রঙিন সুতায় মলিন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আমাদের তৈরি পণ্যের ক্রেতা কমছে। তা ছাড়া ঘরভাড়া, বিদ্যুৎ–গ্যাস বিল ও মজুরি সবকিছুই ঊর্ধ্বমুখী। কেবল বাড়েনি আমাদের সুতার দাম মো. শফিকুর রহমান, সভাপতি চট্টগ্রাম সেলাই সুতা প্রস্তুতকারক সমিতি

ঢোকার মুখে কারখানার আঙিনায় রঙিন সুতার সমাহার। পাটি পেতে গোল করে শুকাতে দেওয়া হয়েছে রং করা সুতা। লাল, কালো, ম্যাজেন্টা, সাদা—হরেক রকম। ছোট্ট কারখানা কক্ষে তো মহা আয়োজন। চারদিকে সুতা আর সুতা। শ্রমিকেরা ব্যস্ত সুতা রঙিন করার কাজে। আরেক দল ছোট-বড় বান্ডিল করা সুতা মোড়কজাত করছেন। সবাই ব্যস্ত কাজে। এই চিত্র নগরের বাকলিয়ার মিয়াখান নগরের একটি সুতা কারখানার। ১৮ জানুয়ারি বেলা ১১টার দিকে গেলে দেখা যায় এ দৃশ্য।

কারখানায় চলছে রঙিন সুতা বান্ডিল করার কাজ। ছোট, মাঝারি ও বড় বান্ডিলে মোড়ানো হচ্ছে সুতা। ছবিটি ১৮ জানুয়ারি বেলা ১১টায় নগরের বাকলিয়ার মিয়াখান নগরের একটি কারখানা থেকে তোলা l প্রথম আলো (শ্রমিকের কাজের ভিডিও দেখুন প্রথম আলো অনলাইনে)
কারখানায় চলছে রঙিন সুতা বান্ডিল করার কাজ। ছোট, মাঝারি ও বড় বান্ডিলে মোড়ানো হচ্ছে সুতা। ছবিটি ১৮ জানুয়ারি বেলা ১১টায় নগরের বাকলিয়ার মিয়াখান নগরের একটি কারখানা থেকে তোলা l প্রথম আলো (শ্রমিকের কাজের ভিডিও দেখুন প্রথম আলো অনলাইনে)

এসব সুতা বাজারে সেলাই সুতা নামে পরিচিত। মিয়াখান নগর এলাকায় পাশাপাশি দুটি কারখানা রয়েছে সুতার। একটি আমিন অ্যান্ড কোম্পানি অন্যটি এ রহমান কোম্পানি। এই এলাকায় রয়েছে আরও পাঁচটি কারখানা। লোকসানের মুখে কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে একটি।

বান্ডিল করা সুতা মোড়কজাত করা হচ্ছে। এরপর প্যাকেট হয়ে সুতা চলে যাবে পাইকারি ব্যবসায়ীদের হাতে ।  প্রথম আলো
বান্ডিল করা সুতা মোড়কজাত করা হচ্ছে। এরপর প্যাকেট হয়ে সুতা চলে যাবে পাইকারি ব্যবসায়ীদের হাতে । প্রথম আলো

