রঙে-ঢঙে শিশুর ঈদ


নতুন পোশাক লুকিয়ে রাখার মজা হয়তো এখন নেই। তাই বলে ছোট্ট শিশুর নতুন ঈদপোশাক কেনার আনন্দ কমেনি একটুও। বাজার ঘুরে সবচেয়ে পছন্দের পোশাকটাই তো কিনতে হবে ঈদের জন্য।

রঙের বাহার ছোটদের বেশ পছন্দ। তবে এর সঙ্গে পোশাকটি আরামদায়ক কি না, তাও দেখা চাই। আড়ংয়ের টিনএজদের পোশাক ডিজাইনার মাহী জানান, এবার ঈদের জন্য সুতি ও জর্জেট কাপড়ের পোশাক তৈরি করা হয়েছে বেশি। পাশাপাশি কিছু পোশাকে নেটেরও ব্যবহার করা হয়েছে। আড়ং এবার ঈদে দুই ধরনের পোশাক তৈরি করেছে। রাতের পোশাকের জন্য মেরুন, কালো, নীল, নেভি ব্লু ও লাল রং বেশি ব্যবহার করা হয়েছে। আর দিনের বেলার পোশাকে হালকা নীল, গোলাপি, মেরুন, সাদা, হলুদ ইত্যাদি রঙের প্রাধান্য বেশি। তাঁতের কাপড়ের ওপর ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি ও প্রিন্ট করে নকশা করা হয়েছে পোশাকে।
ছোটদের পোশাকের দোকান শৈশবের ব্যবস্থাপনা পরিচালক মাহাফুজর রহমান বলেন, ‘এবার ছোটদের পার্টি লুকের পোশাক তৈরি করেছি। আর যেহেতু পোশাকটি ছোটদের বৈচিত্র্যময় রঙের ব্যবহার তো আছেই।’ ছোট মেয়েদের জন্য ফ্রক, টপের পাশাপাশি শাড়ি, সালোয়ার–কামিজ, লেহেঙ্গাও পাওয়া যাচ্ছে। ছেলেদের সুতি কাপড়ের পাঞ্জাবিই বেশি চলছে; এ ছাড়া জিনস, টি-শার্ট, ফতুয়া তো আছেই।
২ থেকে ১০ বছরের মেয়েদের সালোয়ার–কামিজ ৮৫০ থেকে ৩০০০ টাকা। ছয় মাস থেকে দেড় বছর বয়সীদের ঘাগরা ৮০০ থেকে এক হাজার টাকা। দুই বছর থেকে ১২ বছর বয়সীদের ঘাগরা এক হাজার থেকে তিন হাজার টাকা। ফ্রক ৪৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। টপ ৭৫০ থেকে দুই হাজার টাকা। মেয়েদের শাড়ির সেট এক বছর থেকে ১২ বছর বয়সীদের ১০০০-১৬০০ টাকা। ছেলেদের জিনস, গ্যাবার্ডিন প্যান্ট ছয় মাস থেকে দেড় বছর বয়সীদের ৩০০ থেকে ৫৫০ টাকা। দুই বছর থেকে ১৪ বছর বয়সীদের ৬০০ থেকে ৯০০ টাকা। ফরমাল শার্ট ৪৫০ থেকে ৭৫০ টাকা। ফতুয়া ৩০০ থেকে ৪৫০ টাকা।
এখন অনেক ফ্যাশন হাউস ও শোরুমে শুধু ছোটদের পোশাক তৈরি ও বিক্রি করে থাকে। যেমন: শৈশব, মায়াসীর কিডস, হ্যাপি অক্টোপাস ইত্যাদি। ছোটদের পোশাক আড়ং, শৈশব, দেশী দশ, স্বদেশী, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আজিজ সুপার মার্কেট, সানরাইজ প্লাজা, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, মৌচাক মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া মার্কেট, ইস্টার্ন প্লাজাসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে পাবেন। এ ছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরগুলোয় ছোটদের পোশাক পাওয়া যায়।