
মুক্তিযোদ্ধা সৈয়দ আমীর আলী। চোখের সামনে বড় ভাই সৈয়দ সিরাজউদ্দিন পাকিস্তানি বাহিনীর হাতে চট্টগ্রামে শহীদ হন। ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারেননি। দেশ স্বাধীন করার নেশায় ঘর ছাড়েন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধের একপর্যায়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় গ্রেনেড নিেক্ষপে এক পাকিস্তানি হানাদারকে হত্যা করতে সক্ষম হই। সেই যুদ্ধে ধরা পড়ার পর রাইফেলের বাঁট দিয়ে আমার পাঁজর ভেঙে দেওয়া হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হই।’
আরেক মুক্তিযোদ্ধা শাহজাহান ফরিদী। ১৯৭১ সালে ২ এপ্রিল নগরের ঝাউতলায় পাকিস্তানি বাহিনী হত্যা করে তাঁর বাবা তৎকালীন রেলওয়ের চিফ ইন্সপেক্টর অব সিগনালার শহীদ আবদুস সামাদ মিয়াকে। তিনি তখন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবার শোক বুকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এভাবেই একে একে ১০ সংবর্ধিত মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন খণ্ডচিত্র তুলে ধরেন।
বিজয় দিবস উপলক্ষে ÿ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রামস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি। গত বুধবার নগরের দেওয়ানহাট মোড়ের সংগঠন কার্যালয়ে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের গল্প শোনান।
সংগঠনের সভাপতি মো. বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমাম আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহেন শাহ, বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম ও সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান। ছাত্রনেতা মো. শাহীন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খায়রুল আলম সুজন, মোহাম্মদ নুরুজ্জামান, ই এন এ জামান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও স্মৃতিচারণা করেন মো. সবদার আলী, শেখ গোলাম রসুল, মো. দেলোয়ার হোসেন, মো. সহিদুল ইসলাম হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. লিয়াকত আলী শেখ ও মো. শহিদুল আলম।