রঙে ঢঙে তরুণদের পোশাক
রঙিন ফিতায় চুল বাঁধা। পরনে সালোয়ার-কামিজ কিংবা লম্বা স্কার্ট। এমনই ছিল কম বয়সী মেয়েদের একসময়ের ঈদের সাজ। এখন পোশাকের বৈচিত্র্য বেড়েছে। কাট ও নকশায় এসেছে নানা পরিবর্তন। প্রচলিত ধারা বাইরে অন্য ধাঁচের পোশাকগুলো পরছে কম বয়সী মেয়েরা। স্কার্ট, টপস, ফতুয়া বা ভিন্ন ঢঙের সালোয়ার-কামিজ—এমনই সব পোশাক এখন জনপ্রিয় তাদের কাছে। ‘দেশীয় ও পাশ্চাত্য নকশার মিশেলের পোশাক বেশি চলছে। বিশেষ করে, কাটছাঁট, প্যাটার্ন ও নকশায় যা বৈচিত্র্যময়।’ ফ্যাশন ডিজাইনার মাহিন খান এমনটাই মনে করেন।এ সময়ে পোশাকে একটু ঘের এবং ফ্রিলের ব্যবহার বেড়েছে। সালোয়ার-কামিজ তো কম বয়সী মেয়েরা পরেই। তবে ফতুয়া, কুর্তা, টপস পছন্দের তালিকায় রয়েছে। সুতির পাশাপাশি মসলিন, কোটা, হাফসিল্ক, অ্যান্ডির পোশাক এবারের ঈদে ট্রেন্ডি। এসবের ব্যবহার পোশাককে জমকালো করে তোলে। ধুতি কাটের সালোয়ারের সঙ্গে কুর্তা মানিয়ে যায়। ফতুয়া, টপসের সঙ্গে জিনস, লেগিংস ও ক্যাপ্রি পরতে পারেন। লম্বা কামিজের সঙ্গে চুড়িদার ভালো দেখায়। এখন পোশাকের ঝুল কমবেশি হচ্ছে। উচ্চতায় লম্বা-সেমি লম্বা—দুটিই চলছে। কাটিংয়েও বৈচিত্র্য রয়েছে। কামিজ বা কুর্তার হেমে কখনো আঁকাবাঁকা কাট, কখনো কোনার দিকটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে চওড়া হেমের পোশাকও মেয়েরা পরছেন। এ লাইন কাট, জিপসি, আনারকলি, কলিদার, আমব্রেলা কাট কম বয়সী মেয়েদের পোশাকে ব্যবহার করা হয়েছে। মাহিন খান জানান, কম বয়সী মেয়েরা নকশাদার হাতা পরতে পছন্দ করে। থ্রি-কোয়ার্টার, খাটো হাতা বা লম্বা হাতার মধ্যেই মনোরম নকশা করা যেতে পারে। অনেক বেশি কুচি, নেট, কাতানপাড়, পুঁতি, চুমকি, ছোট ছোট ঘণ্টার ব্যবহার এসব পোশাকে ভিন্নমাত্রা যোগ করে। এবারের ঈদে হাতের কাজের প্রাধান্য দেখা গেছে। এমব্রয়ডারি, অ্যাপ্লিক, চুমকির কাজসহ নানা ধরনের হাতের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পোশাকগুলো। কামিজটা জমকালো পরতে হবে তা নয়, জমকালো ভাব ফুটিয়ে তুলতে সাদামাটা সালোয়ার-কামিজের সঙ্গে জামদানি, মসলিন ওড়না পরতে পারেন। এই ঈদে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা রঙের পোশাকের চাহিদা রয়েছে। ক্যাপ্রি, লেগিংসে কুর্তার সঙ্গে মিলিয়ে লেইস ব্যবহার করা যেতে পারে। কম বয়সী মেয়েরা ঈদে লেহেঙ্গা, ঘাগড়া কাটের স্কার্ট পরতে পারে। এ ক্ষেত্রে টপের দৈর্ঘ্য কোমরের একটু নিচ পর্যন্ত হলে স্মার্ট দেখাবে। এসব পোশাকের সঙ্গে সাজটা অবশ্যই হালকা ধরনের হতে হবে। তা না হলে মেকআপের আড়ালে চেহারার স্নিগ্ধতা হারিয়ে যায়। মুখে হালকা বেইস, চোখে কাজল, আইলাইনার, আইশ্যাডো ঠোঁটে লিপগ্লস ব্যবহার করতে পারে। পোশাকের সঙ্গে মানানসই কোনো ক্লাচ ব্যাগ নিতে পারে। ব্যাগি প্যান্ট, হারেমের মতো ঢিলেঢালা প্যান্ট এবারের ঈদ-ফ্যাশনে নতুন ধারা যুক্ত করেছে। এ ধরনের প্যান্টের সঙ্গে হাতাকাটা কটি, কুর্তা পরলে আকর্ষণীয় দেখাবে কম বয়সী মেয়েদের—জানালেন ফ্যাশন হাউস যাত্রার প্রধান ডিজাইনার শ্যামলী। তিনি বলেন, প্যাচওয়ার্ক, হাতের সূক্ষ্ম কাজ ঈদের পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে। সালোয়ারের কাটিংয়ে ভিন্নতা রয়েছে। ধুতি সালোয়ারের মধ্যে বৈচিত্র্য আনা হয়েছে। খাটো কামিজ, শার্ট বা শার্ট কাটের কুর্তা—এসব সালোয়ারের সঙ্গে মানানসই। প্যান্ট বা সালোয়ারের সঙ্গে একই রঙের কামিজ, কুর্তা কিংবা কটি না পরাই ভালো। একঘেয়ে লাগতে পারে; বরং বিপরীত রংকে বেছে নিতে পারে। কামিজ প্রিন্টের হলে সালোয়ার একরঙা হলে ভালো দেখাবে। স্কার্টের চাহিদা এখনো আছে। কয়েক স্তরের ফ্রিল দেওয়া, একটু ঘেরের স্কার্টের পাশাপাশি এ লাইন কাটের লম্বা এবং সেমি লম্বা স্কার্ট চলছে। এসব পোশাকের সঙ্গে ফ্ল্যাট স্যান্ডেল সহজেই মানিয়ে যায়। থ্রি-কোয়ার্টার প্যান্ট, ক্যাপ্রি পরলে গ্ল্যাডিয়েটর বা ফিতাওয়ালা স্যান্ডেল পরতে পারেন।আড়ং, মায়াসির, ড্রেসিডেল, যাত্রা, দেশীদশ, একস্ট্যাসি, ওটুসহ অনেক ফ্যাশন হাউসে এসব পোশাক পাবেন।