা, আর বিশাল উন্মুক্ত প্রাণে মানুষের বান। চাঁদের আলোয় লাজরাঙা মুখগুলো ঠিক ঠিক পড়া যায়, সবুজ ঘাসের বুকে অনেক জুটি, কী কথা কাহার সনে কে জানে! কী কথা, তা কি শুনতে পেয়েছিলেন মিলি চৌধুরী? মঞ্চে এসে একরাশ হাসি ছড়িয়ে তিনি ঘোষণা দিলেন ‘আমি আজ কিছু রোমান্টিক কবিতা আবৃত্তি করে শোনাব।’ ‘মেয়েটি এবং ছেলেটি একদিন বাড়ি থেকে পালালেন/ তাঁরা আপাতত একটি গহিন অরণ্যের ভেতর ঘুরে বেড়াচ্ছে...’ সুবোধ সরকারের ‘মেয়েটি ছেলেটি’ কবিতার ছন্দে শিরীষতলা যেন দুলছে ভালোবাসার উচ্ছ্বাসে। ‘পৃথিবীর কোথাও যখন কোনো ভালোবাসা নেই/ দিন না ছেলে-মেয়ে দুটোকে একটু ভালোবাসতে।’ কবিতার শেষ লাইনটি যখন উচ্চারণ করলেন মিলি তখন হাজারো কণ্ঠ সুর মেলালেন তাঁর সঙ্গে। প্রেম নিয়ে পরপর তিনটি কবিতায় মিলি প্রমাণ করলেন আজ থেকে এক যুগ আগে অভিনয়শিল্পী গোলাম মোস্তফা কেন তাঁকে চট্টগ্রামের সুবর্ণা মোস্তফা আখ্যা দিয়েছিলেন।সিআরবির আয়োজনে আকর্ষণীয় পর্ব ছিল সকালে মোরগের লড়াই, বিকেলে সাহাবউদ্দিনের বলীখেলা। বলীখেলায় চ্যাম্পিয়ন হন আলম বলা, রানার আপ মোহাম্মদ হোসেন শামীম। নববর্ষ উদ্যাপন পরিষদের সহসাধারণ সম্পাদক কামরুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, ‘এবার আমরা সর্বনিম্ন বাজেটে সর্বোৎকৃষ্ট অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর এ আয়োজনে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। অংশগ্রহণকারী সব শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন ছিল চট্টগ্রামেরই। ঢাকা থেকে যাঁরা এসে গান করেছেন তাঁরাও চট্টগ্রামের, কিন্তু জাতীয় তারকা।’বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদের উদ্যোগে বাওয়া স্কুল মাঠের আয়োজনে এবারও পরিচ্ছন্নতার ছাপ ছিল। লঘু সংগীতের চেয়ে উচ্চাঙ্গের গান প্রাধান্য পেয়েছে। রাত নয়টার দিকে ঝাঁকড়া চুলের তানভীর আলম আসর মাতিয়ে তুলেন কাজী নজরুল ইসলাম ও শচীন দেব বর্মনের গানে। ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে’, ‘বন্ধু রঙিলা রঙিলা রঙিলারে...’—গানগুলো নিজস্ব ঢংয়ে গাইলেও শচীনকর্তার কণ্ঠের অনুরণন হূদয়ে দোলা দেয়। এর আগে বুলবুল ইসলামের রবীন্দ্রসংগীত ছিল এ আয়োজনের সেরা অনুষঙ্গ। আব্দুল লতিফের বাউল গানে মেতে ওঠেন সবাই। ‘মিলন হবে কত দিনে...’ দিয়ে বাঙালির এ মিলন মেলা ভাঙল যখন তখন ঘড়ির কাঁটা ১১টার ঘরে। শেষে সবাই মিলে গাইলেন জাতীয় সংগীত—‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...।’বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদের সমন্বয়কারী অনুপ সাহা বলেন, ‘১৯৭৮ সালে সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের নেতৃত্বে ডিসি হিলে যে আয়োজন শুরু হয়েছিল তাতে আমরাও ছিলাম। কিন্তু দিনে দিনে এ আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে গেছে দর্শক সমাগম এবং সেটা হতে পারে। দর্শকদের একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ২০০০ সালে শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠান শুরু করি। দর্শকসমাগম বাড়ায় অনুষ্ঠানটি কয়েক বছর ধরে বাওয়া স্কুল মাঠে হচ্ছে। এবারের আয়োজনেও আমাদের চেষ্টা ছিল দর্শকদের আনন্দ দেওয়া, গানে গানে সুরে সুরে।’শিল্পকলা একাডেমীতে কল্যাণী ঘোষ, আব্দুর রহিম, শাকিলা জাহানসহ অনেকে গানে গানে দর্শক মাতিয়েছেন। বিশেষ করে কল্যাণী ঘোষের কণ্ঠে আসকর আলী পণ্ডিতের অমর সৃষ্টি ‘কি জ্বালা দি গেলা মোরে/ নয়নের কাজল পরানর বন্ধুরে ন দেখিলে পরান পোড়ে...’ গানটি দর্শকদের হূদয় ছুঁয়ে যায়। শেষে পাবনা থেকে আসা শিশুশিল্পী প্রতিবন্ধী শ্যামলের ‘মায়ের কাঁদন যাবৎ জীবন’সহ কয়েকটি গান করে দর্শকদের চোখে জল আনে।