রজার গোয়েনের 'জোছনা ও জননীর গল্প'
>

১৯৬৪ সালে ঢাকায় এসেছিলেন প্রথম। ঢাকায় সেই প্রথম আগমনই তাঁর জীবন পাল্টে দিয়েছিল চিরতরে। রজার গোয়েন প্রেমে পড়েছিলেন এই ভূখণ্ডের। সেই ভালোবাসার টানেই ১৯৭১ সালে রজার কাজ করেছেন লন্ডনে বাংলাদেশ সংগ্রাম পরিষদের জন্য। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে বাসিন্দা রজার এখনো বুকে ধারণ করে আছেন বাংলাদেশের জন্য ভালোবাসা আর মুক্তিযুদ্ধের চেতনা। ইংরেজি ভাষাভাষীদের কাছে আমাদের মুক্তিযুদ্ধকে পৌঁছে দিতে ভাষান্তর করেছেন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জোছনা ও জননীর গল্প।
মুক্তিযুদ্ধে একজন রজার গোয়েনের অবদান ও তাঁর করা হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প-এর অনুবাদ প্রসঙ্গ উঠে আসে গল্পে গল্পে। শুনেই রজার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠি।
রজারের খোঁজে
গত ৮ জানুয়ারি রজারকে একটি ই-মেইল পাঠাই। ১১ জানুয়ারি তিনি উত্তর দিলেন, ‘আজাদ ভাই, আপনার বিদ্যুৎ বার্তা (ই-মেইল) পেয়ে খুশি হলাম। আপনি আমার প্রিয় ভাই আশরাফের বন্ধু। সুতরাং আপনি আমারও বন্ধু এবং ভাই। বাংলাদেশ আমার দ্বিতীয় মাতৃদেশ। অর্ধশতাব্দীর ওপরে চলছে—বাংলাদেশ ও অনেক বাঙালি বন্ধুবান্ধবের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে।’
আরও কিছু বিষয় জানতে চেয়ে ওই দিনই আরেকটি মেইল পাঠাই। এর মধ্যে প্রধান প্রশ্ন ছিল জোছনা ও জননীর গল্প কেন অনুবাদ করতে আগ্রহী হলেন? রজার ১৮ জানুয়ারি তার উত্তর দেন। আবারও চমত্কার বাংলায় লেখেন, ‘জোছনা ও জননীর গল্প বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলাম এই আশায় যে এ দেশে (ইংল্যান্ড) যত বাঙালি মা-বাবাদের ছেলে ও মেয়ে উত্তরাধিকারসূত্রে বাঙালি হলেও বাংলা ভাষা ভালোমতো জানে না এবং বাংলা বই পড়তে পারে না, তারা এ বইটা ইংরেজিতে পড়ে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে। ইতিহাসের বই পড়ে যেটুকু বোঝা যাবে, তার চেয়ে অনেক বেশি বোঝা যাবে হুমায়ূন আহমেদের উপন্যাসটি পড়লে—এই ছিল আমার ধারণা। কারণ, জোছনা ও জননীর গল্প ১৯৭১-এর পরিবেশ, সমাজ, ভাব, ঘটনা—সবকিছু মিলিয়ে অতুলনীয় এক জীবন্ত চিত্র। এ দেশের বাঙালি ছেলেমেয়েরা অনেকেই ১৯৭১-এর ঘটনা সম্বন্ধে কিছু জানে না, বাংলাদেশের অবস্থা কেমন ছিল, কত কষ্টে স্বাধীন হয়েছিল, তারা জানে না। তাদের এসব কিছু বোঝানোর আশায় কাজটা করেছিলাম।’
জোছনা ও জননীর গল্প বইিটর ইংরেজি সংস্করণের নাম রজার দিয়েছেন লিবারেশন। প্রকাশক রজার নিজেই। বইটি আমাজনের (www.amazon.com) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
রজার বাংলা বলেন বাঙালিদের মতোই। লেখেনও চমত্কার। আরও মজার বিষয়, তিনি অনর্গল কথা বলতে পারেন সিলেটের আঞ্চলিক ভাষায়। তিনি যেন একজন ‘ভিনদেশি বাঙালি’। এই শিরোনামে তাঁকে নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর সাপ্তাহিক বিচিত্রায় একটি লেখাও ছাপা হয়েছিল।

রজারের ঢাকা
রজারের পুরো নাম রজার গোয়েন। জন্ম ১৯৪১ সালে। বাড়ি যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে। সামাজিক নেতৃত্ব বিষয়ে এমএ করেছেন। রজার ১৯৬৪ সালে সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল (এসসিআই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে প্রথম ঢাকায় এসেছিলেন। রজার ভারত হয়ে ট্রেনে ফুলবাড়ীতে নামেন। সেখানে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ওই সংগঠনের পূর্ব পাকিস্তান গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। তিনি প্রথম জীবনে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। পরে বাংলাদেশ রসায়নশিল্প সংস্থার প্রধান চিকিত্সা কর্মকর্তা হিসেবে অবসর নেন।
