রঙের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের দেয়াল থেকে। কয়েকজন তরুণ মিলে ঠিক করলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে দেবেন মুক্তির রং। কীভাবে ছড়িয়ে দেওয়া যায়? এ জন্য তাঁরা খুজে নিলেন বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরগুলোকে। যেগুলো অবহেলার কারণে ছিল আবর্জনা আর চিকা-বিজ্ঞাপনের শিকলে ঢাকা। কয়েক রাত জেগেই রাঙিয়ে দিলেন নানা রঙে নোংরা দেয়ালগুলো।এমনই এক রঙিন গল্প তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েক হাজার শিক্ষার্থী। বুয়েট শহীদ মিনার থেকে পলাশী মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের মোট এক হাজার ৩০০ ফিট দেয়ালকেই বেছে নেন তাঁরা, মুক্তির রঙে রাঙানোর জন্য। ২৩ মার্চ থেকে শুরু হয় এই মহাযজ্ঞের যাত্রা। নোংরা দেয়ালগুলো চুনকাম করার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। বিভিন্ন বিভাগে শত শত শিক্ষার্থী, শিক্ষকেরা এসে যোগ দেন এই মুক্তির উৎসবে। সাদা দেয়ালগুলোয় আঁকাআঁকির কাজ শুরু হয় ২৪ মার্চ মধ্যরাতে ১০টা ১৮ মিনিটে। তিষা, নাফি, পিয়াল, ইমতিয়াজ—কারোরই তেমন ছবি আঁকার অভ্যাস নেই। কিন্তু এদিন ছবি আঁকার নেশা পেয়ে বসেছিল তাঁদের। পারুন না পারুন, দেয়ালগুলোয় রং লাগিয়েছেন ইচ্ছামতো। বন্ধুদের দেখে দেয়ালে রং করতে ছুটে আসেন সামি, নির্ঝর, ফাহিম, জুথি। এমনিতেই রাত জেগে পড়াশোনার অভ্যাস ছিল নিলম, সৌরভ, ফরহাদের। কিন্তু এদিন তাঁরা পড়ালেখাকে দেন ছুটি। মুক্তির রঙে নিজের ক্যাম্পাসকে রাঙাতে ছুটে আসেন। শুধুই কি শিক্ষার্থীরা, শিক্ষকদেরও দেখা যায় রং নিয়ে মেতে উঠতে।কী ছিল না এই দেয়ালচিত্রে। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নানা দৃশ্য, বাংলাদেশের মানুষ, প্রকৃতি, ইতিহাসের নানা দিক তুলে ধরা হয় এই দেয়ালচিত্রে। সারা রাত জেগে ছবি আঁকার সার্থকতা কোথায়? রাঙানোর এই আয়োজনের একজন আয়োজক তানভীর আরাফাত বলেন, ‘আমাদের দেশের মুক্তির সংগ্রামের কথা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে স্বাধীনতাসংগ্রামের কথা জানাতেই এই পরিশ্রম আমাদের।’২৬ মার্চ প্রথম প্রহরেই শেষ হয় এই মহাযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন জামান খান, পারিসা করিম বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছেন বুয়েটের শিক্ষার্থীর এমন আয়োজনে। আরমিন বলেন, ‘এটা নিঃসন্দেহে উৎসাহমূলক একটি খবর। পড়ালেখার বাইরে এমন কাজ শিক্ষার্থীদের সব সময়ই আনন্দ দেয়। তাই তো বুয়েট ক্যাম্পাসে এসে মুক্তির রং দেখতে এসেছি।’ শুধু কি বুয়েটের বর্তমান শিক্ষার্থীরাই এই রাঙানোর উৎসবে ছিলেন, সাবেকরাও যোগ দেন এই উৎসবে। ক্যাম্পাসকে রাঙানোর এই উৎসব যেকোনো বিয়েবাড়ির আনন্দকেও অতিক্রম করে। সারা রাত জেগে সবাই যেন বধূ সাজানোর উৎসবে মেতে ছিলেন।