মডেল কোরিওগ্রাফার আজরা মাহমুদ। ভালোবাসেন ঘুরে বেড়াতে, গান শুনতে। আজ থাকছে তাঁর স্টাইল।

একটা লাল আটার রুটি, এক কাপ সেদ্ধ পেঁপে, কুসুম ছাড়া ডিম আর একটা আপেল। এই হলো মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের সকালের নাশতা। ডাল, ভাত আর যেকোনো ধরনের ভর্তা তাঁর প্রিয় খাবার হলেও ওজন কিছুটা বেড়ে যাওয়ায় ইদানীং ডায়েট চার্ট মেনে খাচ্ছেন। প্রতিদিন সকাল আটটায় ঘুম থেকে ওঠার চেষ্টা করেন। এরপর বেশ কিছুটা সময় বাড়ির পাশের পার্কে হাঁটাহাঁটি করেন।
এরপর প্রস্তুতি নেন কাজে যাওয়ার। সাধারণত সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরতে চেষ্টা করেন। কাজের চাপ বেড়ে গেলে তা কখনো রাত আটটার কাঁটা ছুঁয়ে যায়। আজরা বলেন, ‘আজকাল অনেক অনুষ্ঠান উপস্থাপনা করি। কাজের ব্যস্ততাও বেড়েছে। অবসর খুব একটা মেলে না। তবে এরই মধ্যে যেটুকু সময় পাই তা পরিবারের মানুষের সঙ্গে গল্প করে কাটাই।’
সব সময় হাসিখুশি আর প্রাণোচ্ছল আজরা সময়-সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশ-বিদেশে। ভালোবাসেন গান শুনতে। বাপ্পা মজুমদার আর ফাহমিদা নবীর গানে অন্য রকম ভালো লাগা খুঁজে পান ।

বরাবরই প্রকৃতির সঙ্গে মিলিয়ে পোশাকের রং নির্বাচন করে থাকেন আজরা। শীতের এই সময়টায় কালো রঙের পোশাক পরবেন বলে ঠিক করেছেন। কাজের সুবিধার জন্য পাশ্চাত্য ঘরানার পোশাক যেমন পালাজ্জো বা জিনসের সঙ্গে টপ পরতে বেশি স্বাচ্ছন্দ্য। তবে আজরার প্রিয় পোশাক শাড়ি। বেশির ভাগ সময় আড়ং আর দোয়েল সিল্ক থেকে কেনাকাটা করেন। ইদানীং শখের বশে স্কার্ট পরছেন। পোশাকটা যেমনই হোক না কেন তার সঙ্গে মিলিয়ে গয়না পরতে খুব পছন্দ করেন। সোনা, রুপা, মুক্তা, আ্যন্টিক—সব ধরনের গয়নাই আছে তাঁর সংগ্রহে। লিপস্টিক, আইলাইনার আর কাজল দিয়ে সাজতে ভালোবাসেন। এড়িয়ে চলেন ভারী মেকআপ। ‘এতে চেহারার নিজস্বতা হারিয়ে যায়।’ বলেন আজরা।
২৫০ জোড়া জুতা আছে আজরার সংগ্রহে। বাড়িতে রূপচর্চার সময় না পেলেও ত্বক ও চুলের ব্যাপারে সচেতন আজরা জানান, প্রতি মাসে একবার বিউটি পারলারে গিয়ে ফেসিয়াল করান। হাত ও পায়ের যত্নে ১৫ দিনে একবার পেডিকিওর ও ম্যানিকিওর করিয়ে থাকেন। চুলের যত্নে টকদইয়ের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে চুলে লাগান। বাইরের এসব যত্ন তো আছে, তবে আজরা মনে করেন মনের ভেতরের সৌন্দর্যই আসল।
তবে তাঁর সফলতার পেছনে মডেল ও কোরিওগ্রাফার তুপার অবদান সবচেয়ে বেশি। তাঁর প্রতি কৃতজ্ঞ তিনি।
আজরার বাবা সাবেক সেনাকর্মকর্তা। আর তাই ছোটবেলা থেকেই বাড়িতে কঠোর নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। সময়ের কাজ সময়ে করার বিষয়টি শিখেছেন বাবার কাছেই। পারিবারিক মূল্যবোধগুলো ধারণ করে পথচলার চেষ্টা করেন। আর মডেল আর কোরিওগ্রাফার আজরা মাহমুদ হয়ে নয়, মানুষের মনে একজন ভালো মানুষ হয়ে টিকে থাকতে চান।
