রঙিন সাজে এই বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও খোঁপায় গোঁজা ফুল, গলায় বেলি ফুলের মালা, আবার নানারঙের ফুলের মালা শোভা পেয়েছে অনেকের মাথায়—রঙিন সব অনুষঙ্গে উৎসবের আনন্দটা ভালোই প্রকাশ পেল এবারের পয়লা বৈশাখে। আর পোশাকে রঙের ছটা তো ছিলই। বর্ণিল সাজে সবাই যেন মেতে উঠেছিলেন বাঙালির এই নববর্ষে। এবারের বৈশাখ উৎসবে সাজ পোশাকের বাহার কেমন ছিল তা নিয়ে এই প্রতিবেদন। বাঙালির উৎসবের দিন মানেই শাড়ি। এবারেও তার কোনো তারতম্য হয়নি। ছোট থেকে বড়—সব বয়সী নারীকে দেখা গেছে শাড়িতে। বেশির ভাগই পরেছিলেন আনুষ্ঠানিকভাবে। তবে এক প্যাঁচে শাড়ি পরেও অনেকে সেজেছিলেন বিশেষ এই দিনে। পাশাপাশি সালোয়ার-কামিজ, লেগিংস-কামিজ ও কুর্তা-জিনসও কম ছিল না। সব পোশাকেরই রং উজ্জ্বল। বৈশাখ মানেই লাল-সাদা রঙের পোশাক। তবে এবার এ দুই রঙের পাশাপাশি দেখা গেছে অন্য রংগুলোও। সারা দিনের উৎসব প্রকাশ হয়েছে কমলা, নীল, মেরুন, সবুজ, হলুদ, বেগুনি, গাঢ় গোলাপি প্রভৃতি রঙে—সেটা শাড়িই হোক কিংবা পাঞ্জাবি। লাল-সাদা থেকে বের হয়ে এসেছেন এবার প্রিয়াঙ্কা চৌধুরীও। একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি। বৈশাখের রং হিসেবে এবার বেছে নিয়েছিলেন ভিন্ন রং। তিনি বলেন, ‘এবার পরেছিলাম গাঢ় নীল ও ওয়াইন রঙের তাঁতের শাড়ি। তবে কপালের লাল টিপে বৈশাখের চিরাচরিত রং ধরে রেখেছিলাম।’ ছেলেদের পরনে মূলত পাঞ্জাবিই দেখা গেছে বেশি। শাড়ির ক্ষেত্রে তাঁত, সুতি, অ্যান্ডি ও জামদানির ব্যবহার দেখা গেছে বেশি।ফুলের মুকুট। এবার বৈশাখের সাজে এটি ছিল অন্যতম চমক। খোঁপা ও বেণিতে ফুল লাগানোর পাশাপাশি ফুলের মুকুট পরার প্রচলন দেখা গেছে বেশ জোরালোভাবেই। মাথায় পরা মুকুটটি কখনো ছিল গাঁদা ফুলের, কখনো বা কাঁঠালিচাঁপার। পিছিয়ে ছিল না বেলি কিংবা গোলাপ ফুল। তিন-চার বছরের শিশু থেকে অফিসগামী তরুণী, গৃহবধূ অনেকেই সাজ পূর্ণ করেছিলেন এই ফুলের মুকুট দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া সামিয়া আক্তার বন্ধুদের সঙ্গে মিলে ঠিক এ রকমই মুকুট পরে সারা দিন ঘুরে বেড়িয়েছেন উৎসব উদ্যাপনে। নারীদের সাজে গয়নার প্রাধান্যও দেখা গেছে বেশ। রুপা, তামা, বিভিন্ন রঙের বিডসের মালা, শাড়ির সঙ্গে মিলিয়ে পাথরের গয়না চমক এনেছিল সাজে। আরেক বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী নিলুফা জাহান নেপাল থেকে আনা কমলা বিডস ও তামার মালা পরেছিলেন। আধুনিক এবং বাঙালি—দুটো ভাবই একসঙ্গে চলে এসেছিল সাজে।রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ‘পোশাকের ক্ষেত্রে শাড়িই বেশি ছিল। বাঙালিয়ানা ভাবটি রেখে একটু ভিন্নভাবে পরার চেষ্টা করছিলেন সবাই। মেকআপের বেলায় কাজল টানা চোখ, সোনালি রঙের আইশ্যাডো, একটু গাঢ় রঙের ব্লাশন এবং উজ্জ্বল লিপস্টিক পছন্দ করছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতে ঠিকমতো নিজেকে সামলানো যায়, এ জন্য বেণি করার প্রবণতাই দেখা গেছে বেশি। লাল শাড়ির সঙ্গে মিলিয়ে সাদা ফুলের চাহিদা ছিল অনেক।’ শাড়ির আবেদন বাড়িয়েছে এবার ব্লাউজের বিভিন্ন রকম কাটছাঁট। স্লিভলেস, বড় হাতা, মাঝারি হাতা, গলার কাটে ভিন্নতা নজর কেড়েছে। শাড়ির বিপরীত রঙের ব্লাউজ পরার চল দেখা গেছে বেশ। একরঙা শাড়ির সঙ্গে বিভিন্ন নকশার ছাপা এবং লেইস লাগানো ব্লাউজ প্রাধান্য পেয়েছিল। এ ছাড়া রঙিন কাচের চুরি, লাল টিপ এবং পায়ে নুপূর পরেছিলেন অনেকেই।