রজতজয়ন্তীতে ক্বণনের কাব্যিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ও ভারতের কাব্যভুবন ও আবৃত্তি অঙ্গনের ডজন খানেক তারকা খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী ও কবিদের উপস্থিতিতে গত শুক্রবার সম্পন্ন হলো আবৃত্তি সংগঠন ক্বণনের রজতজয়ন্তী উৎসব। ৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। ক্বণনের সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বনামধন্য কবি ও আবৃত্তিকারেরা আলোচনায় অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি মহাদেব সাহা, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, সুবোধ সরকার , আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, ডালিয়া আহমেদ, শায়লা আহমেদ, ভারত থেকে আগত আমন্ত্রিত আবৃত্তিশিল্পী রোকেয়া রায়, শফিকুল ইসলাম বাহার ও কবি ভাস্কর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, ‘কবিতা ও আবৃত্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দেশে আবৃত্তিতে এখনো পেশাদারিত্ব আসেনি। যাঁরা আবৃত্তি চর্চা করেন, তাঁরা মনের তাগিদে কবিতাকে ভালোবেসে আবৃত্তি চর্চা করে যান।’প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মোসতাক খন্দকারের গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘একদিন ভোর হবে’ ও একক আবৃত্তি পরিবেশন করেন ক্বণন সদস্যবৃন্দ। এরপর আমন্ত্রিত আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, শায়লা আহমেদ, শফিকুল ইসলাম, ডালিয়া আহমেদ, মৌসুমী রায় চৌধুরী ও ইকবাল সাকী। রাতে স্বরচিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন আসাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহাদেব সাহা। উৎসবের শেষদিনেও ছিল কবিতা ও আবৃত্তিকে ঘিরে নানা আয়োজন। এদিনের প্রথম পর্বে ‘বাংলাদেশের আবৃত্তি শিল্প:সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাসিম আহমেদ। অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আলোচক ছিলেন শফিকুল ইসলাম, চৌধুরী গোলাম মাওলা, অরুণ ভদ্র এবং আবৃত্তিশিল্পী ও সংবাদপাঠক শামসুজ্জোহা। এরপরে মোসতাক খন্দকারের গ্রন্থনা ও নির্দেশনায় ক্বণন সদস্যরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি ‘বিপন্ন সময়ের যাত্রী’। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, শামসুজ্জোহা ও মোসতাক খন্দকার। রাত সাড়ে আটটায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি সুবোধ সরকারের কবিতা কোলাজ ‘যা আমি বিশ্বাস করি’ পরিবেশন করেন সুবোধ সরকার ও আবৃত্তিশিল্পী রোকেয়া রায়।