রথযাত্রা মহা ধুমধাম
আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে কোনো উৎসব মানেই ঢাকার অদূরে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব। এই লোকজ উৎসবের শুরু হাজার বছর আগে।ইতিহাস বলছে, পাল বংশের শেষ রাজা যশোবন্ত পাল মাটির ঢিপি খুঁড়ে প্রাচীন এক মন্দির থেকে মাধবমূর্তির সন্ধান পান। রাজা তখনকার শ্রেষ্ঠ পণ্ডিত গৌর রায়কে মূর্তিটির পূজা-অর্চনার দায়িত্ব দেন। গৌর রায় মাধবের নামের আগে রাজা যশোবন্ত পালের নামের আংশিক যোগ করে বিগ্রহটির নাম রাখেন ‘যশোমাধব’। একপর্যায়ে পণ্ডিত গৌর রায় যশোমাধব বিগ্রহটির পূজা-অর্চনার দায়িত্ব দেন তাঁর জামাতা রামজয় মৌলিককে। এরপর ধামরাইবাসী রামজয় মৌলিককে নিয়ে আসেন ধামরাইয়ে। যশোমাধবকে ঘিরে ধামরাইয়ে গড়ে ওঠে মন্দির। আজও সেই মন্দিরে নিয়মিত চলে মাধবের পূজা-অর্চনা।কথিত আছে, এই রামজয় মৌলিকই ১০৭৯ সালে রথযাত্রার দৈবাদেশ পান। এর পর থেকেই ধামরাইয়ে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব। প্রথমে বাঁশের তৈরি একটি রথ দিয়ে উৎসবের যাত্রা শুরু হলেও পরবর্তীকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদারদের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় ৭০ ফুট উচ্চতাবিশিষ্ট একটি রথ। ধামরাই, মানিকগঞ্জের সাটুরিয়া, সিঙ্গাইর এবং গাজীপুরের কালিয়াকৈরের শিল্পীরা ওই রথটি নির্মাণ করেন। তিনতলাবিশিষ্ট কারুকার্যমণ্ডিত ওই রথের প্রথম ও দ্বিতীয় তলার চার কোণে চারটি করে প্রকোষ্ঠ ছিল আর তৃতীয় তলায় ছিল একটি প্রকোষ্ঠ।১৯৭১ সালের এপ্রিল মাসের গোড়ার দিকে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা মাধব মন্দিরে হানা দিয়ে মাধবমূর্তিসহ রথটি পুড়িয়ে ফেলে। দেশ স্বাধীন হওয়ার পর ছোট আকারের একটি কাঠের রথ তৈরি করা হয়েছিল। ওই রথ দিয়েই দীর্ঘদিন ধরে চলে আসছিল রথযাত্রা উৎসব। যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সদস্য সুকান্ত বণিক জানান, ২০০৬ সালের রথযাত্রা অনুষ্ঠানে এসে ঢাকার ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি ভারত সরকারের অনুদানে বড় আকারের একটি রথ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ বছর নতুন একটি রথ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের ইউডিসি কেলভিন টেকনো টাচ নামের একটি প্রতিষ্ঠান রথটি নির্মাণে সার্বিক দায়িত্ব পালন করে। নকশা তৈরিতে সহায়তা করে সিইসি ইন্ডিয়া নামের ভারতের একটি প্রতিষ্ঠান। রথটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৭৮ লাখ টাকা।৪০ জন শিল্পী ছয় মাসেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে ৩৭ ফুট উচ্চতা ও ২০ ফুট প্রস্থের কারুকার্যখচিত নতুন রথটি নির্মাণ করেন। লোহার খাঁচার ওপর সেগুন ও চাম্বল কাঠ বসিয়ে খোদাই করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় সব শৈল্পিক নিদর্শন। এতে রয়েছে লোহার তৈরি ১৫টি চাকা। রথের সামনে রয়েছে কাঠের তৈরি দুটি ঘোড়া ও সারথি। এ ছাড়া রথের বিভিন্ন প্রকোষ্ঠে স্থাপন করা হয়েছে কাঠের তৈরি দেব-দেবীর মূর্তি।রথযাত্রা উৎসব ঘিরে ধামরাই শহরের প্রধান সড়কের দুই পাশে বসে মেলা। মেলায় থাকে বিভিন্ন ধরনের দোকান, যার অধিকাংশই কুটিরশিল্পের। আরও থাকে পুতুলনাচ ও সার্কাস।