রঙে ঢঙে কৈশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রং আর নকশার বাহারে কিশোর-কিশোরীদের পোশাক এখন অনেক বৈচিত্র্যময়। মডেল: আলভি, রাইয়ান এবং ত্রিয়ামা। মেয়েদের পোশাক: ড্রেসিডেল, ছেলের পোশাক: ব্যাং, সাজ: রেড, ছবি: কবির হোসেন
রং আর নকশার বাহারে কিশোর-কিশোরীদের পোশাক এখন অনেক বৈচিত্র্যময়। মডেল: আলভি, রাইয়ান এবং ত্রিয়ামা। মেয়েদের পোশাক: ড্রেসিডেল, ছেলের পোশাক: ব্যাং, সাজ: রেড, ছবি: কবির হোসেন

রবীন্দ্রনাথের মতে, বয়ঃসন্ধিকালে ‘আধে-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি’। বিড়ম্বনা পোশাক নির্বাচনের ক্ষেত্রেও। ‘কাপড়চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানানরূপে বাড়িয়া উঠে; লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে’। তবে এখনকার কিশোর-কিশোরীরা আগের থেকে অনেক বেশি ফ্যাশন-সচেতন। এখন তারা সময় ও পরিবেশ বুঝেই তাদের পোশাক নির্বাচন করছে। আর ফ্যাশন হাউসগুলোও কিশোর-কিশোরীদের উপযোগী নানা নকশার পোশাক আনছে। এই গরমে কী ধরনের পোশাক তারা বেছে নিতে পারে তা নিয়েই নকশার এই আয়োজন।

সুতির শার্টে নানা ধরন দেখা যাচ্ছে
সুতির শার্টে নানা ধরন দেখা যাচ্ছে

ফ্যাশন নিয়ে ইচ্ছামতো পরীক্ষা-নিরীক্ষা করার ঝোঁক কৈশোরে বেশ দেখা যায়। এ নিয়ে অভিভাবকদের সঙ্গে মতের মিল না হওয়ার ঘটনাও প্রচুর। বড়দের কাছে যা ‘উদ্ভট’ সেটিই হয়তো তারা বেছে নিচ্ছে স্টাইলিশ হিসেবে এবং ঠিকঠাকভাবে বহন করছে বলে তা দারুণ মানিয়েও যাচ্ছে তাদের। এই বয়সী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, স্টাইলে তারা ভিন্নতা ও নতুনত্বে বিশ্বাসী। একই সঙ্গে আরামের বিষয়টিও গুরুত্ব পায় তাদের কাছে। মেয়েরা লেগিংস, পালাজ্জো বা ঢোলা পাজামার সঙ্গে সুতি কাপড়ের কুর্তা এবং লম্বা শার্টই গরমে বেশি পরছে। টি-শার্টের সঙ্গে কোটিও চলছে এখন। ছেলেরা অনেকেই গরমে জিনসের প্যান্ট এড়িয়ে চলছে, বেছে নিচ্ছে সুতি ও গ্যাবার্ডিনের নানা উজ্জ্বল রঙের ফুল প্যান্ট, কখনো বা থ্রি কোয়ার্টার প্যান্ট। এই সময় টি-শার্টই তাদের প্রথম পছন্দ যার কোনোটায় লেখা থাকছে মজার মজার সব স্লোগান, কোনোটার গায়ে আবার আছে প্রিয় কমিক চরিত্র বা সুপার হিরোর ছবি।
কথা হলো ফ্যাশন হাউস ব্যাংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সায়েম হাসানের সঙ্গে। তিনি জানালেন, ছেলেদের টি-শার্টে এখন হালকা ও সাদামাটা নকশা চলছে। এ ছাড়া হাফ হাতা সুতির শার্টও এই সময়ের জন্য আরামদায়ক। সুতির চেক শার্টের কলারে নানা বৈচিত্র্য এনেছে দেখা যাচ্ছে। এখন টিনেজাররা ব্যান্ড কলারই বেশি পছন্দ করছে। হলুদ, সবুজ ও লালের মতো উজ্জ্বল রঙের প্যান্ট বেছে নিচ্ছে তারা।
ফ্যাশন হাউস ড্রেসিডেলের ডিজাইনার মায়া রহমান জানালেন, এখন মেয়েদের কুর্তা ও টপে ভিন্নতা আনা হচ্ছে কাটিং বা প্যাটার্নের মাধ্যমে। দুই দিকে কোনাকুনি হয়ে ঝুলে পড়া, ওভাল কাট, পেছনে ঝুল বেশি দিয়ে সামনে খাটো এমন নানা কাটের কুর্তা ও টপ কিশোরীরা পরছে। তার সঙ্গে প্যান্ট, লেগিংস বা পালাজ্জো সবই চলবে। খুব আঁটসাঁট নয়, এই গরমে একটু ঢিলেঢালা টিউনিক, পনচো এবং শার্টের ট্রেন্ড চলছে। তবে প্যান্ট ও টপ দুটোই ঢোলা হলে দেখতে ভালো লাগবে না। তাই লেগিংস বা ক্যাপ্রির সঙ্গে ঢোলা টপ এবং পালাজ্জো বা ধুতি ধরনের পাজামার সঙ্গে একটু আঁটসাঁট কুর্তা বা শার্ট পরা যেতে পারে।
গরমে গোলাপি, আকাশি, পিচ ও সবুজের মতো রঙের পাশাপাশি নানা নিওন রঙের পোশাকও বেছে নেওয়া যেতে পারে। চলবে কালার ব্লকিংও। এখন যে ধরনের পোশাকের চল এসেছে তার সঙ্গে চটি স্যান্ডেল ও ব্যালেরিনা শু বেশ মানিয়ে যাবে, বললেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। গলায় বড় মালা বা ‘ফাংকি’ কোনো পেন্ডেন্ট এবং কানে ছোট টপ অথবা বড় রিং পরার পরামর্শ দেন তিনি। মেয়েদের পাশাপাশি এই বয়সী ছেলেদেরও এখন বড় ডায়ালের রঙিন বেল্টের ঘড়ি পরতে দেখা যাচ্ছে।
ফ্যাশন হাউস ড্রেসিডেল, যাত্রা, আড়ং ও নগরদোলা সুতি ও লিনেন কাপড়ের মেয়েদের কুর্তা এনেছে। এ ছাড়া আজিজ সুপার মার্কেটে ছেলেদের টি-শার্ট ও বদরুদ্দোজা মার্কেটে অন্যান্য পোশাকগুলো পাওয়া যাবে।

লেগিংস ও প্যান্টের পাশাপাশি পালাজ্জোও পরছে কিশোরীরা
লেগিংস ও প্যান্টের পাশাপাশি পালাজ্জোও পরছে কিশোরীরা