
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস উপলক্ষে নাচ ও গানের ছন্দে কবিগুরুকে স্মরণ করে চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীরা। ৮ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘রবির আলো’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে আনন্দধ্বনি। এতে ছিল কথামালা, বর্ষার গান ও সাগরিকা গীতিনাট্যের পরিবেশনা।
সন্ধ্যা সাতটায় অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতে কথামালা। মঞ্চে আসেন কবি অরুণ দাশ ুপ্ত ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চট্টগ্রাম কার্যালয়ের শাখা ব্যবস্থাপক দেবাশীষ নন্দী। বক্তারা বলেন, বাঙালির প্রাণ ও মননের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর আগে মানবতার এমন সর্বাঙ্গীন ও পরিপূর্ণ বিকাশ কখনো হয়নি। তাই তাঁর জীবনকে একটি মাত্র জীবন না বলে জ্ঞানভান্ডারের একটি প্রতিষ্ঠান বলা যায়। তাঁর সকল লেখায় জাতি পেয়েছে শক্তি, ঐশ্বর্য আর নতুন প্রাণের প্রেরণা।
কথামালা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনায় রবীন্দ্রনাথকে স্মরণ। প্রথম পর্বে বর্ষার গান পরিবেশন করেন আনন্দধ্বনির শিল্পীরা। সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’, ‘আজি শ্রাবণঘনগহন মোহে’, ‘পুব–হাওয়াতে দেয় দোলা’, ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’, ‘মন মোর মেঘেরও সঙ্গী’সহ আটটি গান।
এবার নৃত্যের ঝংকার। কবিগুরুর সাগরিকা গীতিনাট্যে মেতে ওঠে পুরো মিলনায়তন। মঞ্চের একদিকে গানের সুরে নাটকের কাহিনি তুলে ধরেন আনন্দধ্বনির শিল্পীরা। অন্যদিকে নৃত্যছন্দে তাঁর রূপায়ণ করেন ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের শিল্পীরা। ‘তাঁর হাতে ছিল হাসিরও ফুলেরও হার’ গানের মাধ্যমে শুরু হয় গীতিনাট্য। এ ছাড়াও ‘হে ÿক্ষণিকের অতিথি’, ‘আমি চিনি গো চিনি তোমারে’, ‘তোমার গোপন কথাটি’ গানগুলো হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। গীতিনাট্যের পরিবেশনা শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় আয়োজন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দধ্বনি চট্টগ্রামের প্রধান ওস্তাদ মিহির কুমার নন্দী।