রবির আলোয় শান্তিনিকেতনে
আজ ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। তাঁর গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিনিকেতনের ক্যাম্পাস-জীবন নিয়ে লিখেছেন সেখানকার একজন বাংলাদেশি শিক্ষার্থী

সবুজে ঘেরা এক শান্তির নীড় আমাদের ক্যাম্পাস। হয়তো এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছিলেন শান্তিনিকেতন। আপনারা যেদিন এই লেখা পড়ছেন, সেদিন ২৫ বৈশাখ, কবিগুরুর ১৫৫তম জন্মজয়ন্তী। আমি লিখতে বসেছি ২১ বৈশাখে। আমাদের বিশ্বভারতীতে এখন প্রস্তুতি চলছে নানা আয়োজনের।
আমি শান্তিনিকেতনে স্নাতকোত্তর প্রথম বর্ষে পড়ছি, ভাস্কর্য বিভাগে। এখানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১০০-র বেশি। কীভাবে এখানে আমার ঠিকানা হলো? রাবীন্দ্রিক পরিবেশে আমরা কেমন আছি? সে গল্পই আজ বলব।
যেভাবে এখানে
ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম গত বছর জুলাই মাসে। আমার এখানে আসার পেছনের গল্পটা বলি—
শান্তিনিকেতন শব্দটা ছোটবেলা থেকেই শুনে এসেছি। শুনেছি এটা শিল্পচর্চার প্রাণকেন্দ্র, আগ্রহটা তখন থেকেই। দেশের বাইরে পড়ার খুব ইচ্ছে ছিল। আর শিল্পের প্রতি টান? সে তো আজন্মের। আমি ছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। বিষয়—ভাস্কর্য। একটা মেয়ের পক্ষে ভাস্কর্য নিয়ে পড়ার রাস্তাটা কখনোই মসৃণ ছিল না, এখনো নেই। একশ্রেণির মানুষ সব সময় নিরুৎসাহিত করত। কিন্তু পরিবারের উৎসাহ আর আমার আত্মবিশ্বাস ছিল বলেই আজ এখানে পৌঁছেছি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক-বিষয়ক সংগঠন ‘নৈয়ায়িক’, আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণূতা’ ও মুক্তিযুদ্ধ গবেষণা-বিষয়ক সংগঠন ‘চেতনা ৭১’-এর সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। খুলনায় পড়াশোনা করেছি তাই বাইরের শহরগুলোর সঙ্গে যোগাযোগ কম ছিল। অনেকে অতটা দামও দিতে চাইত না। পরে আমি যখন তৃতীয় বর্ষের শেষের দিকে, তখন প্রথম ঢাকাকেন্দ্রিক প্রদর্শনীগুলোতে অংশ নিতে শুরু করি। প্রথমেই অংশ নিলাম ১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে, আমার একটি ভাস্কর্য স্থান পেল সেখানে। একই বছর ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে সুযোগ পেয়েছিল আমার তৈরি তিনটি ভাস্কর্য। তবে সবচেয়ে বড় অর্জন ১৬তম এশীয় চারুকলা প্রদর্শনীতে আমার ভাস্কর্যের স্থান পাওয়া। এভাবে ধীরে ধীরে পরিচিতির সীমানাটা দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। স্নাতকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এরপরই আবেদন করলাম শান্তিনিকেতনের জন্য। শুরু হলো একটা নতুন যাত্রা!
আলোয় ভুবন ভরা
অদ্ভুত ব্যাপার হলো, এখানে শিক্ষকদের দাদা বলে সম্বোধন করতে হয়। শুরুতে আমার খুব অস্বস্তি হতো। আরও মজার অভিজ্ঞতা হয় ‘থিওরি ক্লাস’ করতে গিয়ে। এর আগে আমি কখনো মেঝেতে বসে ক্লাস করিনি। তবে সবচেয়ে বেশি ভালো লাগার দিন ছিল এ বছর ভাষা দিবসটি। দেশের বাইরে প্রথম আমার মাতৃভাষা বাংলাকে সম্মান জানাতে দেখেছি। যখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি বাজছিল প্রভাতফেরিতে, অন্য রকম ভালো লাগা কাজ করছিল। এখানে ভাষা দিবসের একটি প্রদর্শনীতে আমার একটি ভাস্কর্যও স্থান পেয়েছিল।
শান্তিনিকেতন আসলেই অন্য রকম একটা শৈল্পিক জায়গা। আমার কাছে একদম আপাদমস্তক রাবীন্দ্রিক মনে হয়। অবসর সময়ের বেশির ভাগ কাটে দেশের গান শুনে, ‘জাগরণের গান’ অ্যালবামটা খুব শোনা হয়। রবীন্দ্রনাথের গান তো আমাদের ঘিরেই রেখেছে। এ ছাড়া নজরুলের গান শুনি, কখনো মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখি, কবিতা পড়ি।
আমাদের গল্প
এখানে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। মজার ব্যাপার হলো, এখানে ভারতীয়রা বাংলাদেশিদের বিদেশি মনে করে না, ভাবে প্রতিবেশী। ওরা আমাদের শাড়ি, টি-শার্ট আর গামছার ভীষণ ভক্ত।
আড্ডার ছলে আমাদের বাংলাদেশিদের সবার কথা একটাই—দেশকে মিস করি ভীষণ। কখনো বিকেলবেলা চাতালে জমে আড্ডা-গান। আমরা দলবেঁধে কোপাই, খোয়াইয়ের সোনাঝুড়ির বন, শনিবারের হাট, রতনপল্লি, শ্যামবাটি, ক্যানেলপাড় কিংবা ভুবন ডাঙার বুকজুড়ে ঘুরে বেড়াই। ইচ্ছে হলেই যাই গীতাঞ্জলি সিনেমা হলে। কখনো একছুট দিই এসবিআই মোড় কিংবা অরশ্রী মার্কেটে। সব মিলিয়ে আমরা বেশ আছি।