রবিনের উদ্ধার করা ১৫টি সাপ চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

‘সাপের বন্ধু’ ফজলে রাব্বি রবিনের উদ্ধার করা ১৫টি সাপ ১৭ নভেম্বর লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ছিল গোখরা সাতটি, দাঁড়াশ একটি, সবুজ বোড়া দুটি, ঘরগিনি দুটি, লাউডগা দুটি ও আনচারা একটি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এস এম গোলাম মওলা, সহকারী বন সংরক্ষক আবদুর রহমান ও রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার।
রবিন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। কোথাও সাপের সন্ধান পেলে ডাক পড়ে তাঁর। তিনি অসুস্থ সাপগুলো উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রেখে শুশ্রূষা করে সুস্থ করে বনে ছেড়ে দেন। এ নিয়ে ৮ নভেম্বর প্রথম আলোর আমার চট্টগ্রাম-এ ‘সাপের বন্ধু রবিন!’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রবিন জানান, অবমুক্ত করা প্রত্যেকটি সাপ উদ্ধারের সময় কিছুটা অসুস্থ ছিল। কোনো কোনোটি আঘাতও পেয়েছে। চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করা হলো। দীর্ঘদিন খাঁচায় থেকে হঠাৎ প্রাকৃতিক পরিবেশ পেয়ে সাপগুলো দ্রুত বনে মিলিয়ে যায়।
সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান জানান, সাপগুলো চুনতি অভয়ারণ্যের খুব ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্য রয়েছে এবং প্রাকৃতিকভাবে বংশ বৃদ্ধি হবে।