রঙে ভরা শ্রীহট্ট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামাইল আঙ্গিকের নাচও ছিল আসামের শ্রীহট্ট সম্মিলনীতে। ছবি: সংগৃহীত
ধামাইল আঙ্গিকের নাচও ছিল আসামের শ্রীহট্ট সম্মিলনীতে। ছবি: সংগৃহীত

সিলেটের উত্তর-পূর্ব কোণের উপজেলা শহর বিয়ানীবাজারের প্রান্তসীমায় সুতারকান্দি নামে একটা গ্রাম আছে। একই নামে পাশের দেশ ভারতেরও একটি গ্রাম। এই গ্রামের ছোট্ট স্থলবন্দরটি হেঁটে হেঁটে শ খানেক মিটার পার হতেই ভারতের আসাম রাজ্যের এক ছোট্ট জেলা শহর, নাম করিমগঞ্জ।
ওপারের চেকপোস্টের ইমিগ্রেশনে ঢুকেই খটকা লাগল। ইমিগ্রেশন কর্মকর্তার কাছে যে লম্বা খাতা, তাতে এক এক করে দুই হাতের ১০ আঙুলের ছাপ দেওয়ার পর আবার ডান হাত, বাঁ হাতের পুরো থাবার ছাপ নিয়ে দুই কালিমাখা হাত ধুতে ধুতে লক্ষ করি ইমিগ্রেশন কর্তাদের মুখে একমাত্র সিলেটি ভাষা। যাদের সিলেটি বুঝতে অসুবিধা, তারা ইংরেজিতে কথা বলেন। প্রমিত বাংলার চল ওখানে নেই বললেই চলে। প্রধান যে ভাষায় কথা বলেন, তার নামই ‘সিলেটি ভাষা’। তাঁরা থাকেন ভারতের আসাম রাজ্যে, কিন্তু বলেন সিলেটি। এখন তাঁরা নানাভাবে সংগঠিত।
অবিভক্ত ভারতে সিলেটিরা প্রথম সংগঠিত হয়েছিলেন ১৮৭৬ সালে। উত্তর কলকাতায় গঠন করা হয়েছিল ‘শ্রীহট্ট সম্মিলনী’। যার প্রধান কাজ ছিল সিলেট থেকে কলকাতায় পড়তে আসা ছাত্রদের সাহায্য-সহযোগিতা করা। এরপর অনেক ঘটনাই ঘটে। বঙ্গভঙ্গ, দেশভাগ, ভারত-পাকিস্তান, পাকিস্তান-বাংলাদেশ—অনেক কিছু। এর মধ্যে সারা ভারতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিলেটিরা নানাভাবেই সংগঠিত হতে থাকেন। তৈরি হতে থাকে দক্ষিণ কলকাতা, মধ্যমগ্রাম, দিল্লি, শিলং, দুর্গাপুর, মুম্বাই, করিমগঞ্জ, বেঙ্গালুরু, আগরতলা, হায়দরাবাদ প্রভৃতি জায়গায় সিলেটিদের সংগঠন। একসময় এসব সংগঠন একত্র হয়ে তৈরি করে ‘অল ইন্ডিয়া ফেডারেশন অব শ্রীহট্ট সম্মিলনী’। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিন দিনের বিশাল আয়োজন হয়েছিল কলকাতায়। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সঙ্গে যৌথ আয়োজনে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন ইন্দো-বাংলা সিলেট উৎসবের আয়োজন করে। এদেরই ধারাবাহিকতায় করিমগঞ্জে ছয় মাস আগে গঠিত হওয়া বরাক উপত্যকা শ্রীহট্ট সম্মিলনী সংগঠনটি সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনীর পৃষ্ঠপোষকতায় জেলা শহরের নীলমনি হাইস্কুলের মাঠে ২৪ ও ২৫ ডিসেম্বর আয়োজন করেছিল দুদিনের এই জমজমাট উৎসব।
নীলমনি স্কুলে মাঠের মধ্যে শামিয়ানা টাঙানো হয়েছে। শামিয়ানার অবয়ব অনেকটা সেকালের আসামি স্থাপত্যরীতির চৌচালা ঘরের মতো। তার এক পাশে বিশাল মঞ্চ, মাঝখানে দর্শকদের বসার চেয়ার। আর মাঠের দুই প্রান্তে কতগুলো স্টল। সেখানে বেশ কিছু খাবারের দোকান, কিছু বই ও পত্রপত্রিকার স্টল। সকাল ১০টায় শুরু হয় পদ শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান। করিমগঞ্জে দুদিন থেকে মনেই হয়েছে যে এটা একটা উৎসববান্ধব শহর। পরিপাটি পোশাক পরে শত শত নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। তাঁরা গান গাইতে থাকেন। এই শোভাযাত্রার বিশেষত্ব ছিল—গানের সঙ্গে নাচ। আর গান ছিল রাধা রমণের, নাচ ছিল ধামাইল আঙ্গিকের। প্রায় দুই কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে, গাইতে গাইতে আর নাচতে নাচতে একসময় এসে শেষ করেন নীলমনি স্কুলের মাঠে।

