রণাঙ্গনের সেই মুহূর্তের খোঁজে
>

প্রশিক্ষিত বাহিনী না হয়েও দেশপ্রেমের জোরে মুক্তির সংগ্রামে রণাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন বাংলার যোদ্ধারা। তবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণহত্যা ও শরণার্থীশিবিরের অনেক ছবি থাকলেও রণাঙ্গনের চিত্র ক্যামেরাবন্দী হয়েছে খুবই কম। এখন রণাঙ্গনের কিছু চিত্র আছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে। চট্টগ্রামের তরুণ সাব্বির হোসাইনের গড়া এই আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে ছবিগুলো। তিনি শোনালেন ছবি সংগ্রহের গল্প
ত্রিপুরা-কুমিল্লা সীমান্ত। চারদিকে জঙ্গল। মাঝখানে পাহাড়ের পাদদেশে ছোট্ট সমতলে তিন যোদ্ধা। মর্টার শেল নিয়ে প্রস্তুত তাঁরা। সামনে তীক্ষ্ণ দৃষ্টি। দলনেতার পরনে খাকি পোশাক। আর সহযোগী দুজন একেবারে সাদামাটা। মলিন শার্ট-প্যান্ট। খালি পা। দৃশ্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের। এ ছবি ক্যামেরাবন্দী করেন ভারতীয় আলোকচিত্রী রবিন সেনগুপ্ত। ছবি তোলার দিনক্ষণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি ৩ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে কোনো একটি অভিযানের।
প্রশিক্ষিত বাহিনী না হয়েও দেশপ্রেমের জোরে মুক্তির সংগ্রামে এভাবেই রণাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন বাংলার যোদ্ধারা। তবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণহত্যা ও শরণার্থীশিবিরের অনেক ছবি থাকলেও রণাঙ্গনের এসব চিত্র খুব কমই ক্যামেরাবন্দী হয়েছে। কারণ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী তাদের বর্বরতা ধামাচাপা দিতে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। তারপরও রণাঙ্গনের কিছু ছবি তোলা হয়েছে, তা–ও হাতে গোনা। তা ছাড়া এসব দুর্লভ ছবির বেশির ভাগ বাংলাদেশে সংরক্ষিত ছিল না। এখন রণাঙ্গনের কিছু চিত্র আছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে। চট্টগ্রামের তরুণ সাব্বির হোসাইনের গড়া এই আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে ছবিগুলো। এসব ছবি সংগ্রহ করা ছিল কষ্টসাধ্য। পোড়াতে হয়েছে অনেক কাঠখড়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করা সাব্বির আর্কাইভের কাজের জন্য এক বছর ধরেই আছেন ঢাকায়। মুঠোফোন ও ই–মেইলের মাধ্যমে কথা হয় তাঁর সঙ্গে। শুরুতেই জানান রবিন সেনগুপ্তের সেই ছবি সংগ্রহের কাহিনি। রবিন সেনগুপ্তের লেখা চিত্র সাংবাদিকের ক্যামেরায় মুক্তিযুদ্ধ বইটিতে প্রথম রণাঙ্গনের ওই ছবিটি তাঁর চোখে পড়ে। এরপরই খোঁজ শুরু করেন। রবিন সেনগুপ্ত যেহেতু ত্রিপুরার সাংবাদিক, সে জন্য যোগাযোগ করেন আগরতলার কয়েকজন বন্ধুর সঙ্গে। তাঁদের মধ্যে তাপস পাল নামের একজন সেই ছবিটির খোঁজ দেন। সেটির মূল কপি (ছাপানো ছবি-ব্রোমাইট) সংরক্ষিত আছে আগরতলা স্টেট আর্কাইভে। তাপস মূল ছবিটি স্ক্যান করে পাঠান তাঁর কাছে।

সাব্বির বলেন, ‘আমার কাজের শুরুই হয় মুক্তিযুদ্ধের সময়কার ছবি সংগ্রহের মাধ্যমে। বিশেষ নজর দিতাম রণাঙ্গনের ছবির ওপর। এভাবে রণাঙ্গনের দুটি দুর্লভ ছবি ও একটি ভিডিও সংগ্রহ করেছি।’
ত্রিপুরা-কুমিল্লা সীমান্তের সেই ছবি ছাড়াও মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে এখন আছে ঐতিহাসিক ছবির ভান্ডার বাটম্যান কালেকশনের কাছ থেকে নেওয়া আরেকটি রণাঙ্গনের ছবি। যেটি উত্তরবঙ্গের শিয়ালদাহ নদীর তীরের, যেখানে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে অবস্থান নিয়েছেন। এই ছবিটি তোলা হয় ১৯৭১ সালের ২২ নভেম্বর।
আছে কুমিল্লা সীমান্তে মুক্তিযোদ্ধাদের অভিযানের দুর্লভ একটি ভিডিও। ২ নম্বর সেক্টরের অভিযানের এই ভিডিওটির চিত্রগ্রাহক ছিলেন মাইক হুইটেকার। একাত্তর সালে যুক্তরাজ্যের গ্রানাডা টেলিভিশনের জন্য এটি করা হয়। এতে দেখা যায় সেক্টর কমান্ডার তৎকালীন মেজর খালেদ মোশাররফের একটি অভিযানের চিত্র। এটি সংগ্রহ করা হয় এপি (অ্যাসোসিয়েট প্রেস) আর্কাইভ থেকে।
সাব্বির বলেন, ‘মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের চিত্র হিসেবে বেশি প্রচারিত ছবিটি এমন—কাঁধে রাইফেল নিয়ে পুকুরপাড় ধরে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন যোদ্ধারা। সাদা–কালো ছবিটি প্রায় সময় যুদ্ধের চিত্র হিসেবে ব্যবহার হলেও এটি কোন আলোকচিত্রীর তোলা তা এত দিন আমাদের জানাই ছিল না। আমরা সেই তথ্য উদ্ধার করেছি। ছবিটি ফরাসি আলোকচিত্রী রেমন্ড ডিপার্ডনের তোলা। সময় ১৯ নভেম্বর ১৯৭১। ওই সময় ভারতের যশোর সীমান্ত দিয়ে অভিযানের জন্য মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ঢুকেছিলেন।’
রণাঙ্গনের এসব ছবিসহ মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে রয়েছে পাঁচ হাজার ছবি। ওয়েবসাইটটি মূলত মুক্তিযুদ্ধের বই, দলিল, পত্রিকা, মুক্তিযোদ্ধাদের গেজেট, প্রামাণ্যচিত্র, ভিডিও ফুটেজ, চলচ্চিত্র, অডিও ও আলোকচিত্রের একটি ডিজিটাল গণপাঠাগার ও আর্কাইভ। প্রায় ১৫ টেরাবাইট ডিজিটালাইজড তথ্য রয়েছে এতে। এটি ইন্টারনেটের মাধ্যমে পাঠক-গবেষক বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। মুক্তিযুদ্ধের এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ব্যক্তিগত সংগ্রাহক, ব্রিটিশ লাইব্রেরি, আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেস, সুইডেন ও অস্ট্রেলিয়ার বিভিন্ন লাইব্রেরিসহ দেশি-বিদেশি বিভিন্ন আর্কাইভ থেকে।
সাব্বির জানান, তিনি কাজ শুরু করেন ২০০৭ সালে। তখন নাম দেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র’। এরপর শুরু হয় দেশ-বিদেশ থেকে তথ্য সংগ্রহের কাজ। এর মধ্যে তাঁর সঙ্গে যোগ দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শান্তা আনোয়ার। পরে তাঁরা সাংগঠনিক কাঠামো দাঁড় করান। বর্তমানে তাঁরা দুজন ছাড়াও আছেন ১২ জন গবেষক ও কর্মী। সাইটটি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট’ নামে নিবন্ধিত হওয়ার পর গত বছরের ১৪ নভেম্বর মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ নামে অনলাইনে আনুষ্ঠানিক যাত্রা করে। এই ওয়েবসাইটে এরই মধ্যে ১২ লক্ষাধিক পাঠক নিবন্ধন করেছেন।
ডিজিটাল পাঠাগার ও আর্কাইভের পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর জাদুঘর নির্মাণের লক্ষ্যে বর্তমানে কাজ করছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাদুঘর স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন। আছে আরও কিছু উদ্যোগ—মুক্তিযুদ্ধবিষয়ক শিক্ষা কার্যক্রম (মুক্তিযুদ্ধ পাঠশালা), মুক্তিযোদ্ধাদের ভিডিও সাক্ষাৎকার ও গবেষণা-প্রকাশনা কার্যক্রম।
কী লক্ষ৵ নিয়ে সাব্বিররা শুরু করেন কার্যক্রম? জানতে চাইলে তাঁর দীর্ঘ উত্তর, ‘একাত্তরের পরাজিত শক্তির দোসররা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সব অর্জন ধূলিসাৎ করে বিতর্কিত করার চেষ্টা করেছে রাষ্ট্রের জন্মইতিহাস। অনলাইনেও একাত্তরের পরাজিত শক্তিরা হানা দিয়েছে। নেমেছে অপপ্রচারে। ফলে নতুন প্রজন্মের যাঁরা সঠিক ইতিহাস জানতে চান তাঁদের পড়তে হয় বিভ্রান্তিতে। সব বিভ্রান্তি ও স্বাধীনতার বিপক্ষ শক্তির অপপ্রয়াসকে রুখে দিতে আমরা কাজ করছি।’
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ লিংক : www.liberationwarbangladesh.org
দুই নম্বর সেক্টরের অভিযানের ভিডিও লিংক : https://youtu.be/1dC_jPA3w8Q