রবার্ট ল্যাংডনের রোমাঞ্চকর অভিযান
‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, উপস্থাপিকা একটু থামলেন, এখন যাকে আপনাদের সামনে হাজির করব, তার পরিচয় নতুন করে আপনাদের সামনে দেওয়ার প্রয়োজন নেই। দ্য সিম্বোলজি অব সিক্রেট সেক্ট, দ্য আর্ট অব দি হলিমুনাই, দ্য লস্ট ল্যাংগুয়েজ অব ইডিওগ্রামস ইত্যাদি জনপ্রিয় বইয়ের লেখক আজ আপনাদের সামনে উপস্থিত। আসছেন হার্ভার্ডের সিম্বোলজি বিদ্যার প্রফেসর রবার্ট ল্যাংডন।’ তুমুল করতালি পড়ল। লন্ডনের অভিজাত এক হোটেলের কনফারেন্স রুম। উপস্থিত দর্শকদের উদ্দেশে ধীরে ধীরে বক্তৃতা দিতে শুরু করল ল্যাংডন। একসময় প্রজেক্টরের সাহায্যে বড় স্ক্রিনে দর্শকদের ছবি দেখাতে শুরু করল ল্যাংডন। ‘দেখতে পাচ্ছেন, প্রথম ছবিতে এক লোক আগুন নিয়ে যাচ্ছে। দ্বিতীয় ছবিতে সে আগুনটি মিসাইল-সদৃশ কামানের নিচে রাখা আছে। তৃতীয় ছবিতে লোকটি খুশিতে নাচছে। এসব ছবি আমি পেয়েছি ভারতের প্রত্যন্ত এক গ্রামে। মাটি খুঁড়ে। বুঝতেই পারছেন, ভারতবর্ষের লোকেরা অনেক আগেই মিসাইল-সদৃশ কামান আবিষ্কার করেছিল।’ তুমুল করতালিতে অডিয়েন্স ফেটে পড়ল। হাততালি থামলে পেছনের সারি থেকে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন, ‘প্রফেসর, আপনার ব্যাখ্যা ভুল। প্রথম ছবিতে লোকটি আগুন নিয়ে যাচ্ছে ঠিকই, তবে কামানের কাছে নয়, হুঁকার কাছে। হুঁকার ছবি উল্টো করে দেখিয়েছেন আপনি। তৃতীয় ছবিতে হুঁকায় টান দিয়ে লোকটা খুশিতে নাচছে।’ গোটা হলরুম অট্টহাসিতে ফেটে পড়ল। অনেক কষ্টে হাসল ল্যাংডন। শুকনো হাসি। দুই. যেমনটি হেসেছিল সে মিস মনিকার কাছে। মিসরে। সেখানে ল্যাংডনের বন্ধু আর্কিওলজিস্ট ইন্ডিয়ানা জোনস তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তার সহকারী আধপৌঢ়া মিস মনিকা ল্যাংডনকে দেখে মুগ্ধ। তার মুগ্ধতা ধরা পড়ল ল্যাংডনের চোখে। ‘আমি আর্কিওলজিস্টদের দারুণ পছন্দ করি।’ মনিকার কণ্ঠে আমন্ত্রণ। তখনো শুকনো হাসি হেসেছিল ল্যাংডন। ‘কেন?’ ‘কারণ, তারা স্ত্রী যত পুরোনো হয়, ততই তাকে বেশি ভালোবাসে।’ ‘আমি আর্কিওলজিস্ট নই ম্যাম, সিম্বোলজিস্ট।’ তার আগ্রহে ঠান্ডা পানি ঢেলে দিল ল্যাংডন। জোনস যে নতুন মমিটা উদ্ধার করেছিল, সেটা দেখেই ল্যাংডন বলল, ‘ব্যাটা হার্ট অ্যাটাকে মরেছে।’ দুদিন পর মিসর মিউজিয়ামের কিউরেটর ওকে ডেকে পাঠালেন, ‘দুনিয়ার কেউ বলতে পারল না, অথচ আপনি কীভাবে বলতে পারলেন যে মমিটা হার্ট অ্যাটাকে মরেছে?’ ‘সহজ, ল্যাংডন উত্তর দিল, মমিটার হাতে ধরা প্যাপিরাসে লেখা ছিল—দশ হাজার স্বর্ণমুদ্রা দৈত্যরা লুট করে নিয়ে গেল। এরপর কি হার্ট অ্যাটাক না করে পারে? তিন. কনফারেন্স থেকে ফিরেই মেইল চেক করল ল্যাংডন। বাংলাদেশ থেকে সাদমান ইসলাম নামে একজন লিখেছে, ‘আমি দিনাজপুরে থাকি। এখানে প্রাচীন সুবিশাল এক দিঘি রয়েছে, যা রামসাগর নামে পরিচিত। পর্যটকেরা দল বেঁধে এখানে বেড়াতে আসে। আমিও কয়েক দিন বেড়াতে গিয়েছিলাম সেখানে। পাশের ঝোপে প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে একটি ডায়েরি কুড়িয়ে পাই। মেইলে অ্যাটাচ করে ডায়েরির পাতাগুলোর ছবি পাঠালাম।’ ডায়েরির পাতাগুলো পড়ে প্রথমে তেমন কিছুই বুঝল না ল্যাংডন। কী মনে করে ইন্টারনেটে কিছু খবর সার্চ করে দেখল। সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠল ও। গত কয়েক মাসে নেপাল ও ঢাকার জাদুঘর থেকে বেশ কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়ে গেছে। ডায়েরিতে সেসব নিদর্শনের নাম ও পাশে সাম্প্রতিক কিছু তারিখ দেওয়া আছে। বোঝাই যাচ্ছে, এসব নিদর্শন চুরি, রামসাগর, ডায়েরি—সব এক সুতোয় গাঁথা! ল্যাংডন ঠিক করল, এ রহস্য উদ্ঘাটন করবে। যাবে ও বাংলাদেশে। আজকের কনফারেন্সে যে সম্মান ও হারিয়েছে তাতে নতুন কোনো আবিষ্কার না করলে হারানো সম্মান আর ফিরিয়ে দেবে না ব্রিটিশ মিডিয়া! চার. বাঙালির বুদ্ধি সম্পর্কে ধারণা তেমন উঁচু নয় ল্যাংডনের। ওর এক বাঙালি ছাত্র ক্যাম্পাসে দেখা হলেই বলে, ‘আপনি ভালো আছেন। আমি কেমন আছি, স্যার?’ এই মুহূর্তে আরেক বাঙালি যুবক সাদমানকে সঙ্গে নিয়ে রামসাগর ভিজিট করছে ল্যাংডন। সাদমান তাকে নিয়ে এসেছে রামসাগরের এক প্রান্তে, যেখানে সে ডায়েরি কুড়িয়ে পেয়েছিল। আর একটু এগোতেই হুড়মুড় করে মাটি ধসে দুজনেই অনেক নিচে পড়ে গেল। চি ৎ কার করার আগেই কার যেন গলা শোনা গেল, ‘এদিকেই তো এল বিদেশিটা। আমাদের আস্তানা দেখে ফেলেনি তো!’ ‘চল, ভালো করে খুঁজে দেখি।’ আরেকজন বলল। ‘দাঁড়া, ছোট কাজটা সেরে নিই।’ পরমুহূর্তে ল্যাংডন আর সাদমানের মাথার ওপর বৃষ্টির মতো গরম পানি পড়তে শুরু করল। দাঁতে দাঁত চেপে সহ্য করল ওরা। ল্যাংডন পেছনে একটা গুহা দেখাল। আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল ওরা। সাদমান পকেট থেকে মোবাইল টর্চ বের করল। আধো আলোতে ধীরে ধীরে গুহার পথ পাড়ি দিচ্ছে ওরা। একটু পরেই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল দুজন। বোঝাই যাচ্ছে, রামসাগরের ভূমি থেকে অনেক নিচে রয়েছে ওরা। পাঁচ.