মূল রচনা: একজন শিল্পীর একক প্রদর্শনী। শিল্পসৃষ্টির পেছনের কথা। শিল্পীরা কি আর দশজন মানুষের মতোই পরিবারের খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করেন? শিল্পীর যিনি জীবনসঙ্গী, তাঁরই বা কেমন জীবন? শিল্পী রফিকুন নবীর সঙ্গে আড্ডায় পাওয়া গেল এমনই সব প্রশ্নের উত্তর
রফিকুন নবী, মুড়ি এবং আড্ডা
তখন সন্ধ্যা। ঢাকা আর্ট সেন্টারের নিচে দেয়াল-লাগোয়া লনের চেয়ারগুলো পূর্ণ। মাঝখানে একটি ছোট্ট টেবিল। তাতে একটি পাত্রে মুড়ি। রফিকুন নবীসহ অন্যরা সেই মুড়ির সদ্ব্যবহার করছেন। বাইরে গাড়ি-রিকশার ঘর্ঘর, টুংটাং। সন্ধ্যার শান্ত নীরবতা নয়, কান ঝালাপালা করে দিচ্ছে সেই শব্দ। তারই মধ্যে চলছে আড্ডা।শিল্পী অশোক কর্মকার ও ফটোসাংবাদিক খালেদ সরকারকে নিয়ে আমরা সেখানে পৌঁছাতেই আড্ডায় বেজে উঠল বিদায়ের সুর। শিল্পী রফিকুন নবী বলেছিলেন, সাড়ে ছয়টার সময় আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা মুড়ি খাব পরে। কথা বলার জন্য সেরা জায়গা হলো গ্যালারি, যেখানে চলছে রফিকুন নবীর একক চিত্র প্রদর্শনী। সিঁড়ি ভেঙে শিল্পী যখন একটি ঘরে গিয়ে স্থিত হলেন, তখন দেয়ালে দেয়ালে ঝুলন্ত ছবিগুলোতে আমাদের চোখ জুড়াল। দর্শকদের অনেকেই শিল্পীকে কাছে পেয়ে সেখানেই গাড়লেন শিকড়। আর আমরা তাঁকে ব্যস্ত রাখলাম প্রশ্নের পর প্রশ্নে।কবে আঁকলেন ছবিগুলো?‘২০১২ সালের জুলাই থেকে এই অবধি। কিন্তু একনাগাড়ে কাজ করার কি উপায় আছে? এই কেউ ফোন করছে, এই কেউ এসে পড়ছে। এসব সামলে নিয়েই কাজ করতে হয়েছে। এই ফোনগুলোই অনেকটা সময় খেয়ে নেয়। বয়সেরও একটা ব্যাপার আছে না! জ্যেষ্ঠ শিল্পীরা চলে যাওয়ায় এখন তাঁদের দায়িত্বগুলোও আমাদের পালন করতে হয়। এখানে প্রধান অতিথি, ওখানে সভাপতি...’ছবিগুলোর দিকে তাকিয়ে একটি ব্যাপার স্পষ্ট হলো, রফিকুন নবীর আঁকার মূল বিষয়বস্তু হলো মানুষ। নানাভাবে মানুষই ঘুরেফিরে আসে বারবার। সামাজিক দায়বদ্ধতা থেকেই কি তাঁর জন্ম?গাঢ় গোঁফের ফাঁক দিয়ে শিল্পীর ঠোঁটে হাসি। ‘এইভাবে আমি বলব না। জেলেদের ছবি আঁকলাম, তাতে কি সামাজিক দায়বদ্ধতা ফুটে ওঠে? এমন প্রশ্ন তুলতে পারে লোক। আসলে একটা দলে কাজ করা, তাতে রঙের নানা ব্যবহার, মানুষগুলো আর একক বৈশিষ্ট্যে থাকে না, মনে হয়, একজনের সঙ্গে একজন লেগে আছে, তাতে একটা গতি পেয়ে যায় ছবি। পানিতে নকশা, লাইন উঠে আসে। এভাবেই কাজ করি। স্টাডি, স্মৃতির মিলনেই চলতে থাকে আঁকা।’