উৎ​সবের তোরণ
উৎ​সবের তোরণ

আনুষ্ঠানিকতার শেষে শুরু হয় উৎসব। এসেছেন হাজারের মতো দর্শক। তাঁদের কেউ আগাগোড়াই সিলেটি, যাঁরা ৪৭-এর দেশ বিভাগের আগে থেকেই এখানে আছেন। আর অপর অংশটির নিজের বা তাঁদের পূর্বপুরুষের জন্ম বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং তাঁরা দেশভাগের অনেক পরে কোনো না কোনোভাবে ভারতের বিভিন্ন অংশে চলে যান। বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী প্রদেশ আসাম। এই আসামের সঙ্গে সিলেট অঞ্চলের মানুষের নানা রকম যোগাযোগ, আত্মীয়তা অনেক আগে থেকেই ছিল। রাজনৈতিক কারণে বিভাজন তৈরি হয়ে গেলে এ দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। অধিকাংশ হিন্দু চলে যায় আসামে। কিছু মুসলমান চলে আসে বাংলাদেশে। দুই অঞ্চল দুই ভৌগোলিক সীমানায় বিভক্ত হলেও একটা টান থেকে যায়। আর তার নিয়ামক হিসেবে কাজ করে তাঁদের মুখের ভাষা আর ফেলে আসা সংস্কৃতি। সে কারণেই হয়তো দুদিনের আলোচনায় ড. অমলেন্দু চক্রবর্তী, ড. শরদিন্দু ভট্টাচার্য, নিশীথ রঞ্জন দাস বা ড. সুবীর করের বক্তৃতামালা জুড়েই ছিল সিলেটের লোকগান, ভাষা—তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বা রাজনৈতিক প্রেক্ষাপটে সিলেটের দেশভাগ। তাতে কী পেয়েছেন ভারতে বসবাসকারী সিলেটিরা আর কী হারিয়েছেন তা নিয়েই তাঁদের দীর্ঘ আলাপ। লেখকেরাও এসেছিলেন তাঁদের লেখা কথামালা নিয়ে। বেশির ভাগের খেদ ছিল দেশভাগ নিয়ে। দেশভাগের বিড়ম্বনার গল্প অনেক শুনেছি। যার সঙ্গেই কথা হয়, মনে হয় তিনিই যেকোনো দেশভাগের উপন্যাসের নায়ক হতে পারেন। স্বজন হারানো, সম্পত্তি খোয়ানো মানুষের গল্প একেক জায়গায় একেক রকম।
বরাক উপত্যকার এই শ্রীহট্ট সম্মিলনীর সাংস্কৃতিক আয়োজনের প্রায় পুরোটাই ছিল বাংলাদেশকে ঘিরে। এখানকার সৈয়দ শাহনুর, কালাশাহ, রাধারমণ, শিতলং শাহ, হাসন রাজা, আরকুম শাহ এবং শাহ আবদুল করিমই ছিলেন ওখানকার শিল্পীদের কণ্ঠে প্রচারিত প্রধান সব গান। তবে সবচেয়ে বেশি গাওয়া হয়েছে রাধারমণকে। প্রাচীন বিবাহ সংস্কৃতি নিয়ে তিনটি নৃত্যনাট্যের সবগুলোতেই ছিল রাধারমণের গানের আধিক্য। আর ধামাইল গান গাইতে গাইতে মঞ্চে, মঞ্চের সামনে-পেছনে এমনকি শিল্পীদের সাজঘরেও ধামাইল নাচে মাতোয়ারা করে দেন বাংলাদেশের শিল্পী লাভলী দেব। তাঁর গানের সঙ্গে নাচতে নামেন করিমগঞ্জের এমএলএ, পুলিশ সুপার, এমনকি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকও। মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা থেকেও এসেছেন শ খানেক শিল্পী। আর করিমগঞ্জের শিল্পীরা তো ছিলেনই।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত খাজাঞ্জি ছিলেন একাই এক শ। তিনি যেমন সংগঠিত করেছেন সবাইকে, নিজে গানও গেয়েছেন, তাঁর ছাত্রছাত্রীরাও তা দেখিয়ে মুগ্ধ করেছেন। তবে, খুব অবাক লেগেছে শুনে যে এই অনুষ্ঠানের সঞ্চালকেরা খাস সিলেটি ভাষায় উপস্থাপনা করেছেন অনুষ্ঠান। শুধু তা-ই নয়, আনুষ্ঠানিক বক্তৃতা বা বিশেষজ্ঞদের আলোচনাতেও সিলেটি ভাষা ছিল প্রধান। দুদিনের জন্য গিয়েছিলাম বরাক উপত্যকা শ্রীহট্ট সম্মিলনীতে। আমার দায়িত্ব ছিল মূলত আগামী ফেব্রুয়ারি মাসের ২৪ থেকে ২৮ তারিখ পযর্ন্ত ঢাকা ও সিলেটে যে আন্তর্জাতিক সিলেট উৎসবের আয়োজন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা, তার দাওয়াত সেখানে পৌঁছানো। উৎসবের সামান্য বিরতিতে একটুখানি শহরটাকে ঘুরে দেখতে ইচ্ছে হয়েছিল। শহরের একপ্রান্তে একটা ছোট্ট নদী। দুইটা ইংরেজি ‘এস’ হরফ আকৃতির বাঁক নিয়ে করিমগঞ্জ শহরকে পাক দিয়ে বেরিয়ে গেছে। এই নদীর নাম কুশিয়ারা। আমাদের বিয়ানীবাজারের তলা দিয়ে এই কুশিয়ারার জল সুরমার পানিতে মিশেছে অতি সাবলীলভাবে, প্রকৃতির নিয়মে। তেমনি মুখের ভাষা বা সাংস্কৃতিক আচার কোনো রাজনৈতিক সীমারেখার তোয়াক্কা করে না, শ্রীহট্ট সম্মিলনী শেষে এই বোধ নিয়ে দেশে ফিরি।