রত্নগর্ভা রত্না রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন খাবারের টেবিলে পাঁচটি প্লেট থাকত। একদিন একটি প্লেট কমে গেল। উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে বড় ডিগ্রির জন্য বাড়ি ছাড়ে বড় ছেলে। দুই বছর পর গেল মেজ ছেলেটা, আরও দুই বছর পর আদরের ছোট মেয়েটাও বড় ভাইদের পথ ধরল। সেই থেকে নজরুলের সেই গানটা ‘শূন্য এ বুকে পাখি ফিরে আয়...’ নিত্যসঙ্গী তাঁদের মা রত্না রায়ের। রত্নারা তখন থাকতেন উগান্ডায়। স্বামী অশোক নাথ রায় সরকারি চাকরি করতেন, রত্না পড়াতেন উগান্ডার জিনজা সিনিয়র সেকেন্ডারি স্কুলে। সেই স্কুল থেকেই সেকেন্ডারি পাস করেন রত্নার বড় ছেলে শুভ রায়। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওর মাউন্ট ইউনিয়ন কলেজে ভর্তি হন। সেটা ১৯৮৮ সালের কথা। ৯০ সালে জয় রায় আর ৯২ সালে ছোট মেয়ে চৈতী রায়ও যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনার জন্য। ১৯৭৫-৯৫—টানা ২০ বছর উগান্ডায় কাটিয়ে দেশে ফেরেন রত্না রায় ও তাঁর স্বামী। তখন বুকটা খালি খালি লাগে, তিন সন্তানের একজনও যে পাশে নেই! কিন্তু একটু কান পাতলেই আরেকটি গান শুনতে পান রত্না—সে গানে তাঁর সন্তানদের বিজয়গাথা। তাতে বুকটা ভরে ওঠে গর্বে। রত্নার তিন সন্তানই আজ আলো ছড়াচ্ছেন। চৈতী থাকেন যুক্তরাষ্ট্রের ওহাইওতে, নামকরা চিকিৎসক তিনি। জয় ভাসকুলার সার্জন, থাকেন সুইডেনের স্টকহোমে। আর শুভ রায়? তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্কুল অব ফার্মেসি অ্যান্ড থেরাপিউটিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এখন শুভ। কৃত্রিম কিডনি তৈরি করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। এটি চিকিৎসাবিজ্ঞানে অসামান্য কীর্তি হিসেবে গণ্য হচ্ছে। শুভ রায়ের মা রত্না রায় এমনই রত্নগর্ভা। সন্তানেরা থাকেন সাত সাগর তের নদীর ওপারে। আর চট্টগ্রামের শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কের সিপিডিএল ভবনের ফ্ল্যাটে থাকেন রত্না রায় ও তাঁর স্বামী অশোক নাথ রায়। কথার গাড়ি না থামতেই এসে যোগ দেন শুভ রায়ের বাবা অশোক নাথ। বলেন, ‘সন্তানেরা দূরে থাকে, তারা কাজে ব্যস্ত। দু-এক দিন পরপরই ফোন করে খবর নেয়। আমরা তাদের দেখে আসি। ওরাও আসে তিনজন দলবেঁধে। তখন কী যে আনন্দ হয়।’ কথা কেড়ে নেন রত্না—‘এক সপ্তাহ আগে ফোন করেছিল শুভ, প্রায় প্রতিদিনই মুঠোফোনে খুদেবার্তা দিয়ে খবর নেয়। কাজের চাপে কথা বলতে পারে না বেশি। বলে তাদের কাছে চলে যেতে। কিন্তু মন চায় না। ছেলেদের জন্য মন কাঁদলেও দেশ ছেড়ে কোথাও যেতে মন সায় দেয় না।’আনমনে বলে ওঠেন রত্না—‘ছেলেটা আমার রান্না খেতে চায়। শুঁটকিটা বেশ পছন্দ করে। আমি যখন যাই, তখন রান্না করে খাওয়াতে হয়। ছেলেবৌ মনিকা ম্যাথুস মার্কিন নাগরিক। সে-ও কিন্তু লুচি-পরোটার জন্য পাগল।’এবার শুভর একটা গল্প বলেন রত্না—‘ঢাকার সিদ্ধেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে নার্সারিতে পড়েছে। শুভ। একদিন তার বাবা তাকে স্কুলে দিয়ে অফিসে চলে যান। কিন্তু ছেলেকে বাড়ি নিয়ে আসার কথা ভুলে যান। হঠাৎ আমার খেয়াল হলো, আমি অনেকটা দৌড়ে স্কুলে গেলাম। সেখানে দেখি শুভ ছাড়া আর কোনো ছাত্র নেই, দারোয়ান তাকে নিয়ে অপেক্ষা করছে। আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম। স্কুলে ও পথে একটা কথাও বলেনি সে। বাসায় এসে যেই বললাম বাবা তোমার কি ভয় হয়েছিল? সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! শুভদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়।’ রত্না রায়ের সেই কষ্ট ভুলিয়ে দেয় কিছু কথা। সে কথা শোনা যাক তাঁর মুখেই—“কয়েক দিন আগে দিনাজপুর থেকে ফোন করেছিলেন এক লোক, বললেন প্রথম আলোর ছুটির দিনেতে তিনি পড়েছেন আমার ছেলে শুভ রায় কৃত্রিম কিডনি আবিষ্কার করেছে। কীভাবে ফোন নম্বর জোগাড় করেছে তার ফিরিস্তি দিয়ে আকুল হয়ে জানতে চাইলেন—শুভ রায়ের কিডনি মানুষের শরীরে কখন প্রতিস্থাপন করা যাবে? আমি তার কাছে কারণ জানতে চাইলে বলে-‘আমার কিডনি অকেজো হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপন করতে না পারলে বেশি দিন বাঁচব না। প্লিজ আপনার ছেলেকে বলুন তাড়াতাড়ি কিডনি তৈরির কাজ শেষ করার জন্য।’ আমি স্তব্ধ হয়ে গেলাম। দুটো হাত জোড় করে বিধাতার কাছে প্রার্থনা করলাম এ মৃত্যুপথযাত্রী মানুষটার ইচ্ছেটা যেন পূরণ হয়, আমার শুভ যেন সফল হয়।”