মেঘলা সকাল। আকাশের মতিগতি বেশ গোলমেলে। এই রোদ, এই বৃষ্টি। তবু এর মধ্যেই হাবিবা ফেরদৌসীকে হোস্টেল থেকে বের হতে হলো, তার একমাত্র কারণ পরীক্ষা। তো রোদ-বৃষ্টি মাথায় করে তিনি যে কলেজে এসে হাঁফ ছাড়লেন তার নাম সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ। ৭২ বছর বয়সী প্রবীণ এ কলেজের জন্ম ১৯৩৯ সালে, শুধু উচ্চমাধ্যমিক পড়ানোর উদ্দেশ্যে। তারপর করতোয়া নদীতে অনেক জল গড়িয়েছে। আযিযুল হক কলেজও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজে। বর্তমানে এই কলেজে ২৩টি বিষয়ে অনার্স পড়ানো হয়। একই সঙ্গে পড়ানো হয় বিএ পাসকোর্স। হাবিবা জানান, তিনি পড়ছেন অর্থনীতি বিভাগে। তাঁর বিভাগেই রয়েছেন এক হাজার ৫০০ জন শিক্ষার্থী। আর পুরো কলেজে প্রায় ৩০ হাজার। কলা ভবনের করিডর ধরে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম আমরা। হাবিবা একসময় ঢুকে পড়েন পরীক্ষাকক্ষে।আমরা যাই বিজ্ঞান ভবনের দিকে। বিজ্ঞান ভবনের প্রবেশমুখেই কিছুটা হোঁচট খেতে হলো মিথুন, সবুজ আর মাহমুদাকে দেখে। সবার শরীরে সাদা অ্যাপ্রোন। মেডিকেল কলেজে এলাম নাকিরে বাবা! ‘নারে ভাই, আমরা রসায়নের শিক্ষার্থী। ল্যাব ক্লাসে অ্যাপ্রোন ছাড়া ঢোকা নিষেধ, তাই এই বেশভূষা।’ হাসতে হাসতে জানালেন রসায়নের এই তিন বন্ধু। আর ওদিকে গণিত বিভাগের করিডরেই দলবল নিয়ে বসে পড়েছেন ঝুমুর দেবনাথ। ‘সামনেই ক্লাস টিউটোরিয়াল, তাই সবাই মিলে গ্রুপস্টাডি করছি’ বলে ফের অঙ্ক কষায় মন দিলেন তাঁরা।কোন ফাঁকে মেঘ কেটে গিয়ে আকাশে দেখা দিয়েছে রোদ্দুর। সমাজবিজ্ঞানের মাহফুজ, ব্যবস্থাপনা বিভাগের প্রাণ সাহা, বাংলার বাদশা আর উদ্ভিদবিদ্যার জ্যোতি ক্লাসের অবসরে মুখর করে তুলেছেন বটতলা। তাঁদের সম্মিলিত প্রয়াসে বের হয় একটি লিটল ম্যাগাজিন। আগামী সংখ্যা কী কী বিষয় দিয়ে সাজানো হবে তাই নিয়ে চলছে আলোচনা।আস্তে আস্তে ক্যানটিন, লেকপাড়, শহীদ মিনার চত্বর আর অডিটরিয়ামের পেছনের এক টুকরো ঘেসো মাঠও ভরে উঠছে শিক্ষার্থীদের কোলাহলে। সেই সঙ্গে বেলা বাড়ছে। কেউ কেউ ছুটছেন ক্লাসের উদ্দেশে, কেউ কেউ বের হচ্ছেন ক্লাস শেষ করে। তাঁদেরই একজন প্রাণিবিজ্ঞান বিভাগের জেসমিন। ‘আমার এখন ক্লাস নেই, তাই হোস্টেলে যাচ্ছি। লাঞ্চ করে ফের দুটোর ক্লাস ধরব।’ বলছিলেন তিনি। জেসমিন থাকেন মেয়েদের জন্য নির্ধারিত একমাত্র হোস্টেল রোকেয়া হলে। ছেলেদের জন্যও রয়েছে তিনটি হল। কিন্তু তার মধ্যে শহীদ মুন হল দীর্ঘদিন ধরেই কোনো কাজে লাগছে না শিক্ষার্থীদের। ‘রাজনৈতিক রেষারেষির কারণে বন্ধ হয়ে আছে হলটি।’ বলছিলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ।তবু থেমে নেই স্যার আযিযুল হকের নামে প্রতিষ্ঠিত এ কলেজের পথচলা। শিল্প, সংস্কৃতি ও শিক্ষার মেলবন্ধনে একটি জ্ঞানভিত্তিক জাতি নির্মাণের যে স্বপ্ন তিনি (স্যার আযিযুল হক) দেখতেন, সেই স্বপ্নের পথেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরন্তর ধাবমান।[email protected]