
২০০৬ সালের মাঝামাঝি। ফুটবল বিশ্বকাপ চলছিল। ক্লাস নাইনে পড়ি। অনেকের মতো আমিও আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সাপোর্টার। সেটা কি রবার্তো আবোন্দানজিয়েরির জন্য? আর্জেন্টাইন এই গোলরক্ষক তখন আমার স্বপ্নজগতের মানুষ। আর্জেন্টিনার খেলার সময় পুরো টিভি স্ক্রিনে শুধু তাঁকেই খোঁজে আমার চোখ। এমন এক খেলায় আর্জেন্টিনা মুখোমুখি জার্মানির। খেলা চলছে। মাঝামাঝি সময়ে হঠাৎ এক স্ট্রাইকারের কিক করা বল এসে লাগে রবার্তোর পেটে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রবার্তো। স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
ব্যস, আমার কান্নাকাটি কে দেখে! আব্বু-আম্মুর সামনে বসেই অঝোরে চোখ বেয়ে পানি পড়তে থাকল। খেলা দেখা তো দূরের কথা, দুই দিন খাওয়াদাওয়াও ঠিকমতো করিনি। সারা দিন খবর দেখতাম যদি রবার্তোর কথা কিছু বলে। নাহ্, কোনো হদিসই পেলাম না। দুই দিন পর স্কুলে গিয়ে শুনি তার কিডনি পাংকচার হয়ে গেছে। বাঁচানো যাবে না। আমার পুরো দুনিয়া যেন ভেঙে পড়ছিল। রসায়নের ল্যাবরেটরি ক্লাসে স্যার আমাকে বলেছিলেন, ‘ফাহমিদা, কোনো সমস্যা?’ আমি শুধু ‘না’ বলে মাথা নাড়াই।
স্কুল থেকে বাসায় ফিরে নাওয়া-খাওয়া ছেড়ে সেই যে ঘরে ঢুকি আর কিছুই করতে ইচ্ছে করছিল না। আম্মু তো আমাকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। সারা রাত কারও সাথে কথা বলিনি। পরদিন ছিল শুক্রবার। সকালবেলায় আব্বুর ডাক। তাঁর ঘরে যাই। তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি সোনার হরিণ পেয়েছেন। কিন্তু না, আব্বুর হাতে প্রথম আলো পত্রিকা। মধ্যের একটি পৃষ্ঠা বের করে বললেন, ‘তাড়াতাড়ি পড়।’ দেখি লেখা রয়েছে ‘রবার্তোকে নিয়ে গুজব’।
আসলে তাঁর তেমন কিছু হয়নি, সাধারণ আঘাত পেয়েছেন, কিছুদিন পরেই ঠিক হয়ে যাবেন। যখন সংবিৎ ফিরে এল দেখি আব্বু আমার দিকে তাকিয়ে আছেন। আর আমি প্রথম আলোর মাঝে নিজের লাজুক মুখটা যথাসম্ভব লুকানোর চেষ্টা করছিলাম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা