রঙিন ভুবনে স্বাগত
প্রতিদিনের পড়াশোনা অনেক সময় শিশুদের কাছে একঘেয়ে লাগে। এর মধ্যে যদি সে ছবি আঁকা, কবিতা আবৃত্তি কিংবা উপস্থাপনা করে, তাহলে একঘেয়েমি কেটে যায়। শিশুর মেধা ও মনন বিকাশেও কাজে লাগে। আবার বাড়তি একটি বিষয়ে শিশুর পারদর্শিতা গড়ে ওঠে। শিশুকে গতানুগতিক শিক্ষার বাইরে সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য ঢাকার উত্তরায় চালু হয়েছে ‘রঙিন ভুবন’। এই নামকে যথার্থ করতে প্রতিটি কক্ষকেই বর্ণিল করে তোলা হয়েছে। রঙিন ভুবনের ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আখতার বলেন, ‘গতানুগতিকভাবে এখানে চিত্রাঙ্কন শেখানো হয় না। শুরুতে একটি গল্প বলা হয়, এরপর শিশুরা তাদের মতো করে ছবি আঁকে। রঙিন ভুবনের চেয়ারপারসন চিত্রশিল্পী ফরিদা জামান শিশুদের ছবি আঁকার সঠিক নির্দেশনা দেন। তাঁর কাছ থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারে।’শুধু চিত্রাঙ্কনই নয়, আবৃত্তি, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও অভিনয় শেখানো হয় এখানে। বুধ থেকে শনিবার চিত্রাঙ্কনের ক্লাস হয়ে থাকে। এই চার দিনের মধ্যে যেকোনো দুই দিন ৪-১৫ বছরের যেকোনো শিশু ছবি আঁকা শিখতে পারবে। আর আবৃত্তি, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও অভিনয় শেখানো হয় শনিবার। ৫-১৬ বছরের শিশুরা এই ক্লাসে অংশ নিতে পারবে। রঙিন ভুবনের শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতার স্বাক্ষর রেখেছে। রঙিন ভুবনের বিশেষ দিক হচ্ছে, এখানকার শিশুরা সমাজের বিশিষ্টজনদের সঙ্গে সরাসরি কথা বলার ও তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ পায়। শিশুদের মনের যেকোনো প্রশ্নের উত্তর তাঁরা দিয়ে থাকেন। রঙিন ভুবনে ভর্তির কার্যক্রম চলছে। আর একটি সুখবর হচ্ছে, বিজয় দিবস বিষয়ে ৪-১৫ বছরের শিশুদের আঁকা ছবি নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রঙিন ভুবন। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ছবি পাঠিয়ে দিতে হবে। যোগাযোগ: বাড়ি ৩, রাস্তা ১০, সেক্টর ৯, উত্তরা। ফোন: ০১৮৩০৫৭০৫৭০