১৫ মার্চ ফোনে মাসুদুর রহমানের সঙ্গে কথা হয়। মাসুদুর জানান, ১৯৬৪ সালে তিনি ফুলবাড়ী থেকে রজারকে নিয়ে এসে ঢাকায় গ্রিন রোডে তাঁর নানার বাসায় ওঠেন। এ সময়ে তিনি বাংলা শিখে যান। এমনকি মাসুদুর রহমানের নানি রোকেয়া মান্নানের লেখা স্মৃতিকুসুম নামের আত্মজীবনীটিও ইংরেজিতে অনুবাদ করে ফেলেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি এসেছিলেন। তাঁর সঙ্গে দেখা হয়েছে। পরে লন্ডনে গিয়েও দেখা হয়েছে। এখন ই-মেইলে যোগাযোগ হয়। বছর তিনেক রজার ছিলেন ঢাকায়। তখনই এ দেশকে ভালোবেসে ফেলেন। চলনে-বলনেও যেন বাঙালি হয়ে যান। ডাল-ভাত তাঁর প্রিয় খাবার হয়ে ওঠে। মুক্তিযুদ্ধ শুরু হলে রজার লন্ডনে বাংলাদেশ সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে বাঙালিদের সঙ্গে কাজ শুরু করেন। অক্টোবরে (১৯৭১) তিনি গ্রানাডা টেলিভিশন কোম্পানির সঙ্গে আবারও বাংলাদেশে আসেন। তঁারা পাকিস্তান সরকারের অনুমতি নিয়ে গ্রানাডা টেলিভিশনের পক্ষ থেকে ঢাকায় ঢোকেন। পাকিস্তান সরকারের সঙ্গে তঁাদের কথা হয়েছিল, তঁারা অধিকৃত অঞ্চলে খাদ্য বিতরণের ছবি তুলে টেলিভিশনে প্রচার করবেন। রজার যে বাংলা জানতেন, এটা সরকারের লোকজন জানত না। লন্ডনে বাংলাদেশ সংগ্রাম পরিষদের কাজ করেন—এ তথ্যও তাদের কাছে ছিল না। এই সুযোগে রজার ওই দলের গাইড ও দোভাষী হিসেবে কাজ করতেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করেন। তাঁদের চিত্র ধারণ করেন। নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম এবং চরাঞ্চলে যুদ্ধ পরিস্থিতির ছবিও তোলেন। কিন্তু সেগুলো প্রচার করতে গিয়ে বাধল বিপত্তি।
পাকিস্তানি সরকার ফিল্মের পুরো রিল চেক না করে ছাড়বে না। কিন্তু রজারের ভিডিওগুলো রঙিন ফিল্মে ধারণ করা। প্রসেস করতে হলে লন্ডনে পাঠাতে হবে। রজার রাজি হলেন লন্ডন থেকে প্রসেস করে আনতে। পাকিস্তান সরকার তা না করে শান্তিনগরে অবস্থিত তত্কালীন ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস দপ্তরে তাঁর সব নেগেটিভ আটকে রাখল। পরে একজন বাঙালি কর্মকর্তা ‘পাসড’ সিল দিয়ে এগুলো গোপনে রজারের হাতে তুলে দেন। এরপর ইংল্যান্ডের গ্রানাডা টেলিভিশন প্রচার করে আমাদের মুক্তিযুদ্ধের সেই ভিডিও চিত্র। কিন্তুগ্রানাডা টেলিভিশন কোম্পানি (এখন আইটিভি গ্রানাডা) বন্ধ হয়ে যাওয়ার পর সেই ‘অমূল্য’ ফুটেজও আর উদ্ধার করা সম্ভব হয়নি রজারের পক্ষে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রজারের একটি সুখের স্মৃতি ছিল, ‘শেখ সাহেব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) লন্ডনে গেলে অত ভিড়ের মধ্যেও আমি তাঁর সঙ্গে দেখা করেছি এবং হ্যান্ডশেক করেছি।’
এখনো বন্ধু
আশরাফ আহমেদ ১৯৬৬ সালে কলেজছাত্র ছিলেন। সেই সময় দিনাজপুরে রজারের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এত বছর ধরে রজার তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছেন। আশরাফ আহমেদ এখন একটি বহুজাতিক কোম্পানির চা-বাগানের পরামর্শক। রজার যতবার বাংলাদেশে এসেছেন, তাঁর সঙ্গে দেখা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি লন্ডনে যান। এ সময় আশরাফ আহমেদের সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলে ছিলেন। রজার একটি ভারতীয় রেস্তোরাঁয় তাঁদের আপ্যায়ন করান। রজার লেখালেখি করেন। শান্তিবাদী মানুষ। যুদ্ধের বিরুদ্ধে তাঁর অবস্থান নিয়ে ফেসবুকেও লেখেন।
আশরাফ আহমেদ বলেন, রজার সারা জীবন সেবামূলক কাজের মধ্যে ডুবে থাকলেন। এখনো কার্বন নিঃসরণের প্রতিবাদে বিমান ভ্রমণ ত্যাগ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধে অবদানের জন্য রজারকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দিতে পারলে তাঁর এই অবদানের স্বীকৃতি মিলত। বাংলাদেশ নিয়ে রজারের অনুভূতি কেমন? নমুনা মিলবে তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস থেকে।দুই বছর আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে রজার গোয়েন লিখেছেন, ‘আজ থেকে ঠিক ৫০ বছর আগে (২৮.১১.১৯৬৪) আমি ঢাকায় পৌঁছেছিলাম, আর আমার জীবন বদলে গিয়েছিল চিরতরে। আমি বাংলাদেশের প্রেমে পড়েছিলাম, পেয়েছিলাম আমার সেরা বন্ধুদের। এখানে আমি পেয়েছিলাম সুখ আর পূর্ণতা। ধন্যবাদ, বাংলা মাতাকে।’