লেখনীর মাধ্যমে আজীবন মানুষের কথা বলেছেন। ছিলেন একাধারে কথাসাহিত্যিক, কলামিস্ট ও ক্রীড়া লেখক। সমসাময়িক যুগে এ রকম বহুমাত্রিক লেখকের উদাহরণ বিরল। ১৪ অক্টোবর শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রয়াত সচিব ও কথাসাহিত্যিক রণজিৎ বিশ্বাসের নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সাবেক উপসচিব হৃদয় রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রীতা দত্ত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রমুখ। শোকসভায় স্মৃতিচারণা করেন রণজিৎ বিশ্বাসের স্ত্রী শেলী সেনগুপ্তা।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, রণজিৎ কুমার বিশ্বাস শ্রমজীবী মানুষের জন্য লিখেছেন। তাঁর ক্রীড়াবিষয়ক লেখাও মানুষকে মুগ্ধ করে। বিজ্ঞপ্তি।