নেশায় বুঁদ হয়ে আছে রাহুল আনন্দ। বন্ধ ঘর, মুঠোফোন পৌঁছানো দুরূহ। পাওয়া যাচ্ছে না, খুঁজেও লাভ নেই। ভীষণ যে দরকার। হুঁশ করে জেগে ওঠে রাহুল শুশুকের মতো, একদম পেটের কাছে ‘এই তো আমি’। রাহুলের নেশা কাটে—কাজের নেশা, সৃষ্টির নেশা। এক নিঃশ্বাসে যুবক কিষানের মতো রৌদ্রতাপের বিপ্রতীপে দাঁড়িয়ে তুলে আনে ডালিভরা ফসল। এই নেশা দ্রব্যগুণহীন সৃষ্টির নেশায় ধ্যানী রাহুল। প্রচণ্ড আবেগতাড়িত-আপাত সুফি বাহির লেবাসের ভিতর কখনো বেবুঝ বেবুন; আবার কখনো নাকের জলে, চোখের জলে অবুঝ কিশোর; বায়না ধরেছে মেলায় নাগরদোলায় চড়বেই, চড়বি তো চড় আর নামে না—শিল্পী আর মানুষ এই টানাটানির মাইনকা চিপায় আটকে যায়। শহর যেদিন রাহুলের দিকে প্রথম চাইল সেদিন শুভ নববর্ষ।বৈশাখী শোভাযাত্রার প্রত্যুষে প্রথম রহুলকে দেখা। চারুকলার সামনের রাস্তায় হাজারও মানুষের ভিড়ে একদম আলাদা। আলাদভাবে কাঁধে জীবন্ত বানর নিয়ে নকল বাঘ, কুমির, হাতি আর যাবতীয় মুখোশের মিছিলের অগ্রভাগে সে। এবং বানর আর বহনকারীর আচরণের সাদৃশ্য-বিসাদৃশ্য তখন আলোচনার বিষয়। সেই দেখা, তারপর একেবারে সোজা আরণ্যক নাট্যদলে আগমন এবং প্রথম দিন থেকে মহড়ায় অংশগ্রহণ। নাটক করবে? কী জানো বালক? জানে সে অল্পই—অল্প বাঁশি বাজাতে, অল্প খোল-করতাল, অল্প আঁকাতেও। অনেক ‘অল্প’ মিলে এক রকম ভার হয় এবং নাট্যগুরু মামুনুর রশীদকে বলতেই ইতিবাচক সাড়া আসে। রাহুল থিয়েটারের হয়ে যায়, নাটকের হয়ে যায়। আরণ্যকে প্রথম পাঠ নিতে না নিতেই ঘটনাচক্রে নতুন নাট্যঘর প্রাচ্যনাটের গুরুদায়িত্বের আংশিক জোয়াল কাঁধে তার। দুর্বিষহ সময়—কোথায় মহড়া, কোথায় নাটক, কী নাটক, শিল্পী-কলাকুশলী কই আর সব ব্যবস্থাপনার পিছে যে অর্থ জোগান সেই অর্থই বা কই—টাকা নেই। সেই দুঃখ দিনে আরও থাকে নানা মান-অভিমান, অনিশ্চয়তা, হতাশ, হুতাশ, চিৎকার, মুহূর্তের ফুৎকার—ধর-মার ছাড়-গড় কত কী। সবকিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে—যখন পথে রটে গেছে থিয়েটার ‘আমাদের কাঁধের ব্যাগে গন্তব্য’ পেয়েছে। আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে আছি, রাহুল আমাদের সমান্তরাল দাঁড়িয়ে আছে ঋজু। থিয়েটারকে ঘরের ভেতর আশ্রয় দিয়েছে, থিয়েটারের মানুষকে আশ্রয় দিয়েছে, থিয়েটারের ভেতর নিজের ঘর করেছে।জীবন-নাটকের নানা ঘাত-প্রতিঘাতে শিশুবেলা থেকেই তো বাস্তব রঙ্গমঞ্চে রাহুল লড়াকু সৈনিক। মামাবাড়ি হবিগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে নারায়ণগঞ্জ, আবার সিলেট আবার ঢাকা-নারায়ণগঞ্জ করে করে যুবক হয়ে যায় রাহুল। রাহুলের এই মাক্কু ভ্রমণ তার নিজের জন্য যতটা, তার চেয়ে বেশি নির্ধারণ করে দিয়েছিলেন বাবা গুনেন্দু কুমার দাস—গুনেন্দু পরিব্রাজক নন, ভবঘুরে পথিক এক? শুনতাম, ওই শ্মশানে পড়ে আছেন ধ্যানে অথবা শুনলাম সাধুদের সঙ্গে চলে গেছেন হিমালয়। ঘরের খবর, বাড়ির খবর, হাঁড়ির খবর কোনো দিন জানা ছিল না। মা কনকাঞ্জলি নানা চড়াই-উত্রাইয়ে আগলে রেখেছেন, পেলে-পুষে বড় করেছেন। আর আছে মাসি-মেসো, দু-একজন নিকটাত্মীয়। গুনেন্দু ফিরেছিলেন ঘরে—ঘর তাঁর সয় না, চলে গেলেন কয়েক বছর আগে ইহধাম ছেড়ে—হঠাৎ।বাবার পরিব্রাজক মন-চিন্তা জগতে নানা পরিব্রাজনে নিয়েছে ওকে আর মায়ের স্মৃতিনির্ভর বৃহত্তর সিলেটের নাট্য-কথা-গীত তৈরি করেছে রাহুলকে মাটিসংলগ্ন এক শিল্পীতে। এক যুগের ব্যবধানেই রাহুল যেখানে মনোযোগী হয়েছে, সেখানেই হয়েছে ম্যাজিক—কি সংগীতে, অভিনয়ে, লেখায়, আঁকায়, নির্মাণে। কোন দূর দেশ থেকে এক সংগীতযন্ত্র হাতে আসার সঙ্গে সঙ্গেই পেয়েছে সুরের মূর্ছনা। ছোটখাটো ইংগিত, ভাঙা স্বপ্ন, চকিত দেখাশোনা ছেঁড়াকুটো রাহুলের আশ্চর্য পরিচর্যায় হয়ে উঠেছে পুষ্পিত। রাহুলের করোটির কয়েকটি ছেঁড়া তার—ওর ঘাড়ের কয়েকটি বাঁকাত্যাড়া রগ মখমল প্রলেপে জোড়া দিয়ে সোজা করে লেপ্টে আছে অর্ধাঙ্গিনী শুকলা। শুকলার মোলায়েম হাসি, শুকলার চোখ, শুকলার ক্ষীণকণ্ঠের জোরাল বার্তায় রাহুলের জগৎ—সাধু সংস্কার হয়েছে। রাহুলের আলোয় আমরা অনেকেই আজ আলোকিত, মুখরিত আমরা তার সদা প্রাণোচ্ছল উপস্থিতিতে। জয়তু রাহুল।