রঙে-রূপে বৈশাখ

রাত পোহালেই বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এদিন বিশেষ পোশাক আর সাজ তো চাই-ই চাই। চিরায়ত লাল-সাদা পোশাক যেমন থাকবে, তেমনি অন্যান্য রংও বাদ যাবে না। অনেকেই নিজেকে সাজানোর ভার বিউটি পারলারের ওপর দেন, কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা বাসায় নিজেই সেরে নেন সাজের বিষয়টি।
পোশাকের সঙ্গে মিলিয়ে তপ্ত বৈশাখের সাজটি কেমন হবে? এ বিষয়ে জানাচ্ছেন মেহেদীবাগের ফেয়ারটাচ বিউটি পারলারের রূপবিশেষজ্ঞ বাঁশরী ব্যানার্জি।
তাঁর পরামর্শ হলো, বৈশাখে সাজের জন্য আগের দিন থেকেই বিশেষ প্রস্তুতি নিতে হবে। মধু, দুধ আর উপটান মিলিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগানো যেতে পারে। উপটানের বদলে ময়দাও ব্যবহার করা যাবে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা শসার রস ব্যবহার করবেন। এতে করে পয়লা বৈশাখের দিন মুখে ভালোভাবে মেকআপ বসবে।
বৈশাখের সাজে প্রথমেই মুখসহ হাত, পিঠ ও ঘাড়ে সানব্লক লাগাতে হবে। যেহেতু এবার খুব গরম পড়ছে, তাই সাজটা হবে খুব হালকা। ত্বকের রং অনুযায়ী মুখে হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। মুখে কোনো দাগ থাকলে কনসিলার দিতে হবে, এতে করে ত্বক নিখুঁত দেখাবে। এরপর ফেস পাউডার লাগিয়ে নিতে হবে। ন্যাচারাল লুক আসে—এমনভাবে বেজ মেকআপ নিতে হবে। চোখে আইশ্যাডোর ক্ষেত্রে লাল রংকে পরিহার করতে হবে। এ ক্ষেত্রে ব্রাউন, পিচ—এ ধরনের রং বেছে নিতে হবে। চোখের কোণে কালো শেড চলতে পারে। এরপর চোখে কাজল ও আইলাইনার দিয়ে এঁকে নিতে হবে।
সাজে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে কাজলের বিকল্প নেই। কাজলের পাশাপাশি লাগাতে হবে মাসকারা। পুরো মেকআপ যাতে ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। লিপস্টিকের ক্ষেত্রেও বেছে নিতে হবে হালকা ম্যাট লিপস্টিক। কপালে লাগাতে হবে টিপ। গরমের কারণে চুল খোলা না রেখে বেণি বা খোঁপা করে নিতে হবে। খোঁপা বা বেণিতে ফুলের মালা কিংবা তাজা ফুল গুঁজে দিলেই পূর্ণ হবে বৈশাখী সাজ। আর গয়নার ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া যায় মাটি কিংবা অ্যানটিকের যেকোনো গয়না।
ছাড়ের খোঁজখবর: বৈশাখ উপলক্ষে নগরের প্রায় সব বিউটি পারলারেই বিভিন্ন সেবার ওপর ছাড় চলছে। গোলপাহাড় মোড়ের আলভিরাস বিউটি কেয়ারে পয়লা বৈশাখের সাজের প্যাকেজ রাখা হয়েছে এক হাজার টাকা। এতে থাকবে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরানো। সদস্যরা পাবেন অন্যান্য সেবার ওপর বিশেষ ছাড়। পারসোনা বৈশাখী সাজের খরচ পড়বে এক হাজার ৮০০ টাকা। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অফার চলবে। নগরের মেহেদীবাগের ফেয়ারটাচ বিউটি পারলারে চলছে সব ধরনের সেবার ওপর ১৫ শতাংশ ছাড়। পয়লা বৈশাখের প্যাকেজ থাকছে এক হাজার ২০০ টাকায়। মেহেদীবাগের মিরর বিউটি পারলারে ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের সেবায় ৩০ শতাংশ ছাড় চলছে। চট্টেশ্বরী সড়কের নিউলুক বিউটি পারলারের বৈশাখী প্যাকেজের খরচ এক হাজার টাকা। পূর্ব নাসিরাবাদের হিলভিউতে অবস্থিত টাচ অ্যান্ড গ্লো পারলারে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।