রনির কণ্ঠে মান্না দের গান
‘আমি যে জলসা ঘরে’, ‘যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ’, ‘খুব জানতে ইচ্ছে করে...’ প্রবাদ প্রতিম শিল্পী মান্না দের জনপ্রিয় এই গানগুলো শুনলেই শ্রোতারা হারিয়ে যান স্মৃতিসুখকর দিনগুলোতে। গত ৩০ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হলো। দর্শককে আবেগে ভাসাতে যেন মান্না দের রূপে মঞ্চে হাজির হলেন শিল্পী রনি গুহ।আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত এই সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন আরএফ এইচ হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে সাভারে ভবনধসের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শিল্পী মান্না দের গাওয়া মোট ১৭টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র। উপস্থাপনায় ছিলেন জহিরুল হক। যন্ত্রানুষঙ্গে ছিলেন লিটন মিত্র (তবলা), সৃজন রায় (কিবোর্ড), সজল সরকার (বেইজ গিটার), জুয়েল দাশ (অক্টোপ্যাড), রাজীব ঘোষ (লিড গিটার) ও শ্যামল দাশ (বেহালা)।