রপ্তানি হচ্ছে ‘রইন্যার’ মিষ্টিপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুমাইবিলের ধানের জন্য বিখ্যাত ‘রইন্যা’র (রাঙ্গুনিয়া) মিষ্টিপান রপ্তানি হচ্ছে প্রতিবেশী ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এতে ভালো দাম পাচ্ছেন চাষিরা। ইতিমধ্যে অনেক যুবক বেকারত্ব ঘুচিয়েছেন, স্বাবলম্বী হয়েছেন। উপজেলার মরিয়মনগর, চন্দ্রঘোনা, হোছনাবাদ, রাজানগর, লালানগর, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়নের ৪০০ একর জমিতে পানের বরজ রয়েছে। বেলে ও দো-আঁশ মাটিতে উৎপাদন ভালো হয় বলে ইছামতী ও কর্ণফুলী নদীর তীর এলাকায় চাষ হয়েছে বেশি। সাত ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার সরাসরি পান চাষের সঙ্গে জড়িত। উপজেলায় বছরে ১৬-১৭ কোটি টাকার পান উৎপাদন হয়, রপ্তানি হয় প্রায় ১০ কোটি টাকার।চন্দ্রঘোনা ইউনিয়নের কাঁটাখালী গ্রামের চাষি আহমদ সফুর (৪৭) জানান, পান চাষ তাঁর বাপ-দাদার আমলের পেশা। তিনি প্রায় ৬০ শতক জমিতে পানের বরজ করেছেন। প্রতিবছর দুই লাখ টাকার বেশি পান বিক্রি করেন। বরজে সাথি ফসল হিসেবে লাউ, কুমড়া, শিম, মরিচের চাষ করেন। একই গ্রামের মফিজুর রহমান (৪৫) জানান, রোগবালাই থেকে রক্ষার জন্য বরজে সেচের সঙ্গে কপার সালফেট দেওয়া হয়। একবার চারা রোপণ করে চার-পাঁচ বছর ফলন পাওয়া যায়। প্রতিবছর খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা লাভ থাকে। মরিয়মনগরের মরমপাড়া গ্রামের চাষি খায়রুল বশর (৫৬) জানান, পান কিনে ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরসহ সারা দেশে সরবরাহ করেন। এতে তাঁদের সুবিধা হয়।গত রোববার রোয়াজারহাটে কথা হয় পান ব্যবসায়ী মোহাম্মদ হারুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারে পানের ব্যবসা করি। রাঙ্গুনিয়ার বাজার থেকে প্রতি সপ্তাহে দু-আড়াই লাখ টাকার এবং মাসে প্রায় ১৫ লাখ টাকার পান কিনি। ওই পান আমি বিদেশে রপ্তানি করি। রাঙ্গুনিয়ার পান ঢাকা, সিলেট, কুমিল্লা, নোয়াখালীসহ বড় শহরের ব্যবসায়ীরা পাইকারি কিনে নেন। প্রতিবেশী দেশ মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি হয়।’ বাজারে কথা হয় ওহাব মিয়া, বশির আহমদ, আবদুল করিম, এরশাদুর রহমানের সঙ্গে। তাঁরা জানান, ১৯৯০ সালের দিকে চট্টগ্রামসহ বড় শহরের ব্যবসায়ীরা রাঙ্গুনিয়ার বাজার থেকে পান কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তাঁদের মাধ্যমে বিদেশেও রপ্তানি হয়। বর্তমানে ছোট পানের বিড়া বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। ব্যবসায়ীরা প্রতি খাঁচা (এক খাঁচায় ১০০ বিড়া পান থাকে) তিন-চার হাজার টাকায় বিক্রি করছেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, ‘বছরে ১৬-১৭ কোটি টাকার পান উৎপাদন হয়, রপ্তানি হয় প্রায় ১০ কোটি টাকার। পানের বরজে বিটেল ডাইন বাগ, মিলিবাগ, অ্যাফিড ও মাইট নামক ক্ষতিকর কীট আক্রমণ করে। মিলিবাগ পাতার রস চুষে পানের ক্ষতি করে। ম্যালথিয়ন ছিটিয়ে ক্ষতিকর কীট দমন করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানকার চাষিরা শুধু মিষ্টিপানের চাষ করে। কর্ণফুলী ও ইছামতি নদীর তীরের জমিতে পান ভালো জন্মে। শুষ্ক মৌসুমে সেচের অভাবে পানের আকার ছোট হয়, তবে ভালো দাম পাওয়া যায়। বর্ষাকালে দাম কম হলেও আকারে বড় পান উৎপাদন হয়। সব মিলিয়ে এখানকার চাষিরা ভালোই আছেন।’