আমিন অ্যান্ড কোম্পানির মালিক ও চট্টগ্রাম সেলাই সুতা প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান আক্ষেপ নিয়ে বলেন, ‘আমরা যাঁরা রঙিন সুতা তৈরির ব্যবসা করছি, এখন তাঁদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রস্তুতকারক হলেও সুতা (কাঁচামাল) আমদানি করতে পারি না। এ ছাড়া অন্য শিল্পের মতো এই শিল্পের জন্য কোনো ঋণের ব্যবস্থা নেই। আবার কিছু তৈরি পোশাকের কারখানা অব্যবহৃত সুতা কম দামে বিক্রি করে দেয় বাজারে। ফলে আমাদের তৈরি পণ্যের ক্রেতা কমছে। তা ছাড়া ঘরভাড়া, বিদ্যুৎ–গ্যাস বিল ও মজুরি সবকিছুই ঊর্ধ্বমুখী। কেবল বাড়েনি আমাদের সুতার দাম। ফলে লোকসানের মুখে এই শিল্প। অথচ একটু সহায়তা পেলে এই শিল্পে কর্মসংস্থান বাড়ত।’
এ রহমান অ্যান্ড কোম্পানির পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, ‘কারখানায় আমাদের বিনিয়োগ আছে ৪০-৫০ লাখ টাকার মতো। আরও ৫০ লাখ টাকার মতো বিনিয়োগ করতে পারলে শিল্পটিকে লাভজনক করে তুলতে পারতাম। কিন্তু ঋণ কে দেবে আমাদের?’
কারখানার শ্রমিকেরা বলেন, মূলত আমদানি করা সুতায় রং করা করা হয় এখানে। একেকটি কারখানায় কাজ করেন ২০ জন শ্রমিক। কাজ চলে কোন, স্পুল ও ফাইবার নামের তিনটি যন্ত্রে। একটিতে সুতা সংগ্রহ করে মোড়ানো হয় বড় বান্ডিলে। আর অন্য দুটি যন্ত্রের কাজ হচ্ছে মাঝারি ও ছোট আকারের সুতার বান্ডিল তৈরি করা হয়। একেকটি বান্ডিলে থাকে ৩০০, ৫০০ ও ২,০০০ মিটার সুতা। তবে বান্ডিল করার পর সুতা বিক্রি হয় পাউন্ড (এক পাউন্ডে ১ লাখ ১৩ হাজার মিটার) হিসাবে। প্রতিদিন প্রতিটি কারখানা থেকে গড়ে ২০০ পাউন্ড সুতা বিক্রি হয়।
কারখানার মালিকেরা বলেন, আমদানি করা প্রতি পাউন্ড সুতা (কাঁচামাল) কিনতে হয় ১ হাজার টাকা দরে। এরপর রং ও বান্ডিল করে বিক্রি হয় ১ হাজার ১০০ টাকায়। চট্টগ্রামে এসব সুতার বড় পাইকারি বাজার রেয়াজুদ্দিন বাজার। এ ছাড়া ফেনী, রাজশাহী, কুমিল্লা, বগুড়া ও ঢাকায়ও যাচ্ছে চট্টগ্রামের কারখানায় উৎপাদিত সুতা। কয়েক বছর আগেও একটি কারখানা থেকে ৩০০ থেকে ৪০০ পাউন্ড সুতা বিক্রি হলেও এখন তা ২০০ পাউন্ডে নেমে এসেছে।
মিয়াখান নগরের দুটি কারখানায় এখন কাজ করেন বিভিন্ন বয়সের ৪০ জন শ্রমিক। দীর্ঘদিন এই পেশায় কর্মরত শ্রমিক মো. খলিল (৬০) বলেন, ‘১০ বছর ধরে এই কারখানায় কাজ করছি। ৭০০ টাকা বেতনে শুরু করেছি। গত ১০ বছরে বেতন বেড়ে ১০ হাজার টাকা হয়েছে। কিন্তু এই টাকায় সংসার চালানো অসম্ভব। সুতা বিক্রি কমে যাওয়ায় কারখানাও লোকসানের মুখে। তাই মালিকের পক্ষেও বেতন বাড়ানো সম্ভব হয় না। আর এই বয়সে নতুন কোনো পেশায় ঢোকা সম্ভব নয় বলে এখানেই পড়ে আছি।’

কারখানার আঙিনায় রং করা সুতা শুকাতে দিচ্ছেন এক শ্রমিক l প্রথম আলো
কারখানার আঙিনায় রং করা সুতা শুকাতে দিচ্ছেন এক শ্রমিক l প্রথম আলো

চট্টগ্রাম সেলাই সুতা প্রস্তুতকারক সমিতি সূত্র জানায়, মিয়াখান নগর ছাড়াও বলুয়ার দীঘির পাড়, শিকলবাহা, নাসিরাবাদ ও পাহাড়তলীতেও রয়েছে কারখানা। সব মিলিয়ে নগরে এখন সুতার কারখানা ১৫টি। অথচ দুই থেকে তিন বছর আগে এর সংখ্যা ছিল ২০ থেকে ২২। লোকসানের মুখে টিকতে না পেরে কারখানার মালিকেরা ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
সমিতির সভাপতি মো. শফিকুর রহমান বলেন, ঋণের জন্য ব্যাংকে আবেদন করলে তারা মর্টগেজ (জামানত) চায়। কিন্তু আমাদের কারখানা তো ভাড়াঘরে। অথচ ব্যাংক চাইলে ফ্যাক্টরি যন্ত্রপাতির ওপর আমাদের ঋণ দিতে পারে। এমনকি এসএমই ঋণও পাই না। কারণ, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পরিচয় না থাকলে সেটাও দেওয়া হয় না। এ অবস্থা চলতে থাকলে কারখানাগুলো একসময় বন্ধ হয়ে যাবে।