রপ্তানি কমে গেছে হাড় ব্যবসায় মন্দা
হরেক পশুর হাড় চারদিকে, আর তা নিয়ে হইচই। কেউ বস্তা ভরে আনছেন, কেউ তা ভাঙছেন, তা নিয়ে এলাহি কাণ্ড। হাড় নিয়ে হাজার কাজের এমন চিত্র দেখা গেল কালুরঘাট বিসিক শিল্প এলাকার বোন মিলসে।এ কারখানায় গরু-মোষ-ছাগলের হাড় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়, রপ্তানি হয় বিদেশেও। ক্যাপসুলের গায়ে প্লাস্টিকের প্রলেপ, সিরামিকের পণ্য ও আঠা (গ্লো) তৈরি হয় হাড় দিয়ে। ব্যবহার করা হয় আরও কত কাজে। সেজন্য এ হাড় যায় জাপান, ভারতসহ বিভিন্ন দেশে। তবে পশুর ম্যাডকাউ ও অ্যানথ্রাক্স রোগের প্রকোপ ও নানা কারণে বিদেশে হাড় রপ্তানি ১০০ মেট্রিকটন কমে গেছে।মুনির অ্যান্ড সিরাজ এন্টারপ্রাইজের মালিক আব্দুল ওয়াজেদ জানান, ‘গত তিন দশক ধরে চট্টগ্রামের বিভিন্ন কারখানায় হাড় প্রক্রিয়াজাত ও বিদেশে রপ্তানি করা হচ্ছে। কয়েক বছর আগে ৬০০ মেট্রিক টন হাড়ের গুঁড়ো রপ্তানি হতো বিদেশে। তবে সাম্প্রতিক সময়ে পশুর বিভিন্ন রোগসহ নানা কারণে রপ্তানি কিছুটা কমেছে। এ বছর ৫০০ মেট্রিক টন হাড়ের গুঁড়ো রপ্তানির আশা করছেন তাঁরা। যার বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি।’জানা যায়, ১৯৮০ সালের দিকে হাড়ের ব্যবসা শুরু হয়। চট্টগ্রামে চার-পাঁচটি কারখানা ছিল, তবে গত পাঁচ বছরে অর্থসংকটসহ নানা কারণে তিনটি কারখানা বন্ধ হয়ে গেছে। এখন কালুরঘাট বাহির সিগন্যাল এলাকার মুনির অ্যান্ড সিরাজ এন্টারপ্রাইজ ও আকতার বোন মিলস টিকে আছে। জানা যায়, অ্যানথ্রাক্সের কারণে এখন গরু জবাই কমে গেছে, তাই হাড়ের সরবরাহও কম। হাড়ের দামও চড়া। ম্যাডকাউ রোগের কারণেও ২০০১ সালে এ ব্যবসায় ধস নেমেছিল বলে জানান সংশ্লিষ্ট লোকজন।একটি কারখানার মালিক নাম প্রকাশ না করে বলেন, ‘বরিশালে দেশের একমাত্র ক্যাপসুলের প্রলেপ (জিলেটিন) তৈরির কারখানাটি আছে। এখানে চট্টগ্রামের কারখানায় প্রক্রিয়াজাত করা বেশির ভাগ হাড়ের গুঁড়ো বিক্রি হয়। কিন্তু বরিশালের কারখানা কর্তৃপক্ষ হাড় বিক্রিতে একেক সময় একেক নিয়ম বেঁধে দেয়। ফলে আমরা বিপাকে পড়ি। তিনি বলেন, সরকারি ঋণসুবিধা ও নগদ সহায়তা আরও ১০ শতাংশ বাড়লে সম্ভাবনাময় এ শিল্প টিকে থাকবে।’ কারখানার শ্রমিক রানু বেগম জানান, এখানে পশুর মাথার খুলি, শিং, অস্থি, তরুণাস্থি, চোয়াল একসঙ্গে মিশিয়ে গুঁড়ো (পেস্ট) করা হয়। তারপর তা বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। জানা যায়, নগরের বিভিন্ন স্থান থেকে হাড় সংগ্রহ করে কারখানায় বিক্রি করেন হকারেরা। অলংকার, বড়পুল, মাদারবাড়ি, স্টিলমিল, কাঠগড় এলাকা থেকে লোকজন এগুলো সংগ্রহ করেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা এ কাজে জড়িত। বড়পুল এলাকার হকারেরা জানান, ‘আমরা প্রতিকেজি হাড় পাঁচ-ছয় টাকায় কিনে নেন। পরে আড়তদারদের কাছে দুই-এক টাকা লাভে বিক্রি করেন। আড়তদার প্রতিমণ ৪০০-৪২০ টাকায় কারখানায় বিক্রি করেন। ১৫-২০ বছর ধরে কারখানায় কাজ করেন মো. কাসেম। তিনি জানান, তাঁরা ঘণ্টা হিসেবে কাজ করেন। এখানে নিয়মিত আর অনিয়মিত—দুই ধরনের কর্মচারী আছেন। সব মিলিয়ে ২০-৩০ জন নারী-পুরুষ কাজ করেন। কাসেম বলেন, ‘আমরা প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করি। পুরুষ-মহিলা ভেদে পারিশ্রমিকও আলাদা। পুরুষ শ্রমিকেরা পান ১২০-১৩০ টাকা, মহিলারা ৮০-৯০ টাকা।’ এ অল্প বেতনে সংসার চালানো যায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কীভাবে চলবে বলেন? কাজটায় পরিশ্রম বেশি। তারপরও পেটের দায়ে করতে হয়, কারণ যখন কাজ থাকে না তখন বেকার থাকতে হয়।’ কথা হলো আকতার বোন মিলসের শ্রমিক রহিমা বানুর সঙ্গে। তিনি বলেন, ‘১০ বছর ধরে কাজ করছি আমি। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করি। মাঝেমধ্যে অতিরিক্ত (ওভারটাইম) কাজও করতে হয়। তখন রাত নয়টা পর্যন্ত থাকতে হয়।’ মুনির অ্যান্ড সিরাজ এন্টারপ্রাইজের কর্মচারী আবুল খায়ের বলেন, ‘অ্যানথ্রাক্সের কারণে এখন মানুষ গরুর মাংস কম খাচ্ছেন। ফলে প্রয়োজনীয় হাড় সরবরাহ করতে পারছেন না আড়তদারেরা। ব্যবসা একটু মন্দ এখন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ ব্যবসা চাঙা হবে।’