রঙের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে রঙের ছড়াছড়ি। দূর থেকে মনে হলো, লাল-নীল-কমলা-হলুদের একটা স্রোত চলে যাচ্ছে। গন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ। একটু কাছে যেতেই কানে লাগল ঢোল-করতালের শব্দ, চোখে পড়ল রং-বেরঙের ফেস্টুন, বাহারি পোশাক আর বাঁশির পোঁ পোঁ শব্দে আনন্দরত শোভাযাত্রার উন্মাতাল যাত্রীদের।এই তাল-বেতালের শব্দ আর তালপাতার নান্দনিক পাখা আনন্দকে প্রাণের সঙ্গে একাত্ম করে তুলেছে। মনে হয়, যেন এই বৈশাখে বাঙালির নিজস্বতা পরিপূর্ণভাবে জেগে ওঠে।আনন্দ শোভাযাত্রা শুরু হয় পয়লা বৈশাখ সকাল নয়টায় স্টেশন চত্বর থেকে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দজোয়ার পৌঁছায় কেন্দ্রীয় খেলার মাঠে। কেন্দ্রীয় মাঠে পৌঁছেই বোঝা গেল আসল মহাযজ্ঞ কাকে বলে! মাঠজুড়েই বিচিত্র সব বাঙালি খেলা চলছে। বৈশাখের তপ্ত রোদে পুড়েও কারও কোনো ক্লান্তি চোখে পড়ল না।অনুষ্ঠানের শুরুতেই ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল মঞ্চে শুরু হয় বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেয় উদীচী, আবৃত্তিমঞ্চ, অঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথি শিল্পীরাও অংশ নেন।মাঠের এক পাশে চলছে সাপুড়ে নৃত্য। এর তালে তালে বাঙালির প্রাচীনত্বে মন নাড়া দিয়ে উঠল। ঐতিহ্যবাহী বলী খেলার আসরও বসেছিল মাঠের দক্ষিণ দিকে। দর্শকেরা যেন মন-প্রাণ ভরে পূর্ণ করল তাদের অতি পুরোনো আকাঙ্ক্ষা। সাপ খেলার মেলায় জলজ্যান্ত সাপ রোমাঞ্চকর অনুভূতির স্পর্শ দিল। দর্শকেরা সেই অনুভূতির স্বাদ নিতে বিন্দুমাত্র কার্পণ্য করল না; উপচে পড়ল, রোমাঞ্চিতও হলো। কাবাডি ও হাডুডু খেলায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।এর পরই কুষ্টিয়া থেকে আসা লাঠিয়ালদের লাঠিখেলা ও নাচের আসর বসে। এ যেন এক প্রাণের মিলন, জীবনের হরেক রকম রং—যার যেমন ইচ্ছা, যেভাবে যত খুশি আহরণ করুক। এ যেন বৈশাখের অবারিত নিমন্ত্রণ।মাঠ থেকে ভেসে আসে ঢোল-বাঁশির অবাধ বাজনা। নাগরদোলায় চড়ে শিক্ষার্থীরা ছিলেন উচ্ছল। এরই মধ্যে পুঁথিপাঠ সেই পৌরাণিক লোককথার চিত্রগুলো যেন চলমান করে তুলছিল।এ ছাড়া ছিল কবিগান, বাউলগান, পুতুলনাচসহ বিভিন্ন আয়োজন। সমাজবিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী সাদিয়া পুতুলনাচ দেখছিলেন। কেমন লাগছে জানতে চাইলে বললেন, ‘আজ রিপা, স্বদেশ, বাংলা বিভাগের নাসরিন, অর্থনীতি বিভাগের ঊর্মি আর আমি মিলে অনেক বেড়ালাম। চট্টগ্রাম শহরে বৈশাখী আয়োজন হলেও আমাদের ক্যাম্পাসের এ আয়োজনের মজাই আলাদা। আমি গালে রংতুলি দিয়ে নকশা আঁকিয়েছি। তবে চারদিকে এত মজার মজার কাণ্ড হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখব, বুঝতে পারছি না!’সবাই দল বেঁধে ঘুরছিল। মেয়েদের পরনে লাল-সাদা শাড়ি, খোঁপায় ফুল এবং কপালের রক্তিম টিপ ভোরের বৈশাখী সূর্যের কথাই মনে করিয়ে দেয়। ছেলেরা পাঞ্জাবি পরেছিল।স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছেন আবীর। কেমন মজা করছেন জিজ্ঞাসা করতেই হেসে উত্তর দিলেন, ‘আজকে সব বন্ধুবান্ধব মিলে বেড়াচ্ছি। আর রাতের প্রোগ্রামে অনেক নাচব; আরও মজা করব।’গ্রামীণ খেলাগুলো দেখে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র শাহরিয়ার বললেন, ‘বাঙালি সংস্কৃতি এত বৈচিত্র্যের, অনেক কিছুই আমরা দেখিনি, জানিও না। এই আয়োজনের মাধ্যমে আমাদের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হলো। বিশ্ববিদ্যালয়ে যদি এভাবে মাঝেমধ্যে এ রকম আয়োজন করা সম্ভব হয়, তাহলে আমরা ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারব।’নাগরিক হাতছানি, অর্থনৈতিক চাপ ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনের জাঁতাকলে পিষ্ট আমাদের লোকজ ঐতিহ্য ও গ্রামীণ রকমারি খেলা ও মেলা। বিশ্ববিদ্যালয়ে এ মেলায় সমাবেশ ঘটেছে সেসব ঐতিহ্যের। একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল চিন্তা-চেতনার সুযোগ ছিল সীমিত। এখন এ ক্যাম্পাসে গুণগত পরিবর্তন এসেছে। কয়েক বছর ধরে উদ্যাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘আমরা সব সময় এ ধরনের মেলা দেখতে শহরে যেতে পারি না। এখানে বৈশাখী মেলার আয়োজন করায় গ্রামবাসীসহ সবাই বেশ আনন্দিত।’ মেলায় রকমারি পণ্যের স্টল আরও বেশি পরিমাণে বসাতে পারলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন।বিকেলের আলো ম্লান হয়ে আসার পরপরই শুরু হয় নাটক অপেক্ষার বয়ান। পরিবেশনায় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নাটকের পর এস আই টুটুলের গানে মুগ্ধ দর্শক পরিপূর্ণ আনন্দ নিয়ে বাড়ির পথ ধরে।