হঠা ৎ চোখ ধাঁধিয়ে গেল দুজনের। ওদের সামনে আলোকিত হয়ে দাঁড়িয়ে আছে এক মন্দির। ‘রামসাগরের নিচে মন্দির আছে শুনেছি। ফিসফিস করে বলল সাদমান; আজ দেখছি ব্যাপারটা সত্যি!’ ‘শুধু সত্যি না। চোরাকারবারিরা এটা ব্যবহারও করছে, ল্যাংডন বলল, ‘চলো, খুঁজে দেখি।’ দুজনে সামনে এগোল। মন্দিরের বাঁ পাশে ঘরটাতে ঢুকতেই নজরে পড়ল অসংখ্য চিত্রকর্ম, যার অনেকগুলোই ঢাকা জাদুঘর থেকে চুরি হয়েছে। ডানদিকের ঘরে ঢুকতেই ল্যাংডন ফাঁদে পা দিল। তার আর্তচি ৎ কার মিলিয়ে যাওয়ার আগেই সাদমান দেখল, ল্যাংডন উল্টো হয়ে অনেক উঁচুতে ঝুলছে। সাবধানে সাদমান ফাঁদ পার হলো। তারপর ঘরের চারদিকে নজর বুলাল। এ ঘরে শুধু কষ্টি পাথরের মূর্তি। ছোট্ট একটা বিষ্ণুমূর্তি পকেটে ঢোকাল ও। প্রমাণ হিসেবে সঙ্গে থাক। এরপর পকেট থেকে নাইফ বের করে ল্যাংডনের দড়িটা কাটতে শুরু করল। দড়িটা কাটাও হলো আর পেন্ডুলামের মতো দুলতে দুলতে ল্যাংডন তার ভারী শরীরটা নিয়ে সাদমানের ওপর পড়ল। দুজনে গড়াতে গড়াতে ঘরের কোনায় পৌঁছে গেল। হাঁচড়ে-পাঁচড়ে উঠে পড়ল ল্যাংডন। ওঠার সময় টেরই পেল না কোন শেকল ধরে টানল ও। পরমুহূর্তে প্রচণ্ড জোরে সাইরেন বাজতে শুরু করল। বোকার মতো হাতের শিকলটার দিকে তাকাল ল্যাংডন। সম্বি ৎ ফিরতেই দুজনে দৌড় দিল। ফিরতি পথ ধরতে গিয়ে টের পেল, কারা যেন ছুটে আসছে উল্টো দিক দিয়ে! নিশ্চয়ই চোরাকারবারিরা! ঘুরে মন্দির পার হয়ে আরও ভেতরে ঢুকে গেল দুজনে। জানে না কোথায় গন্তব্য! কোন অন্ধ গলি দিয়ে যে কোন দিকে দৌড়াল দুজন টের পেল না। হঠা ৎ সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। হোঁচট খেয়ে একটা ট্রলির ওপর পড়ে গেল দুজন। ট্রলি দৌড়াতে শুরু করল। অনেক দূরে সাদা আলো দেখা যাচ্ছে। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই খোলা গুহার মুখ দিয়ে উড়ে গিয়ে অনেক নিচে নদীর বুকে আছড়ে পড়ল ট্রলিসহ ওরা দুজন। আর কিছু মনে নেই ওদের। ছয়. কাদার মধ্যে পড়ে থাকা অবস্থায় জ্ঞান ফিরল ল্যাংডনের। চারপাশে বন্দুকের নল! বিএসএফ! পরদিন ভারতীয় পত্রপত্রিকায় শিরোনাম ছিল ‘সীমান্তে বিদেশিসহ এক বাংলাদেশি প্রত্নপাচারকারী গ্রেপ্তার করেছে বিএসএফ।’ সাদমানের কাছে মূর্তিটা থেকে গিয়েছিল! পাচারকারীদের ধরতে এসে নিজেরাই পাচার হয়ে বসে আছে! বিশ্বজি ৎ দাস প্রভাষক, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। (ড্যান ব্রাউনের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)