রঙে মিলবে প্রশান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুশ্চিন্তা দূরে রাখতে পোশাকের বেলায় বেছে নিতে পারেন হালকা রঙগুলো। ছবি: প্রথম আলো
দুশ্চিন্তা দূরে রাখতে পোশাকের বেলায় বেছে নিতে পারেন হালকা রঙগুলো। ছবি: প্রথম আলো

ঠিক ১০টায় অফিসে পৌঁছাতে হবে৷ ঘড়ির কাঁটা ছুইঁ ছুঁই করছে ১০টার ঘর৷ কিন্তু তখনো আটকে আছি লম্বা যানজটে৷ সময়মতো অফিসে না পৌঁছালে তো নাম উঠবে লেটের খাতায়! আর এই ভাবনাতেই মেজাজ গেল চরম বিগড়ে৷ এমন সময় চোখ পড়ল রাস্তার দুধারে সবুজ গাছের সারির দিকে৷ স্নিগ্ধ হলো মন৷ মুহূর্তেই যেন হারিয়ে গেল সব দুশ্চিন্তা৷

সবুজ দেখলেই কেন মন ভালো হয়? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল জানান, গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ছাড়ে৷ এ জন্য প্রকৃতির সবুজের সান্নিধ্য আমাদের ভালো রাখে৷ তবে শুধু প্রকৃতির সবুজ গাছপালাই নয়, এমন অনেক রং আছে, যা মনে প্রশান্তি এনে দেয়৷ এই রংগুলোর মধ্যে অন্যতম হলো সাদা, হালকা নীল ও গোলাপি৷ এই ‘কুল’ কালারগুলো চোখের অপটিক নার্ভের মধ্য দিয়ে মস্তিষ্কের বিভিন্ন অংশে পৌঁছে ইতিবাচক উদ্দীপনার সৃষ্টি করে, যা মনকে প্রশান্ত করতে সহায়তা করে৷ এ জন্য দেখা যায়, অন্দরসজ্জাবিদেরা ঘরের ভেতরে এসব রং ব্যবহারের পরামর্শ দেন৷

প্রতিদিনের দুশ্চিন্তা একটু দূরে রাখতে পোশাকের রং থেকে শুরু করে ঘরের দেয়াল, পর্দা, বিছানার চাদরে এই রংগুলো ব্যবহার করতে পারেন৷ ঘরের পর্দায় থাকতে পারে হালকা নীল বা গোলাপি রং৷ অফিসের ডেস্কে রাখতে পারেন সবুজ গাছ৷ একইভাবে পোশাকেও এ রংগুলোর ব্যবহার এই গরমে আরাম এনে দেবে৷

মনকে শান্ত করে তোলার পাশাপাশি আপনার ভেতরকার সৃজনশীলতাও বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই রংগুলো৷ পাশাপাশি কাজকর্মে পাবেন নতুন উদ্যম৷ তবে এই রংগুলো যেমন চোখের শান্তি দেয়, তেমনি কিছু রং আছে, যা মনকে বিক্ষিপ্ত করে৷ কালো, লাল, মাল্টিকালারের মতো রংগুলো মনে নেতিবাচক প্রভাব ফেলে৷ তাই প্রতিদিনের ব্যবহার্য জিনিসে এসব রঙের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো৷