রবি চন্দ্র চাকমার সাহায্যে এগিয়ে এলেন দুই ব্যক্তি

৭৫ বছর বয়সী রবি চন্দ্র চাকমার এক পা অকেজো হওয়ায় চলাফেরা করতে পারেন না। চিরকুমার এই বৃদ্ধের শেষ চাওয়া বয়স্ক ভাতার একটি কার্ড। তবে বয়স্ক ভাতা বরাদ্দের আগেই খাগড়াছড়ির দীঘিনালার জুরাপানি ছড়া গ্রামের এই বৃদ্ধের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন রাজধানী ঢাকার দুজন ব্যক্তি। তাঁদের একজন হলেন মুক্তিযোদ্ধা আব্দুল হক বীর বিক্রমের ছেলে সাইফুল ইসলাম, অন্যজন অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সভাপতি আরিয়ান আলী।
সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ স্বাধীন দেশে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি পড়ে রবি চন্দ্র চাকমার জন্য খারাপ লাগছে। আমি তাঁর চিকিৎসার জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেব।’ অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিয়ান আলী মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি রবি চন্দ্র চাকমার গ্রামের বাড়িতে যাবেন। তাঁকে দীর্ঘমেয়ািদ কোনো সাহায্য দেওয়া যায় কি না, সেটা দেখবেন।
রবি চন্দ্র চাকমার বোনের স্বামী জ্ঞান সেন চাকমা বলেন, প্রথম আলোয় রবি চন্দ্র চাকমাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পর ঢাকা থেকে দুই ব্যক্তি ফোন করে খবর নিয়েছেন। তাঁরা তাঁকে সাহায্যও করতে চেয়েছেন।
উল্লেখ্য, ২৭ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রাম’ পাতায় ‘অন্তিম চাওয়া একটি বয়স্ক ভাতার কার্ড’ শিরোনামে রবি চন্দ্র চাকমাকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।