তারপর আপনমনেই যোগ করলেন, ‘কোনো একটা বিষয় মাথায় এলেই সেটা অনবরত আঘাত করতে থাকে, আঁকো, আঁকো, আঁকো। তখন স্বস্তি পাওয়া যায় না।’একক প্রদর্শনী করতে হলে ছবি জমাতে হয়, তাই রফিকুন নবী একক প্রদর্শনীর প্রতি আগ্রহী নন। কিন্তু একবার কথা দিয়ে ফেললে ছবি জমাতে হয়। সে বড় ঝক্কি! আমাদের মনে আসা প্রশ্নটি করেই ফেলি, ‘এত ছবি কোথায় রাখেন?’‘আমার বাড়ি সাড়ে তিনতলা। পুরো বাড়িই স্টুডিও হয়ে গেছে। থাকি তো আমরা মোটে দুজন। আমি আর স্ত্রী। তৃতীয় তলায় বড় ছবিগুলো রাখি। সাড়ে তিনতলায় ছোট ছবি। দোতলায় বসে এই পত্রিকা সেই পত্রিকার বায়না মেটাই। একতলায় বসে লেখালেখিটা চালিয়ে যাই। বেচারা গিন্নির (নাজমা নবী) একেবারে কোণঠাসা অবস্থা!’শিল্পীর স্ত্রী মানে কী? ‘বেচারা গিন্নি’ বলছেন, তাহলে তিনি কি শিল্পীর কাছ থেকে শুধুই কষ্ট পান? তিনি কি শিল্পীকে প্রশ্রয় দেন?‘প্রশ্রয় না দিয়ে তো উপায় নেই। শিল্পীদের স্ত্রীরাও যদি শিল্পী হন, তাহলে তাঁদের অবস্থা আলাদা। আর স্ত্রী শিল্পী না হলে শিল্পীর সঙ্গে বসবাস একটু যন্ত্রণাদায়ক তো বটেই। ঘরভর্তি ক্যানভাস, ছবি আর ছবি, অন্য কোনো কাজ নেই...’হঠাৎ যদি ঘরে তেল বা লবণ ফুরিয়ে যায়, তাহলে কি আপনি বাজারমুখী হন?‘আমার বাড়িতে সে ঘটনা নেই। পুরো সংসারই তাঁর। জীবনের শুরুতেই তিনি বুঝে নিয়েছেন, এই কাজগুলো আমাকে দিয়ে হবে না। কিন্তু জানো, কখনো কখনো একেবারে “ফ্যামিলি ম্যান” হয়ে যাই। বহুদিন ছবিটবি আঁকছি না... তখন আবার অন্য রকম সময়।’৪৬ বছর শিক্ষকতা করার পর এখন আর চারুকলায় যাওয়ার বাধ্যবাধকতা নেই। তাই একরকম অখণ্ড অবসরই কাটাচ্ছেন রফিকুন নবী। যখন চাকরি নিয়ে ব্যস্ত ছিলেন, তখন আঁকাআঁকির জন্য বেছে নিতেন সন্ধ্যার পরের সময়টা। এখন অঢেল সময় হাতে। ইচ্ছে হলে বের হন, ইচ্ছে না হলে বের হন না। আর বাইরে বের হওয়ার প্রয়োজন যেন না হয়, তারও কিছু ব্যবস্থা করে রেখেছেন। বেশ রসিকতার সুরেই বললেন, ‘কোথাও যেতে ইচ্ছে না করলে একটা কাজ করি। কাইয়ুম ভাইয়ের কাছ থেকে কিছু ফন্দিফিকির শিখে নিয়েছি, হাউ টু এসকেপ।’কীভাবে কেটে বেরিয়ে যান?‘না, না, সেগুলো বললে তোমরাই পরে আর আমাকে বিশ্বাস করবে না।’ আমাদের অতৃপ্ত মুখগুলো দেখে বুঝি মায়া হয় তাঁর। একটা ফন্দির কথা জানিয়ে দেন, তবে সেটা ছাপা হবে না—এই শর্তে। ছবি আঁকার শুরুটা নিয়ে শিল্পরসিকদের আগ্রহের কথা জানেন শিল্পী। তাই ব্যাখ্যা করলেন সেটাই, ‘বড় হোক, ছোট হোক, যে ছবিই আঁকি না কেন, গুরুত্বের বিবেচনায় সেগুলো সমান। এ ব্যাপারে পিকাসোর একটা কথা মনে করিয়ে দিই, এক শুভানুধ্যায়ী পিকাসোকে প্রশ্ন করেছেন, আপনি ছবি আঁকা শুরু করেন কীভাবে? পিকাসো বললেন, “দেখ ভাই, ক্যানভাসের সামনে যখন বসি, মনে হয়, একটা মহাসমুদ্রের ধারে বসে আছি। জানিই না, এই সমুদ্র পার হব কী করে। তারপর যখন নৌকাটা ভাসাই, একসময় দেখি, হ্যাঁ, পার হয়ে চলে এসেছি।” প্রত্যেক শিল্পীরই একই অনুভূতি। শুরু করতে পারাটাই সবচেয়ে কঠিন কাজ। শুরু হয়ে গেলে গাড়ি চলবেই। গন্তব্যে পৌঁছাবেই।’গন্তব্যে পৌঁছাবেই? তাহলে কি শিল্পীর অতৃপ্তি বলে কিছু নেই? শিল্পীর অতৃপ্তির কথাই তো জানতাম...আমাদের চেহারা দেখে তিনি বোধ হয় বুঝে নেন প্রশ্নটা। তাই বলেন, ‘শোনো, আমাদের সফিউদ্দিন স্যারের কথা বলি। তিনি এঁকে ফেললেন একটা ছবি। তারপর সেটা হয়তো রেখে দিলেন বছর তিনেক। এরপর বের করে দেখলেন, ছবির কিছুই যেন ভাল্লাগছে না তাঁর। আবার সেই কাজের ওপর কাজ করতে থাকলেন। একসময় দেখা গেল, পুরো ছবিটাই বদলে গেছে। আমি কিন্তু একবার আঁকা শেষ করার পর আর সেই ছবির দিকে তাকাই না। ওটা আর ধরি না। একটা কথাই আছে, শিল্পী কোথাও এসে থামবে। থামার জায়গায় কিন্তু কোনো স্টেশন নেই। চেইন টেনে নেমে পড়তে হবে। নইলে অনন্তকাল ধরে ছবিতে কাজ করতে হবে। ঠিক জায়গায় নামাটাই হচ্ছে বড় কথা। অতৃপ্তি থাকবেই। কিন্তু থামাটাও জরুরি।’ছবি আঁকার ঘোরে সমাজ-সংসার ভুলে যান আপনারা। কিন্তু সেই জগৎসংসারই তো আপনাদের আঁকার বিষয়। কীভাবে মেলাতে পারেন?‘সাহিত্য পড়তে হবে, গান শুনতে হবে। ভালো-মন্দ সবই। নইলে ভালো-মন্দ চিনতে পারবে না। আবেদীন স্যারকে দেখে মনে হতো কোনো দিকেই তাঁর নজর নেই। কিন্তু সমাজ সম্পর্কে তাঁর স্টাডি, নানা শ্রেণীর মানুষের সঙ্গে বোঝাপড়া, পড়াশোনা, মানে ক্লাসের পড়া নয়, জীবনের পাঠের কথা বলছি...সব দিকেই ছিল তাঁর নজর। পড়াশোনা ছাড়া শিল্পী নিজেকে মেলে ধরতে পারেন না।’তাহলে গান শুনতে হবে...‘আমি সব ধরনের গান শুনি। গানের ক্ষেত্রে আমি সর্বভুক। পাকিস্তানি আমলে আমাদের খুব কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী আর কনিষ্ঠতম সহকর্মী হিসেবে আমার গানের কালেকশন ছিল বড়। প্রথমে লংপ্লে, তারপর স্টেরিও, এখন তো এমপি-থ্রি। এ সময়ের গানও ভালো লাগে। আমার ছেলে নেমেসিস ব্যান্ডে বাজায়। ওদের গানও ভালো লাগে।’এ সময় ফোন বেজে ওঠে। কথা শুনে বুঝতে পারি, কার্টুন আঁকতে বলা হচ্ছে। তিনি বলছেন, ‘কার্টুন আঁকি না তো দশ বছর হয়ে গেল। দেখি... না পারলে জানিয়ে দেব।’রফিকুন নবীই যে টোকাই-এর স্রষ্টা রনবী, সে কথা কে না জানে! আশপাশে জড়ো হওয়া মানুষ তখন রফিকুন নবীর পেছনে থাকা একটি ছবি দেখছে। একটি সাইকেলের সামনের রডে এক ভদ্রলোক তুলেছেন তাঁর ছেলেকে, পেছনে ক্যারিয়ারে তাঁর মেয়ে। দর্শকদের ঔৎসুক্য দেখে তিনি বললেন, ‘বিষয়টা মজার না? আমরাও তো এভাবে সাইকেল চালিয়েছি। এখনো এ দৃশ্য দেখা যায়। আঁকার আগে পুরো দৃশ্যটা চোখে ভাসে। ওই যে বলছিলাম, স্টাডি আর স্মৃতিই তোমাকে দিয়ে ছবি আঁকিয়ে নিতে পারে।’অন্য কথা বলি। রান্না করেছেন কখনো?‘বিদেশে এক বছর ছিলাম যখন, তখন নিজের হাতে রান্না করতে হয়েছে। কিন্তু সেটা কী বস্তু হতো, তা তো আর বলতে পারব না। কারণ, আমি ছাড়া কেউ খায়নি তা। তবে আমি খেতে পছন্দ করি। আর একটা কথা। আঁকাআঁকিও তো একরকম রান্না করাই। তো সব শিল্পীরই খানাপিনার ব্যাপারে আগ্রহ আছে। যতক্ষণ পর্যন্ত ডাক্তার এসে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে, ততক্ষণ শিল্পীদের খানাপিনা চলতেই থাকে। আর আমার ব্যাপারে বলি, আমি শিল্পী না হলেও খাওয়াদাওয়ার প্রতি আকর্ষণ কমত না। আমার শরীর দেখেই নিশ্চয় তা বুঝতে পারছ।’সমবেত দর্শনার্থীরাও তাঁর কথার ধরনে হাসতে হাসতে লুটিয়ে পড়েন।নিঃসঙ্গতায় ভোগেন না কখনো?‘নিঃসঙ্গতা! বলো কী! এত মানুষ দিয়ে পরিবেষ্টিত থাকি, নিঃসঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ভাইবোনই এগারোটা। আমি আবার সবার বড়। যদি ঠিক করি, বাড়িতে একটা গেট টুগেদার করব, তাহলে গুনে দেখি, একদম কোলে কোলে থাকাগুলোকে বাদ দিলেও সদস্যসংখ্যা হয়ে যায় এক শ পঁচাত্তরজন। বোঝো!’আমজনতার জন্য শিল্পী হওয়ার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন?‘আমাদের শিক্ষকেরা কীভাবে আমাদের শেখাতেন? বলতেন, “দেশটাকে চেন? এই মানুষটা কিংবা এই গরুটা হাড়জিরজিরে কেন? ওরা কী খায়? আর এই মানুষগুলো স্বাস্থ্যবান কেন?” ছাত্ররা কিন্তু দালান আঁকে না। আঁকে কুঁড়েঘর। চালু নৌকা নয়, ভাঙাচোরা জরাজীর্ণ নৌকার ছবি আঁকে। এভাবেই অনুভূতি, দেশকাল, মানুষ, সমাজসংসার শিল্পীর আয়ত্তে আসে।’রফিকুন নবী কথা বলে আনন্দ পাচ্ছিলেন। আরও কথা হতে পারত। কিন্তু ততক্ষণে দর্শনার্থীদের মধ্যে পরিচিত শুভানুধ্যায়ীদের ভিড়ও বাড়ছে। তাই বিদায় নিতে হলো। কিন্তু লনে এসে দেখা গেল, মুড়ির পাত্র ফাঁকা। মুড়ি নেই। তাতে আড্ডার কিছু যায় আসেনি। একজন আপাদমস্তক শিল্পীর কাছ থেকে সরে এলেও তিনি এবং তাঁর ছবিগুলো অনেকক্ষণ অনুরণন তুলতে থাকে আমাদের মনের ক্যানভাসে।