রবিতে তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। বহুজাতিক এই প্রতিষ্ঠানেকাজ করার স্বপ্ন দেখেন দেশের অনেক তরুণ। রবিতে কাজের সুযোগ পেতে হলে তরুণদের কীভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে সম্পর্কে চাকরিবাকরির সঙ্গে কথা বলেছেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।

রবির আকার দ্রুত বাড়ছে। তরুণ ও মেধাবীদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে l ছবি: রবির সৌজন্যে
রবির আকার দ্রুত বাড়ছে। তরুণ ও মেধাবীদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে l ছবি: রবির সৌজন্যে

চাকরিবাকরি: রবির চাকরিতে তরুণদের অগ্রাধিকার কেমন?
মতিউল ইসলাম নওশাদ: রবির আকার দ্রুত বাড়ছে। তরুণ ও মেধাবী গ্র্যাজুয়েটদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে এখানে। তরুণ মেধাবীদের সবচেয়ে বেশি নিয়োগ দিয়ে থাকে রবি। রবির ৬০ শতাংশ কর্মকর্তার বয়স ৩৫ বছরের কম।
চাকরিবাকরি: বছরে রবিতে নতুন কত জন নিয়োগ পান?
মতিউল ইসলাম নওশাদ: রবি প্রতিবছর গড়ে ১৭০-১৮০ জন কর্মী নিয়োগ করে থাকে। ২০১৪ সালে রবি ১৭০ জন কর্মী নিয়োগ দিয়েছে। এঁদের মধ্যে ৮০ শতাংশই শুরুর পদে নিয়োগ পেয়েছেন। রবিতে এই পদের নাম ‘স্পেশালিস্ট’। নতুন গ্র্যাজুয়েট ও কয়েক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা স্পেশালিস্ট পদের জন্য বিবেচিত হন।
চাকরিবাকরি: নতুন বা ফ্রেশারদের (এন্ট্রি লেভেলে) কোন কোন সেক্টরে কাজের সুযোগ আছে?
মতিউল ইসলাম নওশাদ: চাহিদা অনুযায়ী রবির সব বিভাগেই কমবেশি নতুনদের কাজের সুযোগ আছে। তবে নতুনদের সাধারণত মার্কেট অপারেশন, টেকনোলজি ও ফিন্যান্স বিভাগে কাজের বেশি সুযোগ দেওয়া হয়।
চাকরিবাকরি: কোন কোন পদে নতুনদের নেওয়া হয়?
মতিউল ইসলাম নওশাদ: সব বিভাগেই রবির শুরুর পদটি হচ্ছে স্পেশালিস্ট। এ ছাড়া ‘ইয়াং ট্যালেন্ট প্রোগ্রামের’ আওতায় নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়েছে রবি। ২০১২ সালে রবি এই উদ্যোগ গ্রহণ করে। নতুন গ্র্যাজুয়েটদের জন্য টেলিযোগাযোগ কোম্পানিগুলোর মধ্যে রবিই প্রথম এমন একটি কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ারের সুযোগ তৈরি করে দেয় রবি।
চাকরিবাকরি: এসব পদের কোনটির জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে?
মতিউল ইসলাম নওশাদ: স্পেশালিস্ট পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন করা থাকতে হবে। ব্যবসায় শিক্ষা ও প্রযুক্তির ওপর স্নাতকদের রবি অগ্রাধিকার দিয়ে থাকে। তবে অন্যান্য বিষয়ের ওপর স্নাতকদেরও সুযোগ রয়েছে এখানে।
চাকরিবাকরি: কেউ যদি ভবিষ্যতে রবিতে কাজ করতে চায়, তাহলে কোন বিষয়ে পড়লে সুবিধা হবে?
মতিউল ইসলাম নওশাদ: রবির কার্যক্রমের ক্ষেত্রে মার্কেটিং, প্রকৌশল (ইইই/সিএসই/সিভিল), ফাইন্যান্স, ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা ও ই-কমার্সে স্নাতকে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া অন্যান্য বিষয়, যেমন ইংরেজি, সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সুযোগ পেয়ে থাকেন।
চাকরিবাকরি: পড়ালেখার পাশাপাশি কোন ধরনের প্রশিক্ষণ নিলে আপনারা তা গুরুত্ব দেবেন?
মতিউল ইসলাম নওশাদ: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রার্থীর মাঝে রবি ভালো উপস্থাপনার দক্ষতা, দলগত কাজের সক্ষমতা ও যোগাযোগ দক্ষতাকে মূল্যায়ন করে থাকে। পড়াশোনার পাশাপাশি বাড়তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারলে সেটাকেও প্রার্থীর বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া যাঁদের পেশাগত বিভিন্ন কোর্স, যেমন: এসিসিএ, সিআইএমএ, সিআইএসসিও ইত্যাদি সনদ আছে, তাঁদের আবেদন করতে উৎসাহিত করা হয়।
চাকরিবাকরি: নতুনদের নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হয়?
মতিউল ইসলাম নওশাদ: রবি নতুন স্নাতকদের সৃজনশীলতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও চিন্তার দক্ষতা এই কয়েকটি বিষয় দিয়ে যাচাই করে থাকে। নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগে সাক্ষাৎকারের সময় তাঁর ব্যবহার, শারীরিক ভাষা এবং ওই পদের জন্য তাঁর আগ্রহও যাচাই করা হয়।
চাকরিবাকরি: চাকরি প্রার্থী রবিতে নিয়োগের বিষয়ে কীভাবে জানবেন?
মতিউল ইসলাম নওশাদ: স্থায়ী ও অস্থায়ী উভয় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি রবির ওয়েবসাইটে দেওয়া হয় (www. robi. com. bd/en/career)। এ ছাড়া রবির লিংকডইন পেজেও চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়।
সাক্ষাৎকার নিয়েছেন: আশরাফুল ইসলাম