রত্নগর্ভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবস উদ্যাপনে বিশ্বাসী আমি নই। তবু এবারের মা দিবস আমার এবং আমার মতো অনেকের জন্য ছিল একটি অন্য রকম দিন। আমার প্রিয় শান্তিপ্রিয়, নিরহংকারী, প্রকৃতিপ্রেমিক মা আমিনা বেগম পেলেন ‘রত্নগর্ভা ২০১৫’ পুরস্কার। এই দিনটিকে ঘিরে আজাদ প্রোডাক্টসের আয়োজন মুগ্ধ করেছে সব আমন্ত্রিত অতিথিকে।
সোনালি খামে পাঠানো হলো মায়েদের জন্য নিমন্ত্রণপত্র। বর্ণিল, স্পষ্ট আর বড় বড় অক্ষরে লেখা হলো মায়ের জয়গান। মায়েদের বরণ করে নেওয়া হলো ফুলেল শুভেচ্ছায় আর শ্রদ্ধায়; দেখলাম মায়েদের মুগ্ধতা, গভীর উচ্ছ্বাস। সবার মধ্যে বিরাজ করছিল বন্ধনের উষ্ণতা—এক পরিপূর্ণতার আবেগ। হলভর্তি স্নিগ্ধ আলোয় জ্বলজ্বল করছিল একেকজন সার্থক মায়ের চোখ।
আমি দেখছিলাম আমার মায়ের আত্মপ্রত্যয়ী পদক্ষেপ। বয়সের মলিনতা, ক্লান্তি ছাপিয়ে সহাস্যে দৃপ্ত পায়ে অভ্যর্থনামঞ্চের দিকে এগিয়ে যেতে। মনে হলো নাগরিক বাস্তবতার ঘড়ির কাঁটা ক্ষণিকের জন্য স্থির হয়ে রইল মায়েদের বন্দনায়।
দিবস সমাপ্ত হয়েছে, আয়োজন শেষে বলরুম সেজেছে অন্য কোনো অনুষ্ঠানের জন্য। কিন্তু সম্মানিত মায়েরা যে সুন্দর অনুভূতি নিয়ে ফিরে গেছেন, তার আমেজ রয়ে যাবে আরও বহু দিন।
জয় হোক সব মায়ের, জয় হোক আয়োজকদের।