রণতূর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময়ই নিজের প্রতি আস্থা রাখেন আজমেরী ফেরদৌস। আর এর ফল তিনি পেয়েছেন শিক্ষাজীবনের প্রতিটি স্তরে। তূর্য নামেই বন্ধুদের কাছে তিনি বেশি পরিচিত। ফেরদৌসের বড় সফলতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।রংপুরের ছেলে ফেরদৌস। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পাস করেন তিনি। বাবা আবুল কাশেম ব্যবসায়ী, আর মা রেবেকা সুলতানা গৃহিণী।ফেরদৌস জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথমে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই সমাজবিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী হন। বিভাগ পরিবর্তন করে তিনি সমাজবিজ্ঞানে ভর্তি হন। শুরু থেকেই বিভাগে প্রথম হওয়ার জন্য তিনি পড়ালেখা করতে থাকেন। ফেরদৌস বলেন, ‘নিয়ম মেনে লেখাপড়া করা এবং শুরু থেকেই নিজে নোট তৈরি করে পড়েছি। ভালো লেখকদের মূল বই পড়েছি। এতেই সবচেয়ে বেশি সফলতা পেয়েছি।’ সম্মান প্রথম বর্ষ থেকেই ইন্টারনেটে বিভিন্ন বিদেশি লেখকের বই সংগ্রহ করেন তিনি। ইংরেজিতে ভালো দখল থাকায় নোট করতেও তাঁর সুবিধা হয়।ভালো সফলতার পেছনে নিজের প্রতি আস্থাই ফেরদৌসকে বেশি সহায়তা করেছে। ফেরদৌস বলেন, মাধ্যমিক শ্রেণীতে ৪.২৫ মানবিক বিভাগ থেকে পেয়ে অনেকটা হতাশ হয়েছিলাম। তবে নিজের প্রতি আস্থা রেখেছি। আর সেই জোরেই উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেলাম। উচ্চমাধ্যমিকে ভালো ফল করে ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। সেখানেও ১৯৮তম হয়ে নিজের আস্থার প্রমাণ পান। তবে নিজের প্রতি আস্থার ফল তিনি স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের সময় পেয়েছেন। দুই পরীক্ষায় তিনি বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। সম্মানে পেয়েছেন ১৩৩২ নম্বর। আর স্নাতকোত্তরে জিপিএ-৪-এর মধ্যে পেয়েছেন ৩.৯৮।বন্ধুদের নিয়ে আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালোবাসেন ফেরদৌস। পছন্দ করেন ভ্রমণ করতে। শখের বসে তিনি ছবিও তোলেন। একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি। তবে সবচেয়ে বেশি পছন্দ করেন গিটার বাজাতে। ফেরদৌস বলেন, আগে বড়দের কাছে শুনতাম, প্রথম শ্রেণীতে প্রথম হতে গেলে রাত-দিন পড়ালেখা করতে হয়। কিন্তু আমার বেলায় সেই ‘তত্ত্ব’ খাটেনি। যতটুকু সময় পড়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি। আনন্দ নিয়ে পড়েছি। নিজেই নিজের নোট তৈরি করে নিজের ওপর আস্থা রেখেছি। অল্প সময়ে মনোযোগ দিয়ে অনেক ভালো ফল করা সম্ভব বলে মনে করেন ফেরদৌস। যুক্তরাষ্ট্র থেকে সোশিওলজি মাইন্ড জার্নালে তাঁর লেখা একটি প্রবন্ধ মনোনীত হয়েছে, যা প্রকাশিত হবে আসছে অক্টোবরে।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন—এমনটাই ইচ্ছা প্রকাশ করেন ফেরদৌস। তিনি বলেন, যে জ্ঞানার্জন করেছি, তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।